স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগামী রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে তার আগে কিউই শিবিরে দুঃসংবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসরের দ্বিতীয় সেমিফাইনালে খেলার সময় চোট পেয়েছেন পেসার ম্যাট হেনরি। ফলে ফাইনালে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গতকাল বুধবার প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান হেনরি। ক্যাচটি সফল ভাবে ধরলেও চোট এড়াতে পারেননি হেনরি। মাঠেই ছটফট করতে থাকেন। ফিজিও এসে চিকিৎসা করার সময়ও বেশ অস্বস্তিতে দেখাচ্ছিল তাকে। এক সময় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।
এর কারণে পুরো ওভার বলও করতে পারেননি হেনরি। ১০ ওভারের বদলে মাত্র সাত ওভার বল করেছেন। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের পর হেনরির সম্পর্কে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, ‘ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।’
এদিকে হেনরি খেলতে না পারলে সুবিধা হবে ভারতের। গত রবিবারের সাক্ষাতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে ভারতের পাঁচ ব্যাটারকে ফেরান। সেটাই তার ক্রিকেটজীবনের সেরা বোলিং ফিগার। হেনরি না খেললে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন রোহিত শর্মারা।











































