খুলনাঞ্চল ডেস্ক।।
বাংলাদেশে শেখ হাসিনার দেশ ছাড়ার পর পাকিস্তানের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটেছে। উভয় দেশের আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্যে ২০২৪ সালের জুলাই-নভেম্বর পর্যন্ত আমদানি ও রপ্তানি উভয় দেশেই বেড়েছে। বিশেষত, পাকিস্তানের শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের প্রতিবেশী দেশগুলির মধ্যে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৯টি দেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ৪৭.৫৫ শতাংশ বেড়ে ৪.৪৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩.০৩২ বিলিয়ন ডলার। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, চীন ও ভারত থেকে আমদানি বৃদ্ধি এবং চীনে রপ্তানি হ্রাসের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এদিকে, আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় পাকিস্তানের পণ্য রপ্তানি বেড়েছে। দ্য ডন অনুযায়ী, গত বছরের তুলনায় পাকিস্তানের রপ্তানি এই তিন দেশে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা চীনে রপ্তানি হ্রাসের ক্ষতিপূরণ করেছে। পাকিস্তান থেকে আফগানিস্তান, বাংলাদেশ, ও শ্রীলঙ্কায় রপ্তানির পরিমাণ জুলাই-নভেম্বর মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পাকিস্তান থেকে বাংলাদেশে রপ্তানি গত পাঁচ মাসে ২৯.৭৬ শতাংশ বেড়েছে, যা ৩১৩.৯৯ মিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৪১.৯৬ মিলিয়ন ডলার। পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় রপ্তানি ২৫.৩ শতাংশ বেড়েছে, যেখানে শ্রীলঙ্কা তাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে।
এছাড়া, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পাকিস্তান থেকে আফগানিস্তানে রপ্তানি ৭৩.৩৭ শতাংশ বেড়ে ৪০৬.৬৭ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কেও কিছু পরিবর্তন দেখা গেছে, যেখানে পাকিস্তান থেকে ভারতের রপ্তানি সামান্য বেড়েছে, তবে ভারতে পাকিস্তানের আমদানি ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, পাকিস্তান এবং চীনের মধ্যে বাণিজ্যে উল্টো প্রবণতা দেখা গেছে। পাকিস্তান থেকে চীনে রপ্তানি কমে গেছে, তবে চীন থেকে পাকিস্তানে আমদানি বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
তবে, পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, ইরানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য মূলত অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়, ফলে সেখানে আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায় না। পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত দিয়ে ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য এবং এলপিজির চোরাচালান বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তান-ভুটান সম্পর্কের মধ্যে বাণিজ্যিক কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি, এবং চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে দুদেশের মধ্যে কোনো বাণিজ্য পরিলক্ষিত হয়নি।











































