Home আঞ্চলিক খুলনাজুড়ে ২০ সহস্রাধিক অবৈধ ইজিবাইক ও অটোরিকশার দাপট

খুলনাজুড়ে ২০ সহস্রাধিক অবৈধ ইজিবাইক ও অটোরিকশার দাপট

104

সৈয়দ রানা কবীর।।
আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে প্রতিদিন খুলনা মহানগর ও জেলায় অবৈধভাবে ২০ সহস্রাধিক ইজিবাইক ও অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। অহরহ ঘটছে নানা রকম দুর্ঘটনা। সাবেক পলাতক মেয়র তালুকদার আব্দুল খালেকের আমলে প্রতিটিতে প্রায় ১১ হাজার টাকা করে নিয়ে ৭ হাজার ৮৯০ টি ইজিবাইকের অনুমোদন স্টিকার সরবরাহ করা হয়। আর এতে নেওয়া হয়েছে প্রায় পৌনে নয় কোটি টাকা। এসবের পরও নগরীতে জালিয়াতি ও অবৈধভাবে নম্বর প্লেট ব্যবহার করে চলছে ১০ সহস্রাধিক ইজিবাইক। আর ফায়দা লুটছে কতিপয় দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা। চলতি বছর ৫ জানুয়ারির মধ্যে সিটির মধ্যে চলাচল করা অবৈধ ইজিবাইক ও অটো রিকশার নবায়নের শেষ দিন ধার্য করা হয়েছে।


চলাচলকারী যাত্রীদের সুত্রে জানা যায়, খুলনা নগরী ও জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৩০ হাজারের বেশি ইজিবাইক ও অটোরিকশা। যার মধ্যে ৭ হাজার ৮৯৮টির রয়েছে কেসিসির বৈধ লাইসেন্স। এ ছাড়াও চলছে পণ্যবাহী আরো প্রায় ৩ হাজারের বেশী ইজিবাইক। যার মধ্যে কেসিসির বৈধ লাইসেন্স রয়েছে অর্ধেকের কম। এর মধ্যে প্রায় সহস্রাধিক অটোর লাইসেন্সর কপি জালিয়াতি করে অবৈধভাবে নম্বর প্লেট বানিয়ে দেদারসে চলাচল করছে। কিন্তু এ সকল অবৈধ ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে পুলিশ ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ কোন পদক্ষেপ না নেয়ায় সাধারণ মানুষের মনে ক্ষোভ বিরাজ করছে।


খোঁজ নিয়ে জানাগেছে, পুলিশ পূর্বের মত ঘুষ বাণিজ্যের মাধ্যমে নগরীতে অবাধে অবৈধ ইজিবাইক ও অটোরিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছে। বর্তমানে খুলনা মহানগর ও জেলায় আশংকাহারে বাড়ছে ইজিবাইক ও অটোরিকশা। এতে করে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কেএমপি কমিশনার ইজিবাইক ও অটোরিকশা নগরীর শিববাড়ি মোড় এলাকা পার না হওয়ার নির্দেশ দিলেও তা কার্যকর হচ্ছে না। পুলিশ ও ট্রাফিক বিভাগ পালন করছেনা বলে অভিযোগ রয়েছে। মাঝে মধ্যে দুই-একটি শাস্তিমূলক ব্যবস্থা নিলে অপরাধের তুলনায় কম।
তবে এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ( টিআই) গাজী মিজানুর রহমান এই প্রতিবেদককে জানান, গত মাস থেকে স্টেপ বাই স্টেপ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগরীতে বেশ কিছু ইজিবাইক ও অটোরিকশা বাইরে থেকে প্রবেশ করছে। যাতে এ সকল অবৈধ ইজিবাইক ও অটোরিকশা শহরে প্রবেশ না করে সেই নির্দেশনা দেয়া হয়েছে ট্রাফিক সদস্যদের। তিনি বলেন, এ জন্য সকলের সম্মিলিত সহযোগিতা দরকার। তবে তিনি ট্রাফিক পুলিশ কর্তৃক বৈধ বা অবৈধ ইজিবাইক ও অটোরিকশা থেকে ঘুষ বাণিজ্যের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।
এ দিকে কেসিসির লাইসেন্স বিভাগের অফিসার শেখ মো: দেলওয়ার হোসেন জানান, পূর্বে কেসিসির প্যাডেল চালিত প্রায় ১৭ হাজার রিকশার লাইসেন্স ছিল। কিন্তু সেগুলোর মধ্যে অধিকাংশ এখন ব্যাটারি চালিত হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে।


অপর একটি সুত্র জানা যায়, পলাতক সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক প্রায় এগারো হাজার টাকা করে নিয়ে ৭ হাজার ৯০০ টি ইজিবাইকের পারমিশন (লাইসেন্স) দিয়ে স্টিকার সরবরাহ করেন।
কেসিসির লাইসেন্স অফিসার বলেন,বর্তমানে ৭ হাজার ৯৮০ টি ইজিবাইকের অনুমতি (লাইসেন্স) রয়েছে। এর মধ্যে অধিকাংশ ইজিবাইকের নবায়ন করা হয়েছে। কিছু এখনো বাকি আছে। গত সেপ্টেম্বর মাস থেকে ডিজিটাল করা হয়েছে। তবে তিনি বলেন এর মধ্যে অধিকাংশ ইজিবাইকের বৈধ লাইসেন্স জালিয়াতি করে অবৈধভাবে নগরীতে চলাচল করছে। এ গুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। স্মার্ট কার্ড তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রকৃয়া চলমান। চলতি মাসের শেষে বিতরণ করা হবে বলে জানান। তিনি বলেন, চালকদের প্রশিক্ষণ দেয়া, নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পার্কিংসহ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২০ ডিসেম্বর থেকে ফি দিয়ে নবায়ন চলমান রয়েছে। আগামী ৫ জানুয়ারী পর্যন্ত নবায়ন করা যাবে। তাদেরকে ডুপ্লিকেট বই দেয়া হবে। পরবর্তীতে নবায়ন ছাড়া ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া পণ্যবাহী অটো লাইসেন্স আছে ১ হাজার ৯৬টির। তবে দ্বিগুণ পরিমানে অটো বিনা লাইসেন্সে চলাচল করছে।


এছাড়া জেলার রূপসা, দিঘলিয়া, ডুমুরিয়া, ফুলতলা, তেরোখাদাসহ জেলা জুড়ে অবৈধভাবে অবাধে চলাচল করছে। তবে জেলার থানা ও ট্রাফিক সদস্যদের ম্যানেজ করে এ সকল ইজিবাইক ও অটোরিকশা চলাচল করছে।
সাধারণ মানুষ ও নানা ভুক্তভোগী যাত্রীরা অবৈধ ও বৈধ এসকল ব্যাটারি চালিত অটোরিকশা ও অটোরিকশার সকল মালামাল ক্রয়-বিক্রয় দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন।