Home আঞ্চলিক খুলনায় গুলি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা

খুলনায় গুলি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা

608

স্টাফ রিপোর্টার।।

খুলনা অর্ণব সরকার (২৮) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত অর্ণব সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র। সে নগরীর বানরগাতী ইসলাম কমিশনারের মোড়ের চিত্ত রঞ্জন সরকারের ছেলে। অর্ণব সরকারের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অর্ণব সরকারের লাশ খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব সরকার  চা পান করছিল। এ সময় ১৫/১৫ টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগার পর রাস্তার ওপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যযপরি কুপিয়ে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় পাশর্^বর্তী খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে রাত ১০টায় নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহত অর্ণব সরকারের লাশ খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে অজস্র মানুষের ভিড়। শুনেছি তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার শরীরের কোথায় গুলি ও কোপানো হয়েছে –তা এই মুহূর্তে বলতে পারব না। আমরা এখনো তাকে দেখতে পারিনি। কারা বা কী কারণে তাকে হত্যা করেছে তা-ও প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ সব কিছুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। উল্লেখ্য অর্নব সরকারের খুনের মধ্য দিয়ে খুলনায় সাড়ে ৪ মাসে ১২জন খুন হলো।