স্পোর্টস ডেস্ক
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন বেশ কয়েক বছর। তবে এই টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেননি তিনি। আগামী আসরের জন্য আবারও টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব।খবর পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের।
গতকাল বৃহস্পতিবার সাকিবের নাম নিবন্ধনের ঘটনাটি জানিয়েছে পিসিবি। গত অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর খেলছেন না সাকিব। এই সময়ে খেলে বেড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে।
২০১৬ সালে পিএসএলের উদ্বোধনী আসরে করাচি কিংসের হয়ে খেলেছেন সাকিব। মোট তিনবার পাকিস্তানের এই লিগে খেলেছেন তিনি। সবশেষ ২০২৩ সালে পেশোয়ার জালমির জার্সিতে দেখা গেছে তাকে। যদিও সেবার মাত্র এক ম্যাচেই দেখা গেছে তাকে।
পিএসএলে সাকিবের অতীত ইতিহাস খুব একটা সুখকর নয়। এখনো পর্যন্ত খেলা ১৪ ম্যাচে মাত্র ১৮১ রান করেছেন তিনি। ১ হাফ সেঞ্চুরিসহ টুর্নামেন্টে সাকিবের ব্যাটিং গড় ১৬.৪৫। বল হাতেও খুব একটা সফল নন তিনি। ১২ ইনিংসে শিকার করতে পেরেছেন কেবল ৮ উইকেট। সেরা বোলিং ফিগার ২-১৪।
সাকিব ছাড়াও পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), টম কারেন (ইংল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ডেভিড উইলি (ইংল্যান্ড), উসমান খাজা (অস্ট্রেলিয়া) ও জেসন রয়ের (ইংল্যান্ড) মতো ক্রিকেটাররা।











































