Home জাতীয় ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী কারাগারে

ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী কারাগারে

23


ঢাকা অফিস।।
ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ১৯শে জানুয়ারি তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব পৃথকভাবে এসব আদেশ দেন। আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল সাত দিনের রিমান্ড আবেদন করেন। সকালে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মতিউর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাকে রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে লায়লা কানিজ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় এজাহারনামীয় আসামি লায়লা কানিজ। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৯শে জানুয়ারি তার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আসামি লায়লা কানিজকে ভোর সাড়ে ৪টার দিকে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় সূত্রস্থ মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আবেদনে বলা হয়, আসামি একজন সরকারি কর্মচারী হয়েও ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এ ক্রয়-বিক্রয়ের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা উদ্‌ঘাটন করা প্রয়োজন। এ ছাড়া তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টি উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মতিউরের ছেলে গত বছর ১৫ লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এরপর শুরু হয় তুমুল বিতর্ক। ভাইরাল হয় বিষয়টি। এরপর থেকে মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করে। দুর্নীতির অভিযোগে গত বছরের ২৪শে জুন ঢাকার একটি আদালত মতিউর, তার স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। চলতি বছরের ৬ই জানুয়ারি, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউর, লায়লা কানিজ, তাদের মেয়ে ফারজানা রহমান ইস্পিতা এবং অর্ণবের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক।