Home জাতীয় হেনরী দম্পতির অ্যাকাউন্টে ৪০০০ কোটি টাকা লেনদেন

হেনরী দম্পতির অ্যাকাউন্টে ৪০০০ কোটি টাকা লেনদেন

119


খুলনাঞ্চল রিপোর্ট।।

সিরাজগঞ্জ-২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় চার হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ


অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেপ্তার হন হেনরী।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার টাকা। হেনরী অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ টাকা

এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের (১১৫ টাকা হিসাবে প্রায় ১ হাজার ৫৮৫ কোটি টাকা) সন্দেহজনক লেনদেন করেছেন। সোনালী ব্যাংকের পরিচালক থাকার সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার সুবাদে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

অপর মামলার এজাহারে বলা হয়, আসামি মো. শামীম তালুকদার (লাবু) তার স্ত্রী জান্নাত আরা হেনরীর অপরাধলব্ধ অর্থ দ্বারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তিনি তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

২০০৮ সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে ব্যাপক সাড়া ফেলেন। শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসা হেনরী দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন।

অ্যাডভোকেট কামরুলের বিরুদ্ধে মামলা : প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-২ আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া দুদকের অনুসন্ধান টিম কামরুল ইসলামের স্ত্রী বেগম তায়েবা ইসলাম, ডা. তানজীর ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের সন্দেহজনক সম্পদের তথ্য পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। পরিবারের এই সদস্যদের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এজাহারে বলা হয়, অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১৫টি হিসাবে মোট ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১৪ অক্টোবর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সবগুলো জাতীয় নির্বাচনে জয় পান আওয়ামী লীগের এই নেতা। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০১৫ সালের জুনে ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকা মূল্যের দুই লাখ টন পচা গম আমদানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কামরুল।

সাবেক মন্ত্রী মহিববুর রহমানের বিরুদ্ধে মামলা : ১১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক। গতকাল সোমবার সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, মহিববুর রহমানের ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার টাকার সম্পদ অর্জন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তার ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী ফাতেমা আক্তারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিন কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া গেছে। ফাতেমার নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের বিরুদ্ধে মামলা : এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

এর আগে গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। অভিযোগ আছে এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।