স্পোর্টস ডেস্ক
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ও সিরিজ নির্ধারনীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে তার জায়গায় সিডনিতে টস করেছেন জসপ্রিত বুমরাহ। তবে কি অস্ট্রেলিয়ার মাটিতেই শেষ হচ্ছে রোহিত শর্মার সাদা জার্সির দৌড়? সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীর মতো ভারতীয় কিংবদন্তিরদের মতে, রোহিতের টেস্ট ক্যারিয়ারের ইতি এখানেই।
চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারেননি রোহিত। তারপর থেকে ৩ টেস্টে ৫ ইনিংস ব্যাট করে ভারতীয় অধিনায়কের সংগ্রহ যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯ রান। তবে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর থেকেই আঙুল উঠতে থাকে রোহিতের অধিনায়কত্বের দিকে। চলতি অস্ট্রেলিয়া সফর যার পালে হাওয়াটা বেশ জোরভাবে দেয়। অনেক গুঞ্জনের পর শুক্রবার সিডনিতে টস করতে এসে বুমরাহ জানান, নিজ থেকেই বিশ্রাম নিয়েছেন রোহিত। এমন পরিস্থিতে প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় টিভির আলোচনায় গাভাস্কার বলেন, ‘ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে না পারে, তবে মেলবোর্ন টেস্টই রোহিত শর্মার শেষ টেস্ট হবে বলে আমি মনে করি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্র শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। নির্বাচকরা ২০২৭ ফাইনাল পর্যন্ত পাওয়া যাবে, এমন কাউকেই চাইবেন। ভারত ফাইনালে খেলতে পারবে কিনা সেটা অন্য ব্যাপার। তবে নির্বাচক কমিটি হয়তো এটাই করবে। টেস্ট ক্রিকেটে রোহিতকে আমরা সম্ভবত শেষবার দেখে ফেলেছি।’ ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও সুর মেলান গাভাস্কারের সঙ্গে। তিনি বলেন, ‘সামনে যদি ঘরের মাঠে মৌসুম থাকতো, তবে সে হয়তো চালিয়ে যাবার কথা ভাবতে পারতো। আমার মনে হয় সে এই টেস্টের পরেই ইতি টানার ঘোষণা দেবে। তার বয়স তো আর কমছে না… এমনও না যে দলে তরুণ ক্রিকেটার নেই। অনেক ভালো ক্রিকেটার উঠে আসছে এবং গড়ে তোলার সময়টা এখনই। সিদ্ধান্তটা কঠিন হলেও একটা পর্যায়ে সবকিছুরই সময় আসে।’
চলতি সিরিজের আগে থেকেই ব্যাটে ধার কমেছে রোহিতের। সবশেষ ১৫ ইনিংসে একবার ফিফটি করেছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৪২ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় ইনিংসে তার সংগ্রহ মোট ৯১ রান।











































