স্পোর্টস ডেস্ক।।
প্যারিস সেইন্ট-জার্মেইতে (পিএসজি) নেইমার আর কিলিয়ান এমবাপ্পের শুরুর জুটিটা ছিল চমৎকার। তবে ফরাসি এই ক্লাবে কয়েক বছরের মাথায় দুজনের সম্পর্কে ফাটল দেখা যায়। কেউ কাউকে পাস দিচ্ছেন না, পেনাল্টির সময় বল নিয়ে কাড়াকাড়ি পর্যন্ত হয়েছে দুই তারকার মধ্যে। নেইমার জানালেন, লিওনেল মেসির পিএসজিতে আসার পর এই রেষারেষির শুরু হয়। মেসির সঙ্গে তার সম্পর্কের কারণে ঈর্ষা করতেন এমবাপ্পে।
বৃহস্পতিবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর এক পডকাস্টে এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করেন নেইমার। এ সময়ে পিএসজিতে থাকাকালীন অনেক বিষয়েই কথা বলেন ব্রাজিল তারকা। তবে শুরুর দিকে এসবের কিছুই ছিল না জানিয়ে নেইমার বলেন, ‘তার (এমবাপ্পে) সঙ্গে শুরুর দিকে আমার কিছু সমস্যা ছিল। কিছুটা লড়াইও হতো। তবে যখন এসেছিল তখন সে ছোট ছিল। আমি সবসময় তাকে বলতাম যে সে হতে যাচ্ছে অন্যতম সেরা। মজাও করতাম আমরা। সবসময় তাকে সাহায্য করতাম, অনেক কথাও হতো। আমার বাসায় আসতো, আমরা একসঙ্গে সবাই বাইরে নৈশভোজ সারতাম।’ তবে ফরাসি ফুটবলারের আচরণ পাল্টে যায় ২০২১ -এ, মেসির পিএসজিতে আসার পর। এর আগে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সায় সতীর্থ ছিলেন আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান দুই ফুটবলার। নতুন ড্রেসিং রুমে তাদের পুরনো বন্ধুত্বটা আরও গাঢ় হতে থাকে। নেইমারের ভাষ্যমতে যা মেনে নিতে পারেননি এমবাপ্পে। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমরা একসঙ্গে দারুণ কয়েকটি বছর কাটানোর পর যখন মেসি আসলো, তখন থেকেই সে (এমবাপ্পে) হিংসা করতে শুরু করলো বলে মনে হয়। তারপর আচরণ বদলে গেলো। শুরু হলো লড়াই।’ মেসির প্যারিসে উড়ে যাবার পর তাকে ও নেইমার-এমবাপ্পেকে নিয়ে গড়া ত্রয়ী স্বভাবতই সেসময়ের বিশ্বসেরা ছিল। তবে মাঠে তেমন একটা জ্বলে উঠতে দেখা যায়নি এই ত্রয়ীকে। জেতা হয়নি চ্যাম্পিয়নস লীগটাও। এর মূল কারণ ছিল দলীয় সমন্বয়ের অভাব। নেইমার বলেন, ‘আপনাকে বুঝতে হবে যে আপনি একা খেলতে পারবেন না। অন্যদেরকেও পাশে রাখতে হবে। আপনি সেরা, ঠিক আছে। কিন্তু আপনাকে বলের যোগান কে দেবে? আপনার পাশের ভালো খেলোয়াড়টাই আপনাকে বল দেবে। এটি ছিল সবার ইগোর ব্যাপার.. তাই এটি (ত্রয়ী) সফল হতে পারেনি। আজকের দিনে কেউ যদি না দৌড়ায় কিংবা একে অপরকে সাহায্য না করে তবে জয় অসম্ভব।’
২০২৩ -এ পিএসজি পর্ব শেষ করে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে তার মেজর লীগ সকারে (এমএলএস) যোগ দেবার প্রসঙ্গে। যদিও ভবিষ্যতের পরিকল্পনাটা এখনই জানাতে চাচ্ছেন না এই ব্রাজিল তারকা।











































