স্পোর্টস ডেস্ক
বদলি নামার ২২ সেকেন্ড পরই জালের দেখা পেলেন দিয়েগো জটা। আর তাতেই নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হার এড়াল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আর্না স্লটের শিষ্যরা।
মঙ্গলবার রাতে নটিংহ্যামের মাঠে এই ড্রয়ের পর ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুল। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে নটিংহ্যাম। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।
এদিন অষ্টম মিনিটে নিজেদের প্রথম সুযোগেই এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার থ্রু বল বক্সে পেয়ে প্রথম স্পর্শে নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ক্রিস উড।
বিরতির পর ৬৬তম মিনিটে বদলি নামার ২২ সেকেন্ড পরই দলকে সমতায় ফেরান জটা। তার আগের মিনিটে বদলি নামা কস্তাস সিমিকাসের কর্নারে হেডে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।











































