Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

20
জেবরিনা হলিহক ফুল। কিংডম গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট বাগান, রাঙামাটি

আশা’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প
পিরোজপুর প্রতিনিধি
আশা’র প্রতিষ্ঠাতা প্রয়াত মোঃ শফিকুল হক চৌধুরী এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প, দোয়া ও ফিজিওথেরাপি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার পিরোজপুর শহরের বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা আশা এনজিও এর ফিজিওথেরাপি সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সেবা গ্রহীতাদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি সরঞ্জামও বিনামূল্যে সরবরাহ করা হয়।
আশা’র পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ হাফিজুর রহমান এর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা পিরোজপুর বিভাগের ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ আব্দুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর- ১ শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ সফিকুল ইসলাম, ফিজিওথেরাপি কেন্দ্রের ফিজিওথেরাপি চিকিৎসক ডাঃ মোঃ হাবিবুর রহমান ও ডাঃ তাপসী আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্ত সেবা গ্রহীতারা।

হত্যা মামলার দুই সাক্ষীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
মহেশপুর প্রতিনিধি
মোটর সাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দুই সাক্ষীরকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে,হত্যা মামলার আসামীরা । এ ঘটনায় গুরুত্বর আহত দুই ভাইকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বুধবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলা বাজার নামক স্থানে এ হত্যারচেষ্টার ঘটনা ঘটে। হত্যাচেষ্টার স্বীকার দুই ভাই যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের মৃতঃ নুর-ইসলামের ছেলে হাসান ও আজিজুল।
স্থানীয়রা জানান,বুধবার সকালে উপজেলা যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের মৃতঃ নুর-ইসলামের ২ ছেলে মোঃ হাসান ও আজিজুল বাড়ি থেকে মহেশপুর আসার পথে সোহাগের দোকানে মোটর সাইকেলে তেল নেওয়ার সময় পূর্বজের ধরে বিচারাধীন একটি হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে এসে খুলনা আলামিন,ভৈরবার লিটন,মান্দারতলা আশিক ২ জনকে এলোপাতারি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দ্রুত বাজারের লোকজন তাদের মহেশপুর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা গুরুত্বর দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠায়। তারা আরও বলেন হাসান ও আজিজুল গত ২৩ সালে ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ঐ মামলার আসামীরা জেল থেকে বেরিয়ে এসে গত কয়েক দিন ধরে এদেরকে হুমকি দামকি দিয়ে আসছিলো আজকে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। মহেশপুর থানার এসআই আসাদ বললে,ঘটনার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি,ঘটনা যারা ঘটিয়েছে তারা টিটু হত্যা মামলার আসামী। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান
মোরেলগঞ্জ প্রতিনিধি
পরিবেশ দূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হলো “ঊঘঙটএঐ – পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান ২০২৫”। বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।
উদ্বোধনের পর তিনি উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডল, এরিয়া প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, শিশু ও যুব ফোরামের সদস্য এবং গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিরা।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. নাজমুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত প্লাস্টিক বর্জ্য কমানোর অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়া।” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মোরেলগঞ্জ এপি শাখার ম্যানেজার তপন কুমার মণ্ডল বলেন, “এই উদ্যোগটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে পরিবেশবান্ধব জীবনযাত্রার চর্চা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায়।” এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা নয়, বরং জনগণের মধ্যে টেকসই পরিবেশ রক্ষার চেতনা জাগিয়ে তোলার প্রচেষ্টা চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

রামপালে ফেসবুকে পোস্ট দিয়ে সম্মানহানির অভিযোগ
রামপাল প্রতিনিধি
রামপালে ফেসবুক আইডি দিয়ে কুৎসা রটনা ও সামাজিকভাবে মান সম্মান ক্ষুণ্ণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজনগর ইউনিয়নের ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য মো. জালিনুর হাজরা।
জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের বাঁশেরহুলা গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. জালিনুর হাজরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, রাজনগর গ্রামের মৃত আবু তালেবের ছেলে আবু হানিফা গত ইং ১০-০২-২৫ তারিখে তার ফেসবুক আইডিতে একটি পোষ্ট করেন। পোষ্টে তিনি জালিনুর হাজরা, মো. মাসুদ গাজী ও আওয়াল হাজরার নামে মিথ্যা, ভিত্তিহীন কমেন্ট করে মান সম্মান ক্ষুণ্ণ করেন। এছাড়াও সে বিভিন্ন অপপ্রচার করে ক্ষতি করার চেষ্টা করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপসহ নিরাপত্তা কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে আবু হানিফা হাওলাদারের কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুক পোষ্টে যা লেখা হয়েছে তা সত্যি। জালিনুর বড় ঘের করে। সে ঘেরে বড় বড় কল বসিয়ে ঘেরে পানি তুলে ভিতরের ছোট ছোট ঘের ভাসিয়ে মাছ নিয়ে নেয়। এতে এলাকার লোকজনের ব্যাপক ক্ষতি হয়। এলাকায় ১৮ টি সরকরি খাল বেধে মাছ চাষ হচ্ছে। জালিনুর তার ঘেরের পাশের খাল বাধ দিতে গেলে বাধা দেয়।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

বিএনপি ছাত্রদলের ৪ নেতা-কর্মী আহতের ঘটনায় মামলা
রামপাল প্রতিনিধি
রামপালের কুমলাই গ্রামের লোহারডাঙ্গি মৎস্য ঘেরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। উপজেলার কুমলাই গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাদী হয়ে রামপাল থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ইংরেজি ৯ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১ টায় উপজেলার কুমলাই গ্রামের লোহারডাঙ্গি মৎস্য ঘেরের বাসায় কাজ করছিলেন শেখ সোহেলসহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামীলীগের সন্ত্রাসী খান ফকরুল, খান বিলাল, খান ইকবাল, খান উজ্জ্বল, খান নুরুজ্জামান, খান নাজমুল, খান রেজাউল, খান ইব্রাহীম, হালিমা বেগম,রোজিনা বেগম,তানিয়া বেগম, খাদিজা বেগম, তরফদার ফিরোজ, খান হাবিবুল্লাহ, খান হাবিব, ফকির বায়েজিদ, শাফায়েত মীরসহ অজ্ঞাত ৭/৮ জন আসামী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় গুরুতর আহত হন শেখ সোহেল(৩৫), শেখ মিরাজ কুদ্দুস (২৪), শেখ আবু সাইদ (৪২) ও শেখ ফেরদাউস (৩০)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুমেক হাসপাতালে ভার্তি করা হয়। আহতরা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি ঘটনা ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই জনকে আটক করি। বাকীদের ধরার জোর চেষ্টা চলছে।

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মোরেলগঞ্জ পুরাতন থানা রোড সংলগ্ন বি আর ডিবি হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অংশগ্রহণকারীরা হল রুমে এসে মিলিত হন দোয়া ও আলোচনা সভায়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ জলিল এবং সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ এখলাস শেখ। এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল তালুকদার, সহ-সভাপতি এস এম সাইফুল কবির, বিশিষ্ট কলামিস্ট ইসমাইল হোসেন, মোঃ সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে এম এ জলিল বলেন, “১৯৮২ সালে মরহুম আলতাফ হোসেন যে সংগঠনের ভিত্তি স্থাপন করেন, তা আজ দেশের সাংবাদিকদের জন্য এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি ছিলেন ন্যায়, সত্য ও স্বাধীন সাংবাদিকতার এক অকুতোভয় সৈনিক।”
তিনি আরও বলেন, “আলতাফ হোসেন আজীবন সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায্য পারিশ্রমিক ও পেশাগত নিরাপত্তার জন্য লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা কেবল একটি সংগঠন নয়, বরং সাংবাদিকদের অধিকার রক্ষার এক শক্তিশালী আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
সংস্থার বর্তমান সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, মরহুম আলতাফ হোসেনের দেখানো পথে থেকে সংস্থার সদস্যরা সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থাকবেন এবং পেশাদার সাংবাদিকতার আদর্শ বজায় রাখবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার প্রণীত সাংবাদিকদের অধিকার রক্ষায় ২১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। এ সময় অতিথিরা জাতীয় সাংবাদিক সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সাংবাদিকতার উৎকর্ষ সাধনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেশবপুরে কৃষক সমাবেশ
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের জিয়েলতলা বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালা উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, যুগ্ম-আহ্বায়ক শেখ জাকির হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, জেলা কৃষক দলের সদস্য ফুল মিয়া, থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান প্রমুখ। এ সময় হাসানপুর ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা আদালত চত্তরে নাগরিক কমিটির ক্যাম্পেইন
সাতক্ষীরা প্রতিনিধি
সংহতি, প্রতিরোধ পূর্নগঠন, এই স্লোগানকে সামনে রেখে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যেগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী ২০২৫) থেকে শুরু হয়ে আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানাগেছে। বুধবার ছিল ক্যাম্পেইনের দ্বিতীয় দিন। প্রতিদিন জেলার বিভিন্ন পয়েন্ট নাগরিক কমিটির প্রতিনিধিরা বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালনা করবেন।
বুধবার সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে এ ক্যাম্পইন পরিচালনা করা হয়। এ সময় জনগনের মতমত চেয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি ফরম পুরণ করানো হয়। ফরমে তাদের লিখিত মতামত গ্রহণ করা হয়। এ পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এ ক্যাম্পেইন পরিচালনা করে ৭০ জনের মতামত স্ংগ্রহ করতে স্বক্ষম হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির প্রতিনিধি পলাশ। তিনি জানান, নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে নতুন করে বাঁচতে শেখার আহ্বানে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষাসহ সমাজের সর্বস্তরের বৈষম্য দূরিকরণের জন্য জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেশজুড়ে এ ক্যাম্পেইন শুরু করেছেন। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হারুন অর রশিদ প্রমুখ।

বাগেরহাটে প্রাচীন খলিফাতাবাদের উপর বক্তৃতা প্রতিযোগিতা
বাগেরহাট প্রতিনিধি
মধ্যযুগে বাগেরহাটে অবস্থিত খানজাহান সভ্যতার ও সংস্কৃতির উপর বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে জেলার ৫টি বিতর্ক টিম নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।ইঞ্জিনিয়ার এস এম আল খাতিবের সভাপতিত্বে বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান,খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য আবু সাইদ শুনু। প্রধান অতিথি এ সময় বলেন বাগেরহাট একটি ঐতিহ্য সমৃদ্ধ জনপথ। এই জেলার মানুষ অনেক গর্বিত। কিন্তু প্রাচীন এই সভ্যতাও সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা থেকে আমরা দূরে আছি। নতুন প্রজন্ম কে জানানোর জন্যই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দাও ফিরিয়ে সেই খলিফাতাবাদ লও এই আধুনিক শহর। এ বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগিতা নিঃসন্দেহে ৬০০ বছর আগের এই এলাকার যে সমৃদ্ধ ইতিহাস তা আমাদের মনে করিয়ে দেয়।কোন দেশের সভ্যতা সংস্কৃতি লুকিয়ে থাকে সেই দেশের প্রত্নসম্পদের উপর। খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে নতুন প্রজন্ম ও বাংলাদেশকে মধ্যযুগের খানজাহানের প্রকৃতির ওপর বক্তৃতা প্রতিযোগিতা নিঃসন্দেহে মাইল ফলক হয়ে থাকবে। ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের ঐতিহাসিক সংস্কৃতি এবং সভ্যতা জানার সুযোগ করে দিবে। শুধু বাগেরহাট নয় সারা বাংলাদেশে মধ্যযুগের এই বিশ্ব ঐতিহ্য পুরাকীর্তি নিয়ে কাজ অভ্যতা থাকবে এই প্রত্যাশা রইল। বক্তৃতা প্রতিযোগিতায় অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ করে। বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিপক্ষ বাগেরহাট বহুমুখী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা: আটক চার
যশোর অফিস
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা জানা যায়নি। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটেছে।
আগেরদিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর ইউনিয়নের হৈবতপুর গ্রামের অধিবাসীদের ওপর হামলার জেরে আজকের এই ঘটনা বলে দাবি স্থানীয়দের।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে ছুটে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানও। তিনি বিবদমান দুই গ্রামের মানুষকে শান্ত থাকার আহ্বান জানান।
ঘটনার সুযোগ নিয়ে কেউ যাতে নীরিহ কোনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ না করেন সে ব্যাপারে দলের নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান মাস্টার মিজানুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার, আওয়ামী লীগ নেতা ও বাহিনী প্রধান আনিসুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা দুটি মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর গ্রামবাসীর ওপর আক্রমণ করে। গ্রামবাসীকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে যুবদলের তিনজন নেতা এবং বিএনপির একজন কর্মী গুরুতর আহত হন।
এলাকাবাসী বলেছেন, ওই ঘটনার জেরে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হৈবতপুর গ্রামের মানুষ সংঘবদ্ধভাবে আব্দুলপুর গ্রামে হামলা চালায়। মঙ্গলবারের হামলার সাথে যারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে আজ তাদের কয়েকজনের বাড়িতেই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে, মঙ্গলবার হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির রাজু। সন্ত্রাসী আনিসুর মেম্বারসহ ওই মামলায় আসামি করা হয়েছে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছে এসআই সাইফুল ইসলাম। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী একুশের বইমেলা
সাতক্ষীরা প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে, ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।
এর আগে সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হকসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বইমেলা পরিদর্শন করেন। মেলায় ৬৬টি স্টল বসেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের তাগিদ দেন। এই বই মেলা চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।

সদরের কাশেমপুরে ফের চুরি!
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুরে আবারও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে কাশেমপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মার্কেটের আল্লারদান টেড্রাস ও অনলাইন কম্পিউটার মালিক তহিদুর রহমান এবং জাহাঙ্গীর নামে একটি হার্ডওয়ার মালিকের দোকান থেকে টাকা ও মোবাইল চুরির ঘটনা ঘটে।
আল্লারদান টেড্রাস ও অনলাইন কম্পিউটার দোকানের মালিক তৌহিদুর রহমান জানান, ১১ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে দোকানে এসে দেখি একটি সাটারের দুটি তালা কাটা। দোকানে ভিতরে প্রবেশ করে দেখা যায়, দোকানের মালামাল ছড়ানো এবং ক্যাশবক্স খোলা। একপর্যায়ে উক্ত দোকান থেকে অনুমান ৭/৮ হাজার নিয়ে যায় চোরচক্র। তিনি আরও জানান, গত বছরের তার দোকানের টিনের ছাউনি কেটে কম্পিউটার, পিসি ও টাকা চুরি করে নিয়ে যায়।
হার্ডওয়ার দোকানের মালিক জাহাঙ্গীর জানান, ১১ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে দোকানে এসে দেখি দুটি মোবাইল ও দোকানে ক্যাশবক্স থাকা দুই হাজার টাকা নিয়ে যায় চোরচক্র। এ ব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

চুয়াডাঙ্গায় ৩ দিনে গ্রেপ্তার ১৯
চুয়াডাঙ্গা প্রতিনিধি
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা ১৯ জনকে গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টের আওয়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত ৮ ফেব্রুয়ারি থেকে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করলে তাকে আইনের আওতায় আনা হবে। অভিযানে সাধারণ সাধারণ ও নীরিহ কোনো মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে।”

খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলা থেকে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উদ্যোগে এবং ট্র্যাশবক্স ডিজিটালের বাস্তবায়নে বুধবার ১২ (ফেব্রুারি) দিনব্যাপি পাইকগাছা উপজেলা পরিষদে একটি বিশেষ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, জীবিকা এবং লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে নতুন নতুন ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি-এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো. আবু হান্নান, ইউএনডিপি-এর নলেজ ম্যানেজমেন্ট অ্যানালিস্ট মো. মনিরুজ্জামান এবং ট্র্যাশবক্স ডিজিটালের প্রোগ্রাম ও পার্টনারশিপ পরিচালক সেলিমা হোসেন অ্যালেন। পরিচালনা করেন ট্র্যাশবক্স ডিজিটালের টিমের সদস্য ফারহাত ফেরদৌস, নিশাত তাসনিম ও মো. সাকিবুল হক। এই প্রতিযোগিতার বিভিন্ন সেশনে কিশোর-কিশোরীদের সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব ও উদ্যোক্তা সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মো. আবু হান্নান উপকূলীয় এলাকার মানুষের সুযোগ-সুবিধা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও টিকে আছে এবং তাদের উন্নতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। পাশাপাশি, তিনি নারী ক্ষমতায়ন এবং ভবিষ্যতে নারীদের দক্ষতা ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করার সুযোগ পায় এবং বাস্তব সম্মত সমাধান তৈরির কৌশল নিয়ে আলোচনা করে।

সাতক্ষীরায় যুব উৎসব
খবর বিজ্ঞপ্তি
“আস্থার দীপ্তি-তারুণ্যের মুক্তি” স্লোগানকে সামনে রেখে রূপান্তর বাস্তবায়িত আস্থা প্রকল্পের যুব উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে যুব উৎসবের বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস।
‘শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ’, বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচবলক (অঃ দাঃ) নাজমুন্নাহার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
রূপান্তর আস্থা প্রকল্পের সদর উপজেলা যুব ফোরাম সদস্য তামান্না জাবরিন এর সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান এবং বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচীব আসাদুল্লা আল মাসুদ।
অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা’ বিষয়ক এক সেমিনার, কি-নোট পেপার উপস্থাপন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচলক সঞ্জিত কুমার দাস প্রধান অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রফেসর বাসুদেব বসু ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস আলচনায় অংশগ্রহণ করেন।
পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী পর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন। এসময় অতিথি হিসেবে জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, রূপান্তর আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী উপস্থিত ছিলেন।

বেসরকারি পাট, সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ইউনিয়নের জরুরী সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা বেসরকারি পাট, সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ইউনিয়নের জরুরি সভা গতকাল বিকাল ৪ টায় গফফারফুড ফুড মোড়ে বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ-সভাপতি ও আফিল জুট মিলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন , ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এ্যযাক্স জুটি মিলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , বীর মুক্তিযোদ্ধা কারী আসাহাব উদ্দিন , দৌলতপুর,খুলনা জুট প্রেস এন্ড বেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার,আয়নুদ্দিন ফকির,হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। কাজী মোস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমান, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
এ সময়ে বক্তারা খুলনার আটরা, শিরোমণি ও মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত মহাসেন, সোনালী, এ্যযাক্স, আফিল, জুটি স্পিনার, হুগলি বিস্কুট কোম্পানিসহ সকল বন্ধ মিল চালু , আংশিক চালু মিল পূর্ণাঙ্গ চালু ও শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা সহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৮ তারিখ শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ ।

ঝিনাইদহে সরকারি কেসি কলেজে বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাস
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ ক্যাম্পাসে হয়ে গেল তারুণ্য উৎসব-২০২৫। এ উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন ছিল। এরমধ্যে ছিল পিঠা মেলা।
এসব স্টলে কেউ এসে পিঠা কিনছেন, কেউ পিঠার ছবি তুলছেন। আবার বন্ধু-বান্ধবের আড্ডাও চলেছে। এছাড়া ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
তবে কলেজ ক্যাম্পাসের প্রবেশপথে একটি স্টল প্রথমেই নজরে আসে কেবলমাত্র নামের কারণে। সেই নামটি ‘মুগ্ধ’। স্টলের নাম ‘টিম-মুগ্ধ’। স্টলে মিষ্টি-মন্ডা না থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের সব স্লোগান সম্বলিত ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়েছে। স্টলের এক পাশে জুলাই গণঅভ্যুত্থানে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের ভিডিও চিত্র প্রদর্শন চলে।
ক্যাম্পাসের পূর্বপাশে বসানো হয় পিঠা মেলার বাহারি স্টল। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি স্থান পায় স্টলগুলোতে। শিক্ষার্থী সুরাইয়া তানিন, ফাহাদ, আঁখি খাতুন, নুসরাত, সাথী, হুরায়রা নিজেদের তৈরি পিঠা নিয়ে স্টল সাজান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব ও হৃদয় আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও পিঠামেলা জাঁকজমকভাবে শুরু হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এবার শিক্ষার্থীরা ভয়হীনভাবে উৎসব পালন করেছে।
তনিমা ইসলাম ও নিলীমা রায় নামের দুই শিক্ষার্থী বলেন, আমাদের কলেজে যে আয়োজন হয়েছে, তা দেখে হৃদয় শীতল হয়ে যাচ্ছে। বহুদিন পর মানসিক প্রশান্তি পাচ্ছি।
কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আলমগীর হুসাইন বলেন, গ্রামীণ জনজীবনের রূপ আমরা শহরের পরিবেশে তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব ছাত্র প্রতিনিধিরা এই আয়োজন সফল করতে কাজ করেছেন।
পিঠা উৎসব দেখতে আসা ইমতিয়াজ আহমেদ বলেন, ছাত্রজীবন শেষে এখন কর্মজীবনে প্রবেশ করেছি। আজ এখানে এসে আমার ক্যাম্পাস জীবনের স্মৃতি খুব মনে পড়ছে।
সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুবকর সিদ্দিকী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বসন্ত বরণ উপলক্ষে দুই দিনব্যাপী পিঠামেলা ও বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে এবারের আয়োজনে ভিন্নতা এসেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে পিঠামেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. ইউনুস আলী, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল মতিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইমরান কবির।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নুসরাত জাহান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ, ছাত্রশিবিরের সভাপতি এসএম মাহবুব ইসলাম।
আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে কেসি কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে সমসাময়িক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা হয়। এছাড়া ‘গাজী কালু চম্পাবতী’ নাটক প্রদর্শন করেন কলেজের নাট্য থিয়েটারের শিল্পীরা।

চুয়াডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
আদালত সূত্র জানায়, পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনফেকশনারি প্রতিষ্ঠানে তদারকির সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকার অপরাধে মালিক আব্দুল হান্নানকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দ্রুত লাইসেন্স নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরিফ ফুড অ্যান্ড কনফেকশনারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকির সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

তালায় উদযাপিত হল স্টেম ফেস্ট সমাপনী
সাতক্ষীরা প্রতিনিধি
তালায় উদযাপিত হল স্টেম ফেস্ট সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে ব্রেডবোর্ড, মোটর, সার্কিট এর সংযোগে রোবোকার তৈরী করে কোডিং এর মাধ্যমে তা চালনা করার পর উচ্ছসিত তালা শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোহনা রায় ও তার দল। অন্যদিকে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর ব্লকের সাহায্যে এনিমেশন ক্যারেক্টয়ারে কথোপকথনে স্টেম ফেস্টে অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করে শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ঐশী। সায়মা ও ঐশীর মতো প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সাতক্ষীরার তালা উপজেলায় উদযাপিত হল স্টেম ফেস্ট ২০২৫। ফেস্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা রায়, তালা শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, এবং প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ।
মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজিত এই ফেস্টে অংশগ্রহণকারী স্কুলগুলো হল- শহীদ কামেল মডেল হাইস্কুল, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, জাগরণী মাধ্যমিক বিদ্যালয় ও সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়।

কেএমপির অভিযানে ডাকাতির লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
নগরীর রায়েরমহল হামিদনগর এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত ১৮,৫৮,৯৫৫ টাকা, ৪৯টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে হারিণটানা থানা পুলিশ।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা ডাকাতি করে খুলনা মহানগরী এলাকায় এসে আশ্রয় নিয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন, রায়েরমহল হামিদনগর এলাকার মোরশেদ মিয়া (২৭), খানজাহান আলী থানা এলাকার মিলন মোল্লা (৩০) ও দৌলতপুর থানা এলাকার মেহেরাজ হাওলাদার (৫২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা ডাকাতি করে খুলনা মহানগরী এলাকায় এসে আশ্রয় নিয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে
হারিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম রায়েরমহল হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেয়া তথ্য মতে খানজাহান আলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা ও দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮,৫৮,৯৫৫ টাকা, ৪৯টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে উদ্ধারকৃত মালামালসহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নগরীতে কেএমপির অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর পথেরবাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে এককেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খানজাহান আলী থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন, যশোর জেলার বেনাপোল থানার ভবার বেড় পশ্চিমপাড়ার মো. আদম আলীর মেয়ে আছমা খাতুন (২২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, বুধবার সকালে খানজাহান আলী থানাধিন পথেরবাজার পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে এককেজি গাঁজাসহ আছমা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

গাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও তিন লাখ টাকা ছিনতাই
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার কাদিরপাড়-নারিকেল বাড়ীয়া ব্রিজের উপর থেকে গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টার দিকে গাড়ি ব্যাবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও তিন লক্ষ টাকা ছিনতাই করেছে একটি ছনিতাই চক্র।আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত ব্যবসায়ী হলেন শালিখার হরিশপুর গ্রামের মৃত আফজাল হোসেন এর পুত্র কাজী আবু হাসান।
তিনি জানান মঙ্গলবার যশোর ব্যবসায়ীক কাজে গিয়েছিলেন।কাজ শেষে ব্যাংক হতে তিন লক্ষ টাকা তুলে তার গ্ৰামের উদ্দেশ্য রওয়ানা হন। বেলা আনুমানিক বিকাল ৫টার দিকে কাদিরপাড়া-নারিকেলবাড়িয়া ব্রিজে মোটরসাইকেল নিয়ে উঠলে পিছন থেকে ৫/৬ জন যুবক তার গতি রোধ করে বিভিন্ন অস্ত্র দিয়ে পায়ে কুপিয়ে আহত করে।এবং তার কাছ থেকে মোটরসাইকেল ও তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এদের মধ্যে থেকে একজনকে তিনি চেনেন বলে জানিয়েছেন।

খুবিতে অগ্নি নিরাপত্তা এবং অগ্নি নির্বাপণ বিষয়ে কর্মশালা ও মহড়া
খবর বিজ্ঞপ্তি
অনাকাক্সিক্ষত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে ইনস্টিটিউটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এর আগে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘অগ্নি নিরাপত্তা, উচ্ছেদ ও অগ্নি নির্বাপণ মহড়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ, সচেতনতার মাধ্যমেই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব। তাই পরিবারের সদস্যদের অগ্নিকাণ্ড প্রতিরোধের কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনে অগ্নি নির্বাপণ সংশ্লিষ্ট ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, স্টেশন অফিসার আল আমিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: নাজমুছ সাদাত, লিডার আকতার হোসেন ও ফায়ার ফাইটার আলমগীর হোসেন। এ কর্মশালা ও মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত ছিলেন।

শরণখোলায় গৃহবধূর লাশ উদ্ধার
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বুধবার সকালে হাসপাতাল থেকে পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ মহিমা বেগম (২৫) উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল হাওলাদারের স্ত্রী। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের রুহুল পহলানের পুত্রবধূ মহিমা বেগমকে স্বজনরা বাড়ীর পুকুর থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের শশুর রুহুল পহলান বলেন, মহিমা বেগম ভোর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে। নিহত মহিমার মাতা মিনারা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, শশুর ও শাশুড়ী নির্যাতন করে তার কণ্যাকে মেরে ফেলেছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে মহিমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ বুধবার দুপুরে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ
তথ্য বিবরণী
জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ মোঃ নুরুল্লাহ। এতে স্বাগত বক্তৃতা করেন মুহাম্মদ আশরাফ আলী।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।

খুলনার জনসভায় অন্তরবর্তী সরকারকে মেজর (অব:) হাফিজ
জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা করুন

স্টাফ রিপোর্টার
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। তাই চলতি বছরে জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা করুন। এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা আমরা জানি না। জনগণ যাকে ভোট দেবে তারাই দায়িত্ব নেবে। দাীর্ঘমেয়াদী সংস্কারের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের। তারা এসেই সংষ্কার করবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ হাদিস পার্কের জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী বিএনপির এই নেতা আরো বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের একদল বুদ্ধিজীবী গজিয়ে উঠেছে। যা ফ্যাসিস্ট হাসিনার আমলেও কথাও বলতো না। এই বুদ্ধিজীবীরা আগে তথাকথিত সংস্কার ও পরে নির্বাচন চেয়ে বসে আছেন। তারা নতুন দল গঠনের সময় দিচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে অনেক সংস্কার হয়ে গেছে। জনগণ তিন তিনটি নির্বাচনে প্রহসন দেখেছে। দিনের ভোট রাতে হয়েছে। ২০১৮ সালে নির্বাচনের নামে আমাদের বন্দী করে রাখা হয়েছে। তাই জনগণ আর প্রহসন দেখতে চায় না।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, খুলনা মহানগর আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সৈয়দা নার্গিস আলী, জিয়া ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগুজী, নারী নেতা রেহানা ঈশা প্রমুখ।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির নেতা অধিকাংশ ক্ষেত্রে অন্তরবর্তীকালীন সরকার ব্যর্থ বলে অভিহিত করেন। তিনি বলেন, তারপরও আন্দোলনের ব্যর্থতা যেন না আসে এজন্য বিএনপি চুপ রয়েছে। উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দ্রব্যমূল্যে সেই আওয়ামী লীগের সিন্ডিকেট এখন আছে। তারা ছয়মাসে কিছু করতে পারেনি।
তিনি দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার আর্দশে রাজনীতি করতে হবে। তিনি চারবছর রাষ্ট্রক্ষমতায় থাকলেও তার ঢাকায় এক টুকরো জমি ছিল না। সাদা-সিদে জীবন যাপন করেছেন।
সমাবেশে বক্তারা খুলনাসহ সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে জণগণ আর কালক্ষেপণ দেখতে চায় না। অবিলম্বের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার খুলনার সকল মিলকারখানা বন্ধ করেছিল। অন্তরবর্তীকালী সরকারের উপদেষ্টা বলেছেন এই রাষ্ট্রায়ত্ত মিল আর সরকারিভাবে চালু করা হবে না। আর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনা অঞ্চলকে নতুনভাবে সাজানো হবে। শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।

নগরীতে অবৈধ দখলদারদের অপসারণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকালে নগরীর কে রোড ও যশোর রোডের অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর কে রোডে ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ফল ব্যবসায়ী মো: পলাশ ও মো: হাসান-কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মো: মানিক-কে ৩ হাজার টাকা এবং মাঠা ও জুস বিক্রেতা মো: হুসাইন-কে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে আটক ২

কয়রা প্রতিনিধি
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ কাঁকড়া সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে গত মঙ্গলবার রাত ৭ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ ভ্রমরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোটকুকুমারী খাল হতে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার পানখালী গ্রামের আব্দুল্যাহ সরদার (৩৮) ও আজমল হোসেন (২৩)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে সাত লক্ষাধিক টাকার মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং চান্দরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭/৬৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৬ ও ১৩/৩ এস এর ২ আরবি আনুমানিক ১০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তল্ইুগাছা কামার বাড়ি ও কেড়াগাছি খাল পাড় নামক স্থান হতে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও আগরবাতি আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক চারটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪-৭ আরবি হতে আনুমানিক ৫০০-৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছি, গেরাখালি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৩ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বোরকা এবং শাড়ি আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট আটক পন্যের মূল্য ৭ লাখ ১৯ হাজার টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা পুলিশ কমিশনার সাথে ইসলামী আন্দোলন নগর নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বর্তমান খুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ খুলনা পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এর সাথে মতবিনিময় করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় সদর দপ্তরে কেএমপির কমিশনারের সাথে সাক্ষাকালে নেতৃবৃন্দ বলেন, স্বৈরশাসক সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। নিজেদের নিরাপত্তা নিয়েই এখনও উদ্বিগ্ন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা। বর্তমান অন্তবর্তী কালীন সরকারের ওপর দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। দীর্ঘ সময় ধরে যেসব অনিয়ম, অবিচার ও সংকট তৈরি হয়েছে, এসব নিরসন করতে হবে এবং স্বৈরাচার সরকারের যারা দালাল হিসেবে প্রশাসনে কাজ করেছে তাদের অপসারণ করতে হবে।
নেতৃবৃন্দ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অনাস্থা দীর্ঘদিনের। নানা কারণে জনমনে তাদের ওপর ক্ষোভ আছে, যার তীব্র বহিঃপ্রকাশ ঘটেছে এবারের আন্দোলনে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।
তবে প্রাথমিকভাবে সারা দেশে লুটপাট, হামলাসহ বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে সবাইকে নিয়ে কাজ করছে প্রশাসন।
প্রশাসন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের বিভিন্ন উপাসনালয় ও ট্রাফিকের কাজের ভূয়সী প্রশংসা করেন।
নেতৃবৃন্দ বর্তমানে অপারেশন ডেভিল হান্টে যেন কোন অপরাধী আইনের ফাঁক থেকে বের হয়ে না যায় এবং কোন নিরপরাধ মানুষ যাতে হয়রান শিকার না হয় তার দিকেও খেয়াল রাখার আহ্বান করেন।
এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী যুব আন্দোলনের নগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. মাহাদি হাসান মুন্না।
মতবিনিময় শেষে কেএমপি কমিশনার মহোদয় কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রকাশনা হাদিয়া প্রদান করা হয়।

নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি স্থগিত
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পরই স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল হাসান বাবুল কমিটি স্থগিতের আদেশে অনুমোদন দেন। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষতির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত সোমবার হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, শোয়েব মিনাকে সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।
নড়াইল জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন জানান, হিমায়েত হুসাইন ফারুক বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন। তাকে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক করায় নেতাকর্মীরা হতাশ ছিলেন।

আরো আগে আয়নঘর পরিদর্শন করা উচিত ছিলো: ছাত্রদল সম্পাদক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেই আয়নাঘরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এত দেরিতে যে আয়নাঘর পরিদর্শনে গেছেন, সেটাই আমাদের কাছে রহস্যজনক।’
বুধবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির। এর আগে কলেজের মুক্তমঞ্চে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন শেষে কাউন্সিল-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘৫ আগস্টের পরপরই ৬-৭ তারিখেই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন দেরিতে হলেও বাংলাদেশের মানুষ দেখছে খুনি হাসিনা বিরোধীমতকে দমন করতে কীরকম নিষ্ঠুর নির্যাতন করেছে।’
এসময় কাউন্সিল ও ভোটে নেতা নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবেন। তারাই নির্ধারণ করবেন তাদের নেতা কেমন হবে।’
কাউন্সিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।
এরআগে সকাল থেকেই গোটা ক্যাম্পাসজুড়ে ভোটের আবহ ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে আড়াইটা পর্যন্ত। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীসহ ৪৬২ জনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নির্বাচনে শিমুল হোসেন ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় হন সজীব আলী। তৃতীয় শোয়েব আক্তারের ভোট সংখ্যা ছিল ৭৭।
অন্যদিকে সভাপতি পদে জাসির আহমেদ মসনদ ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ নয়নের প্রাপ্ত ভোট ছিল ১১৯।

কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৮ম মৃত্যুবার্ষিকীতে পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং পাট-সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক, শ্রমিক শ্রেণি ও গণমানুষের নেতা প্রয়াাত কমরেড হাফিজুর রহমান ভূইয়া’র আজ ৮ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বেলা ১১টায় প্রয়াত নেতার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং অপরদিকে বিকেল ৪:৩০ মিনিটে পার্টির মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দীন দিলু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, ফুলতলা উপজেলা কমিটির সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায়, সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু, জেলা সদস্য কমরেড আঃ হামিদ মোঢ়ল, কমরেড মজিদ মোল্লা, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড নারায়ণ সাহা, বাগেরহাট জেলা কমিটির সদস্য কমরেড হারুন গাজী, গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক সোলেমান হাওলাদার, শ্রমিক নেতা শেখ আব্দুর রশিদ, জালাল গাজী, শামসুর রহমান, নারী মুক্তি সংসদ খালিশপুর থানা কমিটির সভাপতি নারীনেত্রী লাকি বেগম, নারী নেত্রী সীতা রানী, বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা সহ-সভাপতি যুব নেতা কমলেশ মল্লিক, মোঃ বাবু, শাওন প্রমুখ নেতৃবৃন্দ।

যশোর- মাগুরা মহাসড়কে শুক্রবার থেকে ৪৮ ঘণ্টা যান চলাচল বন্ধ
যশোর অফিস
মাগুরার শালিখা উপজেলায় ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজের জন্য আগামী শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মাগুরা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ পথে চলাচলকারী যানবাহনকে এ সময় বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর দড়াটানা মোড় থেকে মাগুরা ভায়না মোড় জাতীয় মহাসড়কের প্রায় মাঝামাঝি অংশে অবস্থিত ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজ শুরু হবে। এ কাজের জন্য ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত আড়পাড়া সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে মাগুরা–যশোর মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আড়পাড়া সেতু এড়িয়ে আঞ্চলিক সড়কগুলো ব্যবহার করতেও কোনো বাধা নেই।
মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।