স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের কঠিন মুহূর্তে হাল ধরেন তাওহিদ হৃদয়। দলের ক্রান্তি কাটিয়ে অভিষেক সেঞ্চুরির দেখাও পান এই ব্যাটার। তবে পরাক্রমাশালী ভারতের সামনে ঠিক চ্যালেঞ্জিং স্কোর জমা করতে পারেনি বাংলাদেশ। জবাবে সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমান গিল। আর তাতেই চ্যাম্পিয়নস ট্রফিতে বড় স্বপ্ন নিয়ে গিয়েও শুরুতেই ধাক্কা খেল টাইগাররা। ৬ উইকেটের বড় ব্যবধানে হারল লাল-সবুজের দল।
আজ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪৯.৪ ওভারে মাত্র ২২৮ রানের পুঁজি পায়। লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ও ২১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শিরোপা জেতার প্রত্যাশা নিয়ে দেশ ছাড়া টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাকে ভুল প্রমাণিত করেন টপঅর্ডাররা! তিনি নিজেও ভুল পথে পা মাড়ান। ব্যাটিংয়ের উদ্বোধন করতে নেমে কোনো রান করার আগেই ফেরেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তিনে নেমে কোনো রান করতে পারেননি শান্ত নিজেও। ২ রানের মধ্যেই ২ উইকেট হারানো দলে পরিণত হয় বাংলাদেশ। সৌম্যকে শামি ও শান্তকে শিকার বানান হরষিত রানা।
তৃতীয় উইকেটে কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করে তানজিদ ও মেহেদী হাসান মিরাজের জুটি। তবে টিকতে পারেননি মিরাজ। দলীয় ২৬ রানে রানার বলে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। বাকিরা ব্যর্থ হলেও দারুণ সব শটে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ। তবে ভারত স্পিন আক্রমণ শুরু করলে তারও অক্কা ঘটে।
অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ২৫ বলে ৪টি চারে ২৫ রান করেন তিনি। পরের বলেই সেই একইভাবে উইকেট দিয়ে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। ৩৫ রানের ৫ উইকেট হারানো দলকে এরপর আলোর পথ দেখান হৃদয় ও জাকের। দুজনে মিলে যোগ করেন ১৫৪ রান। ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটিতে যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ওয়ানডেতে ভারতের বিপক্ষেও এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
১১৪ বলে ৬৮ রান করে বিদায় নেন জাকের। তবে ব্যাট চালিয়ে যান হৃদয়। ১১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় রান আর বাড়াতে পারেননি। আগের ৩৩ ওয়ানডেতে ৭ বার ফিফটি করলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার শতকের দেখা পান ২৪ বছরের এই তরুণ। তবে শেষদিকে বারবার ব্যথায় কুঁকড়ে গেছেন তিনি। জাকেরের আউটের পর শেষের দিকের ব্যাটারদের মধ্যে কেবল দুই অঙ্কের ছোঁয়া পেয়েছেন রিশাদ হোসেন। ১২ বলে ১টি চার ও ২ ছক্কায় ১৮ রান করেন তিনি।
ভারতের হয়ে ৫টি উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া রানা ৩টি ও অক্ষর প্যাটেল নেন ২টি উইকেট।
২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৬৯ রান যোগ করেন রোহিত ও গিল। এরপর ৪১ রান করা রোহিতকে ফেরান তাসকিন আহমেদ। রিশাদ হোসেনের বলে কোহলি (২২ রান) ফেরেন ১১২ রানে। দলীয় ১৩৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন শ্রেয়াস আইয়ার (১৫), মোস্তাফিজুর রহমানের বলে। অক্ষর প্যাটেলকেও বেশিক্ষণ টিকতে দেননি দারুণ বল করা রিশাদ। নিজেই ক্যাচ নিয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরান এই বাঁহাতিকে।
তবে ম্যাচের বাকি গল্পটা শুধুই গিল ও লোকেশ রাহুলের। তারা ৯৮ বলে ৮৭ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১২৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান ডানহাতি গিল। তিনি শেষ পযন্ত ১২৯ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনি। রাহুল ৪৭ বলে একটি চার ও ২টি ছক্কায় ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন।
টাইগার বোলারদের মধ্যে রিশাদ ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।











































