Home খেলাধুলা দ. আফ্রিকা-পাকিস্তান ম্যাচ চলাকালীন মাঠেই সন্তানের জন্ম

দ. আফ্রিকা-পাকিস্তান ম্যাচ চলাকালীন মাঠেই সন্তানের জন্ম

54


স্পোর্টস ডেস্ক

আগেই সিরিজের ভাগ্য ঠিক হয়ে ছিল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা পাকিস্তান গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ওয়ানডে খেলতে নামে। তবে পানসে এই ম্যাচে ওয়ান্ডারার্সের মাঠ অন্য এক আনন্দে মাতল। তৃতীয় ওয়ানডে চলাকালীন মাঠেই সন্তানের জন্ম দিলেন এক নারী।

রবিবার খেলা চলাকালীন এক তরুণীর প্রসবযন্ত্রণা শুরু হয়। তাকে সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের মধ্যে থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন ওই নারী। পরে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা, ‘স্টেডিয়ামেই পুত্রের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ এই বার্তা দেখে গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

এদিকে খেলা চলাকালীন আরও একটি দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় এক জনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি পরে নেন তিনি। সেই দৃশ্য দেখেও হাততালি পড়ে ওয়ান্ডারার্সে।

গতকাল অবশ্য পাকিস্তান ক্রিকেটের জন্য গর্বের দিন ছিল। প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল তারা। বিদেশের মাটিতে অধিনায়ক হিসাবে সফল মোহাম্মদ রিজওয়ান। সিরিজের সেরা হয়েছেন ওপেনার সাইম আয়ুব। কিন্তু অপর ওপেনার আবদুল্লা শফিক অবশ্য লজ্জার রেকর্ড গড়েছেন। তিনটি ম্যাচেই শূন্য রানে ফিরেছেন তিনি।