স্পোর্টস ডেস্ক
মিচেল স্টার্কের করা দিনের শেষ বেল লেগ সাইডে ফ্লিক করে চার আদায় করে নিলেন রবীন্দ্র জাদেজা। দারুণ শটে দিন শেষ হলেও তার আগের ৩১ বলেই ঘটে গেছে ভারতের বিপদ। এই সময়ে দলটি হারিয়েছে যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি ও নাইটওয়াচম্যান আকাশ দীপকে। তাই মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে বিপদে ফেলে রাজত্বটা ধরে রাখল অস্ট্রেলিয়াই।
বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে প্রথম ইনিংসে ৪৭৪ রান তুললেও ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। শতরানের জুটি গড়ে উপযুক্ত জবাবই দিচ্ছিলেন তারা। তবে শেষ বিকেলে তিন উইকেট হারানোয় ভারতের ইনিংস ফিগার দাঁড়িয়েছে: ১৬৪/৫। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে এখনো পিছিয়ে ৩১০ রানে।
আগের দিনেই টপ অর্ডারের ব্যাটারদের দাপটে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে দিন শেষ করে তারা। স্টিভেন স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিনে তিনি শেষ করেন ১৪০ রানে। ভারতের বিপক্ষে টেস্টে এটি তার ১১তম সেঞ্চুরি। আর সবমিলিয়ে ৩৪তম। অধিনায়ক কামিন্স করেন ৪৯ রান। এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই ৪৭৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার রানপাহাড়ে চাপা পড়া ভারত উইকেট হারায় শুরুতেই। অফফর্মকে লম্বা করে প্যাট কামিন্সের বলে স্কট বোল্যান্ডকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর ৪৩ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। তবে কামিন্সের দুর্দান্ত এক আউটসুইঙ্গারে পরাস্ত হয়ে রাহুল (২৪) প্যাভিলিয়নের পথ ধরলে বিপদে পড়ে ভারত।
এরপর দুর্দান্ত এক জুটি গড়ে উপযুক্ত জবাব দিচ্ছিলেন জয়সোয়াল ও কোহলি। তবে শেষদিকে কী যেন হলো! পাগলাটে এক দৌড় দিয়ে রান আউটের শিকার হলেন জয়সোয়াল। তাতে থামে তাদের ১০২ রানের জুটি। দলীয় ১৫৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফেরা জয়সোয়ালের একার থেকেই আসে ৮২ রান। জয়সোয়ালের বিদায়ের পর টিকতে পারেননি কোহলিও (৩৬)। সেই একই দুর্বলতা। ষষ্ঠ স্টাম্পের বল খোঁচা মারতে গিয়ে স্টাম্পের পেছনে ক্যাচ দেন তিনি। নাইটওয়াচম্যান আকাশ নেমে দিন শেষ করে আসতে পারেননি। ২১ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে সফরকারীরা।











































