Home খেলাধুলা ৭৫২ গড়ে ব্যাট করা ক্রিকেটারও যে কারণে ভারত দলে নেই

৭৫২ গড়ে ব্যাট করা ক্রিকেটারও যে কারণে ভারত দলে নেই

35


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। আজ শনিবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম জানানো হয়। সম্প্রতি ব্যাট হাতে তুমুল ফর্মে থেকে আলোচনায় ছিলেন করুন নায়ার। তবে তাকে দলে রাখেনি ভারত।


ভারতের ওয়ানডে সংস্করণে হওয়া বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন নায়ার। ভিদর্ভের অধিনায়ক ৭ ম্যাচ থেকেই করেছেন ৭৫২ রান। এই ৭ ম্যাচে মাত্র একবার আউট হননি তিনি। তাতে তার গড় দাঁড়ায় রানের সমান, ৭৫২।

নায়ারের দলে না থাকা নিয়ে কথা বলেছেন আগারকার। ভারতের প্রধান নির্বাচক বলেন, ‘একজনের গড় সাত শ’রও বেশি, সেটা বিশেষ পারফরম্যান্স। এই মুহূর্তে, এই দলে (নায়ারের) জায়গা পাওয়া কঠিন।’

বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচ খেলে ৫টিতেই সেঞ্চুরি পেয়েছেন নায়ার। একটি ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি। আসরে সর্বোচ্চ ১৬৩ রানের অপরাজিত ইনিংস তার। স্ট্রাইকরেটও মন্দ নয় একসময় জাতীয় দলে খেলা এই ব্যাটারের। ১২৫.৯৬ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। রান আরও বাড়ানোর সুযোগ থাকছে নায়ারের সামনে। টুর্নামেন্টের ফাইনালে কর্নাটকের বিপক্ষে লড়বে নায়ারের দল ভিদর্ভ।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল খেলবে ইংল্যান্ড সিরিজেও। কিছুদিন পরই শুরু হবে ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না জাসপ্রিত বুমরাহ। এজন্য অবশ্য হরশিত রানাকে (শুধু ইংল্যান্ড সিরিজে) দলে নিয়েছে রোহিত শর্মার দল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামিও।