Home খেলাধুলা ‘আগে থেকেই অনুমান করছিলাম’, পিএসএলে দল পাওয়া নিয়ে রিশাদ

‘আগে থেকেই অনুমান করছিলাম’, পিএসএলে দল পাওয়া নিয়ে রিশাদ

39


স্পোর্টস রিপোর্টার।।
বিগব্যাশের পর পাকিস্তান সুপার লীগেও (পিএসএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। রিশাদ এখন বিপিএল খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল চট্টগ্রামে অনুশীলন শেষে তিনি বলেন, আগেই অনুমান করেছিলাম দল পেতে পারি। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন রিশাদ। ওই আসরে বাংলাদেশের জার্সিতে রেকর্ড ১৬ উইকেট নেন তিনি। এরপর বিগব্যাশে হোবার্ট হারিকেনস দলে ভেড়ায় তাকে। যদিও বিপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়ায় সেখানে খেলতে পারেননি তিনি। তবে পারফর্ম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখেছেন এই লেগ স্পিনার।
পিএসএলে দল পাওয়ার প্রতিক্রিয়ায় রিশাদ বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল যে, পিএসএলে লাহোর কালন্দার্সে সুযোগ পেয়েছ। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম যে, আমাকে নেয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’ বিপিএলে রিশাদের দল বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২০ আসরে এই দলের হয়ে দু’টি এলিমিনেটর ম্যাচ ও ফাইনাল খেলেছিলেন তামিম। সেই অভিজ্ঞতা থেকেই রিশাদকে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিছুটা ধারণা দিয়ে রেখেছেন তিনি। এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন যে, ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে।’ পিএসল নিয়ে অবশ্য এখনই খুব একটা ভাবতে নারাজ রিশাদ। তার সব মনোযোগ এখন চলতি বিপিএল ঘিরেই। তিনি বলেন, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলবো আলহামদুল্লিল্লাহ। আগেই বলেছিলাম, আমি কোনো আশা করি না, আইপিএল, বিগব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখবো।’ পিএসএলে একাধিক শিরোপাজয়ী দুই দলের একটি লাহোর কালান্দার্স। ২০২২ ও ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে পিএসএলে তিন মৌসুমে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি পেশাওয়ার জালমির হয়ে। লাহোরের হয়ে ওই তিন ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে একটি ধারণা তো হয়েছেই।
রিশাদের ধারণা, পরের মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশের লীগে খেলার সংখ্যা বাড়বে আরও। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার বলেন, ‘ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর আরও সুযোগ আসবে, তিন-চার জনের বেশি। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাইবো যে, ১২-১৫ জন, বাইরের লীগগুলো খেলবো। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, আশা থাকবে, পরে আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের ক্রিকেটাররা।’