স্পোর্টস ডেস্ক
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচী সম্পর্কে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে পাকিস্তান বোর্ড আশা প্রকাশ করেছে, টুর্নামেন্ট উপলক্ষে অধিনায়কদের ফটোশুট ও ইভেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতের রোহিত শর্মা।
প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান হবে। আইসিসি এখনও তারিখ নিশ্চিত করেনি। তবে, পিসিবি আশা করছে রোহিত পাকিস্তানে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়া অধিনায়কদের পাকিস্তানে যেতে যাতে কোনো ভিসা জটিলতা না হয় এজন্য পিসিবি সরকারের কাছ থেকে সমস্ত প্রাসঙ্গিক ছাড়পত্রও পেয়েছে।
অন্য একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, পাকিস্তান বোর্ড আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানেই হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ৮ দলের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে সবশেষ এশিয়া কাপের মতোই হাইব্রিড পদ্ধতি অনুসরণ করা হবে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।











































