Home খেলাধুলা সমর্থকরা হতাশ ও ক্লান্ত: ম্যানইউ কোচ

সমর্থকরা হতাশ ও ক্লান্ত: ম্যানইউ কোচ

46


স্পোর্টস ডেস্ক

কোচ বদল করলেও ভাগ্য বদল হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। এরিক টেন হাগের স্থলাভিষিক্ত রুবেন আমুরিমের অধীনে মাঝে মাঝে জয় পেলেও হারের পাল্লাই বেশি ভারী রেড ডেভিলদের।

রবিবার রাতে সবশেষ বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে গোলে উড়ে গেল দলটি। তাও আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। ম্যাচে অবশ্য সবদিক দিয়েই এগিয়ে ছিল ইউনাইটেড। বল দখল ও শট নেওয়ায় বোর্নমাউথ ছিল অনেক পেছনে। তবে ফুটবলের আসল কাজ গোলটিই আদায় করতে পারেননি আমোরিমের শিষ্যরা।

এদিন বোর্নমাউথের চেয়ে দ্বিগুণের বেশি শট নিয়ে একটিও গোল করতে পারেনি তারা। সবকিছু মিলিয়েই পরিস্থিতি ভীষণ জটিল হয়ে পড়েছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আমুরিম তেমনটিই জানিয়ে দিলেন।

আমুরিম বলেন, ‘কঠিন এক মুহূর্ত, কিন্তু আমাদের এর মোকাবিলা করতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘‘তাদের কোচিং করানো আমার দায়িত্ব। অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে সবকিছু আরও কঠিন লাগছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ঘরের মাঠে ৩-০ গোলে হার, ক্লাবের সবার জন্যই মেনে নেওয়া কঠিন। অবশ্যই সমর্থকরা খুবই হতাশ ও ক্লান্ত।’

এই হারের পর ১৭ ম্যাচ শেষে ৬ জয় ৪ ড্র ও ৭ হারে ২২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে প্রিমিয়ার লিগের ১৩ নম্বরে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ উঠে এসেছে পাঁচে। সবার ওপরে লিভারপুল।