Home আঞ্চলিক ভাস্কর শেখ সাদী ভূঁঞা তাঁর শিল্পকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন :...

ভাস্কর শেখ সাদী ভূঁঞা তাঁর শিল্পকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : উপাচার্য

9

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ সাদী ভূঁঞার স্মরণ সভা আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১.৩০ মিনিটে চারুকলা স্কুলের আঙিনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, খুলনা আর্ট কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে আত্মীকৃত করা এবং চারুকলা ইনস্টিউট তথা চারুকলা স্কুল প্রতিষ্ঠায় যে কয়েকজন শিক্ষকের অবদান অগ্রগণ্য তাঁর মধ্যে অন্যতম শেখ সাদী ভূঁঞা। তাঁর স্মৃতিগুলো সবসময় চোখের সামনে ভাসে। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী। শিক্ষক-শিক্ষার্থী সকলের কাছেই তিনি ছিলেন শ্রদ্ধাভাজন। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করা এই শিক্ষক ছিলেন নিরংহকারী ও পরোপকারী। জীবদ্দশায় তিনি যে শিল্পকর্মগুলো করেছেন, তাঁর মাধ্যমে তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর এই শিল্পকর্মগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে ভাস্কর্য ডিসিপ্লিনকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, শেখ সাদী ভূঁঞা ছিলেন অত্যন্ত সহজ-সরল একজন মানুষ। শিক্ষার্থী ও সহকর্র্মীদের স্মৃতিচারণের মাধ্যমে তাঁর স্মৃতি সবসময় অম্লান থাকবে। তাঁর অকাল প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি তা অপূরণীয়। তাঁর পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও তাঁদের পাশে আমাদের দাঁড়ানো উচিত।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান মোঃ আমিনূল ইসলাম।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান। আরও বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শান্তনু মন্ডল, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ তরিকত ইসলাম, ভাস্কর্য ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী সুজন সেন, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী মাহবুব-ই-খুদা ও ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষার্থী সাকিবুজ্জামান সাজিদ।
বক্তারা বলেন, শেখ সাদী ভূঁঞা সবসময় শিল্পকর্ম নিয়ে ভেবেছেন। তাঁর মননে ছিল চারুকলা স্কুলকে বিকশিত করা। ভাস্কর্যের মাধ্যমে তিনি তাঁর সৃজনশীলতাকে প্রকাশ করেছেন। তিনি কখনও আত্মকেন্দ্রিক ছিলেন না। শিক্ষার্থী ও সহকর্মীদের পাশাপাশি নাগরিক সমাজেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তিনি শিশুদের খুব ভালবাসতেন। নিজ এলাকায় গেলে শিশুরা তাঁর কাছে ছুটতে আসতো। তাঁর মতো একজন গুণী শিল্পীকে হারিয়ে শিল্পাঙ্গণে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাই তাঁর শিল্পকর্মকে সংরক্ষণের মাধ্যমে আমাদের আন্তরিক হতে হবে। নতুন প্রজন্মের মাঝে তাঁর চিন্তা-চেতনা ও সৃজনশীলতাকে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মারিয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে শেখ সাদী ভূঁঞার কর্মময় জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় প্রয়াত শিক্ষকের স্ত্রী ও দুই ছেলেসহ চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী এবং খুলনা আর্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের
এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভা আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের এডিটর ইন চিফ উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজে প্রকাশনার জন্য জমা পড়া গবেষণা নিবন্ধ প্রকাশ, ইনডেক্সিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য কেইউ স্টাডিজের কার্যক্রম গতিশীল হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া কিভাবে কেইউ স্টাডিজ এর ইনডেক্সিং করা যায়, কিভাবে আরও আন্তর্জাতিক পর্যায় থেকে আর্টিকেল আসে, কিভাবে বিদেশি গেস্ট এডিটর যুক্ত করা যায় সেসব দিকে উপাচার্য বিশেষ দিকনির্দেশনা দেন। সভায় উপাচার্য বিগত দিনে যারা অক্লান্ত পরিশ্রম করে কেইউ স্টাডিজকে একটি পর্যায়ে নিয়ে গেছেন তাদেরকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
সভায় আরও বক্তৃতা করেন বোর্ডের এডিটর ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভায় এডিটরিয়াল বোর্ডের নির্বাহী সম্পাদক প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন আলোচ্যসূচি উপস্থাপন করেন।
এ সময় এডিটরিয়াল বোর্ডের এসোসিয়েট এডিটর প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. মোঃ নূর আলম, প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, এডিটর প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, প্রফেসর ড. মোঃ শামীম আহসান, প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার, প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমান, প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলাম উপস্থিত থেকে খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজকে আরও বেশি সমৃদ্ধ করতে মতামত ব্যক্ত করেন।

খুবির ঐকাত্মিক ১৯ ব্যাচের শিক্ষা সমাপনীর উদ্বৃত্ত
অর্থ ছাত্রকল্যাণ এনডাউমেন্ট ফান্ডে প্রদান

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐকাত্মিক ১৯ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান থেকে উদ্বৃত্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ এনডাউমেন্ট ফান্ডে প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এর হাতে উদ্বৃত্ত এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপাচার্য বলেন, এটি নিঃসন্দেহে অনন্য এক উদ্যোগ। মানবতার জন্য এটি দৃষ্টান্ত। ১৯ ব্যাচের শিক্ষার্থীদের এই মানবিক কর্মকাণ্ড দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে এবং পরবর্তীতে মানবতার সেবায় এগিয়ে আসবে। তিনি পেশাগত জীবনেও সফল হওয়ার পর শিক্ষার্থীদের মানবিক এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপ-উপাচার্য বলেন, শিক্ষা সমাপনী অনুষ্ঠানের উদ্বৃত্ত নিজেদের অনুজদের কল্যাণে ব্যয় করা মহৎ কাজ। মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে। শিক্ষার্থীদের এ কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে তিনি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং ১৯ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সাকিব, রাফিদ, প্রণয়, হৃদয়, মাহির, অপূর্ব, সাদিয়া, জিদান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ ব্যাচের শিক্ষা সমাপনী থেকে উদ্বৃত্ত এই অর্থ ব্যাংকে এফডিআর হিসেবে রাখা হবে। এখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাবে, তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তত্ত্বাবধায়নে এবং উপাচার্যের অনুমোদনক্রমে ভবিষ্যতে গুরুতর রোগের চিকিৎসাসহ অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।