ঢাকা অফিস।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভেতর এমন একটি ধারণা সৃষ্টি হয়েছে যে, পরিবহন সেক্টর থেকে প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এ তকমা থেকে বের হয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এর ওপর লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। আজকে কেনো মানুষ পরিবহন সেক্টরকে ভালোভাবে গ্রহণ করে না! এ সেক্টরে একেবারেই যে চাঁদাবাজি হয় না, তা বলব না। কিন্তু গুটিকয়েক চাঁদাবাজের জন্য পুরো পরিবহন সেক্টর সে কলঙ্ক বহন করতে পারে না। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার পরিবহন জগতেও একনায়কতন্ত্র গড়ে তুলেছিল।
সভায় সারাদেশ থেকে ২৬৫ বেসিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের নির্বাচিত সড়ক পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক নেতা সজিব আলী প্রমুখ। নিবন্ধিত ও অনিবন্ধিত শ্রমিকসহ সড়ক পরিবহন সেক্টর, চট্টগ্রাম বন্দর, নির্মাণ সেক্টর ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে শিল্প উৎপাদন অব্যাহত রাখার জন্য সভা থেকে দিকনির্দেশনা দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন দাবিসহ উপস্থাপিত প্রস্তাবের প্রতি সংহতি জ্ঞাপন করেন।











































