Home জাতীয় কারাগার থেকে মুক্ত ১৩৬ বিডিআর সদস্য

কারাগার থেকে মুক্ত ১৩৬ বিডিআর সদস্য

19


ঢাকা অফিস।।


কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে কারাগারে আটক থাকা ১৩৬ জন তৎকালীন বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার কারণে তারা কারাগারে আটকে ছিলেন বছরের পর বছর ধরে। তাদের মুক্তির খবরে স্বজনরা কারাগারের গেটে এসে সকাল থেকে ভিড় করেন।

কারাগারের গেটে বাবার জন্য অপেক্ষমাণ জুয়েনা জামাল ঐশী (১৭) মাদারীপুরের সাহেব রামপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ঐশী জানায়, তিনি যখন এক বছর বয়সে ছিলেন তখনই তার বাবা বিডিআর হত্যাকাণ্ডের মামলায় জেলে যায়। কারাগারে এসে বাবার সঙ্গে কয়েকবার দেখা করেছে। তবে বাবার হাত ছুঁয়ে দেখেনি কখনো। বাবার স্নেহ-মায়া-মমতা থেকে বঞ্চিত থেকেই প্রথম শ্রেণি থেকে কলেজ পর্যন্ত উঠেছেন। প্রথম সন্তান ঐশী বাবার অপেক্ষায় সকাল থেকেই কারাগারের গেটে অপেক্ষায় ছিলেন। বাবাকে মুক্ত জীবনে পেয়ে বলছেন, আজ ঈদের মতো আনন্দ বইছে।

তার মতোই কেউ কেউ ফুল আর মিষ্টি হাতে অপেক্ষা করেন তাদের বরণ করার জন্য। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক নম্বর ইউনিট দুই নম্বর ইউনিট ও হাই সিকিউরিটি কারাগার থেকে একে একে তারা ছাড়া পেয়েছেন। কারাগারের গেটে আসলে তাদের স্বজনরা ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যারা ছাড়া পেয়েছেন তারা বলছেন, তাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে এত বছর আটক রাখা হয়েছে। তারা আবারো চাকরি ফেরত পাওয়াসহ সকল সুযোগ-সুবিধা দাবি করছেন। একইসঙ্গে যারা বিডিআর হত্যা মামলার প্রকৃত দোষী তাদের খুঁজে বের করে শাস্তির দাবি করেছেন।

কাশিমপুর কারাগার থেকে বের হয়ে লালমনিরহাটের আবুল হাসান মিন্টু জানান, ঘটনার সময় পিলখানায় ছিলেন না। চাকরি জীবনে পিলখানায় কোনোদিন তার যাওয়া হয়নি। তবুও পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা ও বিস্ফোরক মামলায় ১৫ বছর জেল খেটেছেন তিনি। তিনি জানালেন, কর্মস্থল কক্সবাজার থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার পথে টাঙ্গাইল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন বছরের পর বছর ধরে। এতদিনে তার সংসার জীবন নষ্ট হয়ে গেছে।

তার মতোই সাতক্ষীরা জেলার কালীগঞ্জের শেখ মো. ইউনুস-এর দাবি, নায়ক পদে তিনি খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। পিলখানার ঘটনার এক সপ্তাহ পরে ১৯শে ফেব্রুয়ারি তিনি পিলখানায় আসেন। ঊর্ধ্বতন কর্মকর্তা সি ইউ বলেছিলেন মিথ্যা সাক্ষী দিতে। তার কথামতো পিলখানার ঘটনায় মিথ্যা সাক্ষী না দেয়ায় ১৫ বছর জেল খাটানো হয়েছে। কারাগার থেকে বের হওয়া বিডিআর সদস্যরা বলছেন, দেশের হয়ে সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দেশের সীমানা রক্ষাসহ নানা কারণে লড়াই করেছেন জীবনবাজি রেখে। কিন্তু নির্দোষ হয়েও জেল খেটেছেন। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানান তারা। দেড় দশক কারাভোগের পর বের হতে পেরে তারা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে। বলছেন, ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন না হলে হয়তো কারাগার থেকে তারা বের হয়ে আসতে পারতেন না। তারা আরও বলছেন, বিডিআর বিদ্রোহের নামে যে ষড়যন্ত্র হয়েছে, খেলা হয়েছে, সেই ষড়যন্ত্রের প্রকৃত ঘটনা বের করে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা দরকার।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি শেষে বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন গত রোববার। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। বুধবার রাতে তাদের জামিননামা কারাগারে পাঠানো হয়। এসব নথিপত্র কারাগারে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসামিদের নাম-ঠিকানা ও নথিপত্র যাচাই-বাছাই করে মুক্তির ব্যবস্থা করেন। মোট ১৭৮ জনের জামিন হলে ১৩৬ জন ছাড়া বাকিরা রয়েছেন অন্য কারাগারে।

বিকালে বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক নাজমুল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, আমাদের ৫৩৪ জন বিডিআর নিরপরাধ হয়েও জেল খেটেছেন। আশা করছি অচিরেই বাকি সবাই মুক্ত হবেন। পিলখানার ঘটনাটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৮টি স্পেশাল কোর্ট করে ৫৪টি স্থাপনায় একটা বিচার করেছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। ওই বিচারে ১৮ হাজার ৫১৯ জনকে বিভিন্নভাবে জেল জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। আমরা নির্বাহী আদেশে প্রহসনের সকল কোর্ট ও বিচারের কার্যক্রম বাতিল ঘোষণা চাচ্ছি। যারা বের হয়ে আসছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। আর আমাদের দাবিগুলো পূরণ না হলে আগামী ৩০শে জানুয়ারির পরে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।

২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ওই ঘটনার পর বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।
হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ই নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন।

২০১৭ সালের ২৭শে নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় ১৮৫ জনকে। আরও ২২৮ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আগে সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন।
অন্যদিকে, হাইকোর্টে ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। ২০১০ সালে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ আসামির বিরুদ্ধে বিচারকাজও শুরু হয়।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে। গত ১৯শে ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪শে ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার।