Home আঞ্চলিক ঝিনাইদহে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে ৪৩৮ বিদ্যালয়

ঝিনাইদহে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে ৪৩৮ বিদ্যালয়

8


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের ৪৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। এছাড়াও পদশূন্য রয়েছে ১৭৮টি সহকারি শিক্ষকের। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা চরম ভাবে ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের হিসেব অনুযায়ী, ঝিনাইদহের ৬ উপজেলায় ৯০৭ টি সরকারি প্রাথমকি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়গুলোর মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ আছে ৯০৫ টি। এসব পদের মধ্যে শুধু ৪টি বিদ্যালয়ে এখনো প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়নি। বাকি সব অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৪৬৯ জন প্রধান শিক্ষক।
বাকি ৪৩৮টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই কার্যক্রম চলছে। জেলার ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে অন্তত ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে ছাত্রী রয়েছে ৯৫ হাজার ৭১৩ জন।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে কর্মরত আছেন ৫ হাজার ২৩৫ জন।
সহকারি শিক্ষকের অনুমোদিত পদ ৪ হাজার ৯৭৫ টি। যার মধ্যে এখন শূন্য রয়েছে ১৭৮ জন শিক্ষক। এ ছাড়া বিদ্যালয় পরিচালনার জন্য ৩৫টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) পদ রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন ৩০ জন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা। ওই ৫টি পদ অন্তত তিন বছরের অধিক সময় ধরে শূন্য রয়েছে।
জানা যায়, শৈলকুপা উপজেলায় প্রধান শিক্ষকের ১৮১ টি পদের মধ্যে ১০৩টি, হরিণাকুণ্ডু উপজেলায় ১৩৫ টির মধ্যে ৬০টি, সদর উপজেলায় ২১৫ টির মধ্যে ১১৭ টি, কালীগঞ্জ উপজেলায় ১৫০ টির মধ্যে ৭৫ টি, কোটচাঁদপুর উপজেলায় ৭৪ টির মধ্যে ৩৮ টি ও মহেশপুর উপজেলায় ১৫২ টির মধ্যে ৪৫ টি দীর্ঘদিন ধরেই শূন্য।
জেলার হরিণাকুণ্ডু, শৈলকূপা ও সদর উপজেলার অন্তত ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ক্লাস নিতে একসঙ্গে সহকাররি শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্বৈত দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন করতে অনেককে বেশ বেগ পোহাতে হয়।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ‘প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলো অনেকটা ঝিমিয়ে পড়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এতে করে আমাদের সন্তানেরা বিদ্যালয়ে ঠিকমতো লেখাপড়া করতে পারে না।’
সদর উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দত্ত বলেন, ‘অফিসের কাজে আমি বাইরে গেলে অন্য শিক্ষকদের ক্লাসের দায়িত্ব দিয়ে যাই। এতে করে প্রতিনিয়ত ঝামেলায় পড়তে হয় আমাদের। শিক্ষার্থীদের যথাযথ সময় আমরা দিতে পারি না । ফলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হয়।’
হরিণাকুণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহী মো. ইমরান বলেন, ‘সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণি ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। গেল ১০ বছর ধরে শিক্ষকদের পদোন্নতির বিষয়টি আটকে রয়েছে। এ কারণে শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। ফলে অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা কালের কণ্ঠকে বলেন, ‘জেলার ৪৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ১৭৮ টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘শূন্য পদগুলো খুব দ্রুতই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। অনলাইনে বদলি প্রক্রিয়া চলছে, তাই শূন্য পদগুলো খুব দ্রুত পূরণ হবে বলে আশা করছি।’