মোংলা প্রতিনিধি
মোংলায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন উদ্দীপন যুব সংঘ। আর রানারআপ হন বৈরাগীখালী তরুন যুব সংঘ। বৈরাগীখালী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে দেশব্যাপী খেলাধুলার প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হবেন। তাতে তাদের উজ্জল ভবিষ্যৎ গড়ে উঠবে। আমরা ছেলে-মেয়েদেরকে খেলাধুলার মাঠে রাখতে চাই। আর বিগত ফ্যাসিস্ট সরকার ছেলে-মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় টিকে ছিলেন।











































