আন্তর্জাতিক ডেস্ক।।
৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতারের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও অ্যান্টি টেরোরিজম সেল এটিসি। অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ মুর্শিদাবাদ ও নদিয়া জেলার সীমান্তে শক্তি বাড়িয়েছে বিএসএফ। অনুপ্রবেশের অভিযোগে আটক ১৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাউকি পুলিশ জানিয়েছেন, আটককৃতদের ১৩ জনই সিলেটের বিভিন্ন অঞ্চলের অধিবাসী। ২৪ ডিসেম্বর তাদের আটকের পর ডাউকি পুলিশের কাছে ওই ১৩ জনকে হস্তান্তর করে বিএসএফ। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আর চোরাচালানের অভিযোগ এনে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, এই মাসের শুরু থেকে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে শুরু হওয়া ধরপাকড়ের অংশ হিসেবে ১৭ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে মহারাষ্ট্র পুলিশের বিশেষ সেল এটিসি। বলা হয়েছে- বুধবার থেকে মুম্বাই, নভি মুম্বাই, থানে আর নাসিকের বিভিন্ন ঠিকানা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের ১৪ জন পুরুষ আর তিন জন নারী। ভারতে অবস্থানের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে জাল আধার কার্ড আর প্যান কার্ড পাওয়া গেছে। ১৯৪৬ সালের বিদেশি আইন, ভারতে প্রবেশ আইন আর পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।











































