Home খেলাধুলা জল্পনার অবসান, রোহিত-কোহলিদের বুকে পাকিস্তানের নামও থাকবে

জল্পনার অবসান, রোহিত-কোহলিদের বুকে পাকিস্তানের নামও থাকবে

26


স্পোর্টস ডেস্ক।।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। তবে হাইব্রিড পদ্ধতিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। আইসিসির নিয়ম অনুযায়ী, আইসিসির কোনো টুর্নামেন্টে আয়োজক দেশের নামাঙ্কিত লোগো নিজেদের জার্সিতে পরে দেশগুলো। গুঞ্জন ছিল, আয়োজক দেশ পাকিস্তানের নামসহ লোগো নিজেদের জার্সিতে ব্যবহার করবে না ভারত। সবকিছুর জবাব দিয়েছে ভারতীয় বোর্ড।


সব জল্পনা-কল্পনায় জল ঢেলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানিয়ে দিয়েছেন, আইসিসির নিয়ম মেনে চলবেন তারা। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির সময় বিসিসিআই আইসিসির পোশাক-সম্পর্কিত প্রতিটি নিয়ম মেনে চলবে।’

ভারতীয় ক্রিকেটের এই শীর্ষ কর্তা আরও বলেন, ‘অন্যান্য দলগুলি লোগো এবং পোশাক কোড সম্পর্কে যেই সিদ্ধান্তই নিক না কেন, আমরা আসলেই (আইসিসির) সব নিয়ম পূঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করব।’

পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। তার আগে ১৬ বা ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান হবে। তাছাড়া টুর্নামেন্ট উপলক্ষে ৮ দলের অধিনায়কদের ফটোশুট ও ইভেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনও হবে। পিসিবির আশা, সেই অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই বিষয়টি নিয়ে আবার মুখ খুলল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সাইকিয়া বলেছেন, ‘আইসিসির মিডিয়া সম্পর্কিত কাজের জন্য রোহিত শর্মা পাকিস্তানে যাবেন কি না, সেই সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি ৮ দলের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টে সবশেষ এশিয়া কাপের মতোই হাইব্রিড পদ্ধতি অনুসরণ করা হবে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।