আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিস্কোর গহীণ অরণ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।তারা জানায়, প্রতিবেশী রাজ্য মিসিওয়াক্যানের লা প্যারোটা থেকে সেসেনা-২০৭ বিমানটি যাত্রা করছিল।
জালিস্কোর সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত এলাকায় প্রবেশ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেলেও তাদের কারো পরিচয় এখনো জানা যায়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘সম্ভাব্য আরও ক্ষতি এড়াতে সেখানে আগুন নেভানোর জন্য যাওয়াটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ পুরো ঘটনা তদন্ত করছে বলে জানানো হয়েছে।











































