বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষার্থী হৃদয় ঘরামী বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা করেন। পুলিশ হামলার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মামলার এজাহারে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামি করে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার পর ৫ জনকে গ্রেপ্তার করে আজ বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় মোল্লাহাট উপজেলার তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র ঢাকাগামী শিক্ষার্থীদের গাড়িবহরে ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করার সময়ে ছাত্রদের গাড়িতে ধাক্কা লাগে। ছাত্ররা হ্যান্ডমাইকে প্রতিবাদ জানালে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন ছাত্রকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘণ্টা পর ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে ২৩ জন আহত হন।











































