স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির সঙ্গে যাত্রা আর দীর্ঘ হচ্ছে আর্লিং হলান্ডের। ম্যানচেস্টারের ক্লাবটির সঙ্গে ১০ বছরের চুক্তি নবায়ন করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড। ২০৩৪ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতে থাকবেন হলান্ড।
হলান্ডের সঙ্গে সিটির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। এবার আরও ৭ বছর বাড়ল মেয়াদ। ২০২২ সালে জার্মান বুন্দেসলিগার ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টারের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এই তরুণ তারকা।
সিটির সঙ্গে চুক্তি করতে পেরে খুশি হল্যান্ড। নরওয়ের এই তারকা বলেন, ‘নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’
নিজের সেরাটা সিটিকে দিতে চান উল্লেখ করে হলান্ড বলেন, ‘পেপ (গুয়ার্দিওলা), তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই।’
২০২২ সালে সিটিতে যোগ দিয়েই গোলের বন্যা বইয়ে দিতে থাকেন হলান্ড। যদিও এবার কিছুটা ছন্দপতন ঘটেছে তার। আকাশি জার্সিধারীদের হয়ে এখনো পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন তিনি। এই সময়ে অ্যাসিস্ট করেছেন ১৫টি। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ শিরোপাসহ আরও কিছু ট্রফি।











































