Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

62
সাইকেলের টায়ার নিয়ে মেঠো পথে খেলায় মেতেছে শিশু

চার প্রকল্পে ব্যয় ৫ হাজার কোটি টাকা, অনিয়ম খতিয়ে দেখতে ওজোপাডিকোতে অভিযান দুদকের
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর বয়রা এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয়ে রোববার দুপুর ১টা থেকে ৩টা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ৪টি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়। এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনা করবে দুদক।
দুপুর একটার দিকে দুদকের একটি টিম দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর প্রধান কার্যালয়ে যায়। সেখান থেকে ৫ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৪টি প্রকল্পের বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেন। এছাড়া আরও কিছু কাগজপত্র সরবরাহের নির্দেশনা দেন।
অভিযানে নেতৃত্বে দেওয়া দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, গত ১৬ বছরে সংস্থাটি ২টি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং আরও ২টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় ৫ হাজার কোটি টাকা। এই প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে ওজোপাডিকো থেকে প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা সব কাগজপত্র দিতে পারেনি, সোমবার বাকি কাগজপত্র দেবে বলে জানিয়েছে।
তিনি জানান, মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়্যাল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কেনা হবে। ইউনিট প্রতি ক্রয় মূল্য ২১ টাকা ২৫ পয়সা। কিন্তু গ্রাহকদের কাছে তা বিক্রি করা হবে ৪ থেকে ৮ টাকা করে। এর ফলে সরকারকে লোকসান গুনতে হবে।

দুদকের সহকারী পরিচালক আরও জানান, সাবমেরিন ক্যাবল বা অন্য কোনো উপায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ না করে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাড়তি দামে কেন বিদ্যুৎ কেনা হবে তা ওজোপাডিকোর কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়। তারা বলেছে, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। বাকি কাগজপত্র পেলে তা পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

জামিন নামঞ্জুর, কারাগারে সালাম মুর্শেদী
স্টাফ রিপোর্ট
হত্যা, হামলা ও মারধরের ৪টি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে ৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়। এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীর অনুসারী ও তার বিরোধীপক্ষের পক্ষে বাকবিতণ্ডা হয়। গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র্যাব।

প্রশিক্ষণের নামে খুলনায় পিটিআই সুপারের ‘পুকুর চুরি’
খুলনাঞ্চল ডেস্ক
খুলনা প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া প্রশিক্ষণার্থী দেখিয়ে প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেছেন সরকারি কোষাগার থেকে। ভাউচারে প্রশিক্ষণার্থীদের জাল স্বাক্ষর দিয়ে কোটির বেশি টাকা তুলে নিয়েছেন সুপার। সেই টাকা নিজের অ্যাকাউন্টে রেখে ভোগ করছেন লভ্যাংশ।
খুলনা পিটিআই সূত্রে জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২৩-২৪ (জানুয়ারি-অক্টোবর) এবং ২০২৪-২৫ (জুলাই-এপ্রিল) সেশনে মোট ২৮০ জন শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি হয় পিটিআইতে। পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ভাতা, নাস্তা, কিট অ্যালাউন্স এবং দুপুরে খাবার বাবদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে খুলনা পিটিআইয়ের অনুকূলে ১৩ জুন ১৫০ জন প্রশিক্ষণার্থী ও ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য ৮০ লাখ ২৩ হাজার ৬শ টাকা বরাদ্দ হয়। একই সঙ্গে ২২ আগস্ট ১২০ প্রশিক্ষণার্থী ও ১৮ জন কর্মকর্তা/কর্মচারীর জন্য দ্বিতীয় দফায় ২৪ লাখ ১১ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেয়।
জুলাই-২৪ থেকে এপ্রিল-২৫ সেশনে ১৫০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার আগেই ভাতার বরাদ্দ ৮০ লাখ ২৩ হাজার ৬শ টাকা বিভাগীয় হিসাব রক্ষণ অফিস থেকে তুলে নেন পিটিআই সুপার। এই টাকা উত্তোলনের ভাউচারে ১৫০ জনের স্বাক্ষরই জাল বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, প্রশিক্ষণ শুরু হয়েছে ১ জুলাই থেকে। অথচ প্রশিক্ষণের জন্য বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে ১৯ জুন। আগাম তুলে নেওয়া বিপুল অঙ্কের টাকা তিনি নিজের অ্যাকাউন্টে রাখেন। সেখান থেকে পাওয়া লভ্যাংশও তিনি ভোগ করেন। সাধারণত তিন/চার মাস পরপর প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়। ওই সময় টাকা তোলার নিয়ম। তিনি নিয়মবহির্ভূতভাবেই ব্যক্তিগত স্বার্থে প্রশিক্ষণের আগেই প্রশিক্ষণার্থীদের স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচারের মাধ্যমে এককালীন সব বরাদ্দ তুলে নিয়েছেন।
এ ছাড়া টাকা উত্তোলনের ভাউচারে ১৫০ জনের মধ্যে ৯ জন প্রশিক্ষণার্থীর ভুয়া নাম দেওয়া হয়েছে। অথচ ১৯ জুন পর্যন্ত ভর্তি হয় ১৪১ জন প্রশিক্ষণার্থী শিক্ষক।
অনুসন্ধানে জানা গেছে, একইভাবে জানুয়ারি ’২৪ থেকে অক্টোবর ’২৪ সেশনে ১২০ জনের জন্য ২২ আগস্ট’২৪ তারিখে বরাদ্দ ২৪ লাখ ১১ হাজার ৫২০ টাকা জাল স্বাক্ষর দিয়ে উঠিয়ে তুলে নেওয়া হয়। এ কাজে তাকে সহযোগিতা করেন অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মুনির আহমেদ। অর্থ বরাদ্দের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশিক্ষণার্থী (চলমান) বলেন, ‘টাকা দেওয়া হয় ধাপে ধাপে। আমাদের স্বাক্ষর জাল করে টাকা অগ্রিম তোলা হয়েছে কিনা আমার জানা নেই।’
এদিকে খুলনা পিটিআইতে রাজস্ব খাতে ১৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। অথচ জুলাই ২৪ থেকে এপ্রিল ২৫ সেশনে ১৫০ জন প্রশিক্ষণার্থীর বরাদ্দের সঙ্গে ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর জন্যও টাকা তোলা হয়েছে। অতিরিক্ত ৮ জনের নাম ব্যবহার করে তোলা টাকার কোনো হিসাব নেই।
পিটিআইসূত্র জানিয়েছে, প্রশিক্ষণার্থীদের হোস্টেলে থাকার জন্য জনপ্রতি ১৮শ করে টাকা নেওয়া হয়। অথচ অধিকাংশ শিক্ষকই থাকেন হোস্টেলের বাইরে। হোস্টেল বাবদ নেওয়া এই টাকার কোনো হিসাব তিনি দেন না। অন্যদিকে অনেক শিক্ষক নানা সমস্যার কারণে ৩/৪ মাস পরে ভর্তি বাতিল করে ফিরে যান। তাদের স্থলে নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করেন। চলে যাওয়া শিক্ষকদের ভর্তির টাকা ফেরত না দিয়ে নতুনদের কাছ থেকেও অনুরূপভাবে টাকা আদায় করা হয়। একইসঙ্গে প্রশিক্ষণের জন্য বরাদ্দ ভাতার সরকারি টাকাও সুপার ফেরত নেন বলে ভুক্তভোগী শিক্ষকরা জানিয়েছেন। ভর্তি ও প্রশিক্ষণের টাকা ফেরত দেওয়া নিয়ে সুপারের নয়ছয়ের বিষয়টি স্বীকার করেছেন ২০২৩-২৪ (জানুয়ারি-অক্টোবর) সেশনে রূপসা উপজেলার আনন্দ নগর প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান। অন্যদিকে বিভিন্ন প্রশিক্ষণের জন্য ভেন্যু হিসাবে পিটিআই ব্যবহার করা হয়। প্রশিক্ষণার্থীদের দীর্ঘদিনের অভিযোগ এখানকার প্রশিক্ষণ কিটস, নাস্তাসহ দুপুর ও রাতের খাবার মান নিম্নমানের। এসব বিষয়ে মোল্যা ফরিদ আহম্মেদের সঙ্গে কথা বলতে পিটিআইতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, ভুয়া কারও নাম ব্যবহার হয়নি। অনলাইনে আবেদনকারীদের নাম চূড়ান্ত করা হয়। অগ্রিম টাকা উত্তোলনের বিষয়ে তিনি বলেন, স্বাক্ষর জাল করে এ কাজ করা হয়েছে কি না কাগজপত্র যাচাই করে তবে বলতে পারব। অন্যান্য অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো টাকা আত্মসাৎ করা হয়নি, আমি তো ঢাকায় যাচ্ছি। এ বিষয়ে পরে কথা বলব।

ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে দল থেকে বহিষ্কার করেছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হাসান খান বাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান। শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার মুন্না। জবানবন্দিতে মুন্না স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিকের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। মুন্না সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়ায় এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে ছিনতাইয়ের মামলা হয়েছে।
ওসি শামিনুল হক বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিসি কর্তৃক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রতিবাদ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জ্বলের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেস ক্লাব। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ভুক্তভোগী সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি। এছাড়া তিনি সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক।

বিবৃতিতে সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর একজন জেলা প্রশাসক এ ধরনের আচরণ করতে পারে এটা অকল্পনীয় ব্যাপার। যদি পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের মতো বর্তমানে জেলার একজন শীর্ষ কর্মকর্তা কর্তৃক সাংবাদিক বা যে কোনো মানুষের সঙ্গে এ ধরনের অশোভন আচরণ জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থি। ফ্যাসিবাদের মতো যদি জেলা প্রশাসক একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে অফিস কক্ষে ডেকে এ ধরনের জঘন্য আচরণ করেন- তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে তা সহজে অনুমেয়।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঙ্গে জেলা প্রশাসকের এমন অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাব নেতারা গভীর উদ্বেগ প্রকাশ ও ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে কোনো সাংবাদিক তথা সাধারণ মানুষের সঙ্গে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অশোভন আচরণ বরদাস্ত করা হবে না।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক অফিসে ডেকে নিয়ে বলেন, ‘ডিসি মোস্তাক আহমেদকে চেনেন? হু আর ইউ, ইবলিস কোথাকার।’ নিজ অফিসে ডেকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালাগাল করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এতেও ক্ষ্যান্ত হননি, তুইতোকারি করে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে প্রায় মারতে উদ্যত হন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

৬১ কোটি লোকসানের বোঝা নিয়ে শুরু হচ্ছে কেরু চিনিকল
খুলনাঞ্চল ডেস্ক

চিনিকল ইউনিটে ৬১ কোটি ৭ লাখ টাকা লোকসানের বোঝা নিয়ে ২০২২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। মাড়াই মৌসুম সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চিনিকল কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের মাড়াই মৌসুম উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেরু চিনিকলের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের নেতারা আখচাষি ও সুধীজন উপস্থিত থাকবেন। সবকিছু ঠিকঠাক চললে চিনিতে মোটা অঙ্কের লোকসান কমিয়ে আনতে পারবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এমনটিই আশা করছে কর্তৃপক্ষ।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারি, জৈবসার কারখানা, বাণিজ্যিক-পরীক্ষামূলক খামার ও ওষুধ কারাখানার সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছে। সরকারিভাবে চিনির মূল্যবৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে চিনি কারখানাটি।
প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে মিলস হাউজে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে চিনিকলটি আধুনিকায়নের কাজ চলছে। এতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের সক্ষমতা বাড়বে। তবে এলাকায় আখ চাষ ক্রমাগত কমতে থাকায় সংকটে পড়েছে দেশের ঐতিহ্যবাহী এ চিনিকলটি।
জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ৪৫২ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬৫ দিন চলবে এবারের মাড়াই মৌসুম। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬ দশমিক ৩৬ ভাগ। প্রতিদিন গড়ে ১ হাজার ১৫০ টন আখ মাড়াই করবে চিনিকলটি। মিল জোনে এবার দণ্ডায়মান আখ রয়েছে ৫ হাজার ১০০ একর জমিতে।
গত ২০২৩-২৪ মৌসুমে ৬৫ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । মোট ৫৫ মাড়াই দিবসের লক্ষ্যমাত্রায় চিনি আহরণের গড় হার ধরা হয়েছিল ৬ দশমিক ২ শতাংশ। এর বিপরীতে চিনিকলটি ৫৬ হাজার ৪১৪ টন আখ মাড়াই করে ২ হাজার ৬০৮ টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়। চিনি আহরণের হার ছিল ৪ দশমিক ৬২ ভাগ। আখের অভাবে নির্ধারিত দিবসের আগেই মাড়াই মৌসুম বন্ধ হয়ে যায়।
চিনিকলের শ্রমিকরা জানান, এ বছর মিলস হাউজের ফিটিংয়ের কাজ ভালো হয়েছে। মিল ভালোই চলবে। ফলে বেশি চিনি উৎপাদন সম্ভব হবে।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, ‘মাড়াই মৌসুম শুরু করতে চিনিকলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মৌসুমে চিনি কারখানায় লোকসান কমিয়ে আনতে সবাই মিলে কাজ করছে। এ ছাড়াও এবার কোদাল দিয়ে আখ কাটার পদ্ধতি চালু করা হবে। এতে কয়েক হাজার টন আখ বেশি পাওয়া যাবে। চিনির উৎপাদনের পরিমাণও বাড়বে।’
চাষিদের দাবির প্রেক্ষিতে এ মৌসুমে আখের মূল্য বাড়িয়েছে সরকার। এবার প্রতি মণ (৪০ কেজি) আখের মূল্য ২৫০ টাকা টাকা করা হয়েছে। তবে চিনির মূল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য বাড়েনি। আখের মূল্য আরও বাড়ানোর দাবি তাদের।
কেরু চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শরীফ উদ্দীন বলেন, ‘চিনিকল কর্তৃপক্ষের কাছে আখ চাষিদের এবার দাবি, তাদের মাঝে আখ বিক্রির পুঁজির পরিমাণ বাড়াতে। আখের মূল্য সরাসরি নগদে পরিশোধ করতে। শিওর ক্যাশ বা বিকাশে চাষিরা টাকা নেবে না। ঋণের সার, বীজ, কীটনাশক সঠিক সময়ে দিতে হবে এবং চাষিদের কোটায় পাওনা চিনি উত্তোলনের সময় বাড়াতে হবে। মাড়াই মৌসুম আরও আগে শুরু করতে হবে। নভেম্বর প্রথমেই আখ মাড়াই শুরু করতে হবে। আখের দাম ন্যূনতম প্রতিমণ ৩০০ টাকা করতে হবে। চাষিদের কাছ থেকে কেটে নেওয়া টাকা সম্পূর্ণটাই আখচাষি কল্যাণ সংস্থায় জমা করতে হবে। ’
১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল নামক এক ইংরেজ তার ঐকান্তিক প্রচেষ্ঠায় ভারতের কানপুরে জাগমু নামকস্থানে তখনকার একমাত্র ফরেন লিকার কারখানাটি চালু করেছিলেন। অতঃপর বিভিন্ন সময়ে এর নাম, স্থান, মালিকানা, উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিবর্তিত ও পরিবর্ধিত হতে থাকে। ১৮৪৭ সালে মি. রবার্ট রাসেল কেরু অংশীদারত্বের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন এবং কালক্রমে তা ক্রয় করে নেন। উত্তর ভারতের ‘রোজা’-তে অবস্থানকালীন ১৮৫৭ সনে সিপাহী বিপ্লবের সময় কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়। অতঃপর তা পুনঃনির্মাণপূর্বক জয়েন্ট স্কট কোম্পানি গঠন করে ‘কেরু অ্যান্ড কোম্পানি লি. হিসেবে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয়।
‘রোজা’-তে ব্যবসা উন্নতি লাভ করলে আসানসোল ও কাটনিতে এর শাখা প্রতিষ্ঠিত হয়। ১৯৩৮ সনে প্রাথমিকভাবে দৈনিক ১০০০ টন আখ মাড়াই ও ১৮ হাজার লিটার স্পিরিট তৈরির লক্ষ্যে আরও একটি শাখা তদানীন্তন নদীয়া জেলার অন্তর্গত এ দর্শনায় স্থাপন করা হয়। ১৯৬৮ সনে ইংরেজরা এ দেশ ছেড়ে যাওয়ার পর কেরু অ্যান্ড কোম্পানি (পাকিস্তান) লি. এর স্থলে ব্যবস্থাপনা দায়িত্ব ইপিআইডিসির ওপর ন্যস্ত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। তখন থেকে অদ্যাবধি এটি কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি. নামে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে।
২০২২-২৩ অর্থবছরে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে সর্বোচ্চ ১৪৫ কোটি টাকা। এ বছর রাজস্বের পরিমাণ দাঁড়াবে প্রায় ২০০ কোটি। কেরু অ্যান্ড কোম্পানির ৬টি ইউনিটের মধ্যে ৫ টি ইউনিট- ডিস্টিলারি, জৈব সার কারখানা, বাণিজ্যিক খামার, পরীক্ষামূলক খামার, ফার্মাসিউটিক্যাল-আয়কর বাদে ২০২৩-২৪ অর্থবছরে ১১২ কোটি ৭ লাখ টাকা মুনাফা করেছে । কেবলমাত্র চিনিকল ৬১ কোটি ৭ লাখ টাকা লোকসানে রয়েছে।

স্বামীকে খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় খাবারে বিষ মিশিয়ে রাব্বি ইসলাম নামে (২৩) এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। নিহত রাব্বি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মোওলাহাবাসপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর্গন ওয়েল্ডার (টিআইজি) পদে কর্মরত ছিলেন।
গত ৭ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। থানায় অভিযোগ দেওয়ার গত ১৪ দিন অতিবাহিত হলেও রাব্বি ইসলাম নিহতের অভিযোগের কোনো কূল-কিনারা মেলে নাই।
এ ঘটনায় গত ১১ ডিসেম্বর রাতে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা রবিউল ইসলাম। এতে রাব্বি ইসলামের নববধূ মিম খাতুনকে (১৮) প্রধান আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি।
রাব্বির মা আমিনা বেগম জানান, গত ২০ নভেম্বর প্রতিদিনের মতো তিনি খাবার রান্না করেন। পুত্রবধূ মিম রাব্বির জন্য খাবারের বাটি প্রস্তুত করে দেন। কর্মস্থলে গিয়ে রাব্বি দুপুরে সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই বেশ কয়েকবার বমি হয় তার। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে ডাক্তার দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন। ঐদিন রাতে রাব্বিকে দেওয়া খাবারের বাটি চেক করে দেখা যায় নীল আকার ধারণ করা অবশিষ্ট তরকারি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে।
রাব্বির মা জানান, ওই খাবারে মিম বিষ মিশিয়েছিল বলে আমরা ধারণা করছি। গত ৩ মাস আগে মিমের আপত্তি সত্ত্বেও আমার ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের বৈবাহিক সম্পর্কও ভালো ছিল না। বিয়ের পর জানতে পারি, তার সুইট নামের একটা ছেলের সঙ্গে তিন বছরের প্রেম ছিল। আমার ছেলে না থাকলে ঘরের দরজা বন্ধ করে মিম সারাদিন অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতো। রাব্বি তার বউকে নিয়ে বারবার অসন্তুষ্টি প্রকাশ করত আমার কাছে। তিনি আমার ছেলেকে পছন্দ করতেন না।
রাব্বির বাবা রবিউল ইসলাম বলেন, আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাইমেনুল হক আতিককে দেখালে তিনি বলেন, আপনার ছেলের শরীরে প্যারাকুয়েট (ঘাস মারার বিষ) বিষের অস্তিত্ব পাওয়া গেছে। তার পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থেকে সে মারা যায়।
মিম খাতুন সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামীকে আমি কেন বিষ প্রয়োগ করে হত্যা করতে যাব। আমার সুখের সংসার। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতেই আমি বেশি দিন থেকেছি। খারাপ সম্পর্ক হলে তো কবেই চলে আসতাম। আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, রাব্বির মৃত্যুর বিষয়ে তার বাবার দেওয়া অভিযোগ আমরা পেয়েছি। প্রাথমিক মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে শরীরে বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যেই আমাদের টিম তদন্ত শুরু করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে আইন অনুযায়ী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। উপজেলার গোপালপুর গ্রামের দীপক বিশ্বাস এ উদ্যোগ নিয়েছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ সার উৎপাদন করে দীপক বিশ্বাস এখন স্বাবলম্বী। প্রথমে সংরক্ষণের জন্য টিনের চালায় রাখা হয় গোবর। তারপর সেই গোবর হালকা শুকিয়ে রিং বা হাউজে কয়েকদিন রাখার পরই তাতে কেঁচো দিয়ে ৩৫-৪০ দিন রাখার পর উৎপাদিত হয় ভার্মি কম্পোস্ট সার।
দীপক বিশ্বাস চাষাবাদের প্রয়োজনে ২০২৪ সালের মার্চ মাসে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে শুরু করেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে চাহিদা থাকায় উৎপাদন করছেন বাণিজ্যিকভাবে। বাড়িতে প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করছেন তিনি। রাসায়নিক সার বর্জন করে তার উৎপাদিত সার শীতকালীন সবজি চাষে ব্যবহার করছেন চাষিরা। ফলে বিষমুক্ত ও সুস্বাদু হচ্ছে সবজি।
দীপক বিশ্বাস বলেন, ‘কৃষি অফিসের পরামর্শে আমি কেঁচো সার উৎপাদন শুরু করি। প্রথম পর্যায়ে কৃষি অফিস আমাকে বিভিন্ন ভাবে সহায়তা করে। গোবর দিয়ে এই সার উৎপাদনে তেমন কোনো খরচ নেই। এই সার দিয়ে আমি নিজের পুষ্টি বাগানের চাহিদা পূরণ করে স্থানীয় বাজারে বিক্রি করছি। গ্রামের অধিকাংশ লোক এখান থেকে সার নিয়ে শীতকালীন সবজি উৎপাদন করছেন।’
কৃষক পলাশ শেখ বলেন, ‘আমি ২৬ শতক জমিতে শীতকালীন সবজি চাষ করেছি। এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি। অল্প টাকায় দীপকের বাড়ি থেকে জৈব সার কিনে এনে ব্যবহার করছি। সবজির ফলনও ভালো হয়েছে।’
সিংগিয়া গ্রামের হাসিবুর ইসলাম বলেন, ‘ফুলকপি, বাঁধাকপি ও বস্তু পদ্ধতিতে আমি শিম চাষ করেছি। সব ধরনের ফসলে আমি এই কেঁচো সার দিয়েছি। আশা করছি ভালো ফলন হবে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘সবজি চাষে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের প্রাধান্য দিলে উৎপাদিত সবজি হবে বিষমুক্ত। অপরদিকে মাটির গুণাবলি বৃদ্ধি পাবে। তার এই সার উৎপাদন দেখে স্থানীয় অনেকেই এগিয়ে আসবেন। তার মতো স্বাবলম্বী হবেন।’

বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
বেনাপোল প্রতিনিধি
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন দুই পাসপোর্ট যাত্রী মনোজ কুমার কর (৭০) তার মেয়ে অবন্তি কর (২৭)। এসময় তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দালালকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী দুই যাত্রী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল কাদের (৩৩), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫), ও গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার (২৮)।
পুলিশ জানায়, রবিবার (২২ ডিসেম্বর) সকালে হৃদরোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের পাসপোর্টযাত্রী মনোজ কুমার কর ও তার মেয়ে অবন্তি কর। এ সময় কয়েকজন পাসপোর্ট দালাল তাকে ও তার মেয়েকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশে গলিতে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দালালচক্র পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসে। পরে তারা পোর্ট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিনজনকে আটক করেছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে আসা দুই পাসপোর্টযাত্রীর টাকা ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার কর বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকিদের আটক ও টাকা উদ্ধারে অভিযান চলছে। আটককৃতদের রবিবার বিকেলে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সকালে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরা হয়। সভায় উপ-উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবরেশনে আগ্রহী। খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, চারুকলা, সমাজিক বিজ্ঞানসহ নানা ধরনের সাবজেক্ট চালু থাকায় এখানে শিক্ষা ও গবেষণার পরিবেশ বৈচিত্রময়। তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে প্রশংসা করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এ সকল বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনের ব্যাপারে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, দি অফিস অব ইন্টরন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। বক্তারা বলেন, ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহী। বিশেষ করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্টুডেন্ট/স্টাফ এক্সচেঞ্জ নিয়ে কাজ করার নানা সুযোগ রয়েছে। এর পাশাপাশি ছাত্রীদের আবাসন সংকট দূরীকরণে নতুন হল নির্মাণসহ ইরানের অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে খুলনা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যেতে চায়।
এ সময় ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই ইরান পাশে ছিল। বিশেষ করে ইরানের কালচারাল সেন্টারের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করা হয়। কিন্তু পরবর্তীতে নানা কারণে সহযোগিতা বন্ধ হয়ে যায়। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান প্রশংসনীয়। ইরানের বিশ্ববিদ্যালয়গুলো এ বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক সম্পর্কোন্নয়ন, সহযোগিতামূলক ও অর্থবহ প্রোগ্রাম করতে আগ্রহী হবে। এ বিশ্ববিদ্যালয়ের সাথে শীঘ্রই ইরানের বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশন করা সম্ভব হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের পথে এগিয়ে নিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও ইরান পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত এবং তাঁর সহধর্মিনীকে ফুলের শুভেচ্ছা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় ইরানের রাষ্ট্রদূতের সহধর্মিনী, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভীসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইরানের রাষ্ট্রদূত এবং তাঁর সহধর্মিনী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।

দেশ প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশনস’ অফিসে চুরি
স্টাফ রিপোর্টার
খুলনা মহনগরীর ছোট মির্জাপুর এলাকায় ‘দেশ প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশনস’ অফিসে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এসময়ে চোরেরা দুটি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মুদ্রণ মেশিনসহ আনুমানিক ৫ লাখ ১৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় খুলনা থানায় অভিযোগ করা হলেও পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
প্রতিষ্ঠান ম্যানেজার এস এম শামীমুর আলম মান্দার জানান, গত শুক্রবার (২০ ডিসেম্বর) দিনের বেলায় ‘দেশ প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশনস’ অফিস বন্ধ ছিল। রাত ১১টার দিকে ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকা ছাপানোর জন্য মেশিনম্যান সিরাজুল ইসলাম অফিসে গিয়ে দেখতে পান শার্টারের তালা ভাঙ্গা এবং সার্টার ওঠানো। তখন সে অফিসের উর্দ্ধতন কর্মকর্তাদের মোবাইল ফোনে ঘটনা জানান। তখন আমরা অফিসে ঢুকে দেখতে পাই গুরুত্বপূর্ন মালামাল চুরি হযেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকার দুটি কম্পিউটার, ১৬ হাজার টাকা দামের একটি প্রিন্টার মেশিন, ৯ হাজার টাকা দামের একটি স্ক্যানার মেশিন, ১ লাখ ৫০ হাজার টাকার একটি মুদ্রণ মেশিন, ১ লাখ টাকার মুদ্রণ প্লেট সহ ৫ লাখ ১৫ হাজার টাকার মালামাল।
জানতে চাইলে খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গিয়াস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

খুলনায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক নজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ। এ নির্দেশ থেকেই জামায়াতে ইসলামী তার ৪ দফা কর্মসুচির মধ্যে ৩য় দফা কর্মসুচিতে সমাজসেবা কর্মসুচি অন্তর্ভুক্ত রেখেছে।
সোনাডাঙ্গা থানার আমীর জিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম এর পরিচালনায় ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, থানা কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন কাজল, মুহাদ্দিস শহিদুল ইসলাম ও খান কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড আমীর আবুল কালাম, ২০ নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা শফির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিপিবি ২২নং ওয়ার্ড শাখা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের কর্মসূচির ধারাবাহিকতায় ২২নং ওয়ার্ড শাখা কমিটির এক সভা অস্থায়ী কার্যালয়ে রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে অন্তর্বর্তী সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা দেশে আইন-শৃঙ্খলা উন্নতি, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচনের দ্রুত সম্পন্ন করার দাবী জানান। শাখা কমিটির সদস্য কমরেড জাহানারা আক্তারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. অসিত হালদার, কমরেড মিনু পাল, কমরেড রেখা কুণ্ডু, কমরেড শ্রীবাস অধিকারী প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয় আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।

৯নং ওয়ার্ড ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান মালিক সমিতির কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান মালিক সমিতি, খালিশপুর থানার ৯নং ওয়ার্ড শাখা কমিটি গঠনের লক্ষ্যে ২১ ডিসেম্বর ’২৪ শনিবার বিকেল ৩টায় দক্ষিণ মুজগুন্নী ঝুড়িভিটা মোঃ হাফিজুরের গ্যারেজে হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ নূর আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এস এম আলমগীর হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইলিয়াস আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, দৌলতপুর থানা সভাপতি মোঃ লোকমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, খালিশপুর থানা সভাপতি শেখ আল-মামুন, সহ-সভাপতি মোঃ অহিদুল সরদার। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হাফিজুরের গ্যারেজে হাফিজুর রহমানকে সভাপতি ও মোঃ নূর আলমকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড শাখা গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নূর ইসলাম, সহ-সভাপতি মোঃ রিপন, মুকুল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান মুন্সী, জহুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মোঃ গফফার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, সাইফুল ইসলাম, মোঃ সবুজ, মোঃ মানিক, কোষাধ্যক্ষ মোঃ ফারুক, সহ-কোষাধ্যক্ষ রবি শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফিরোজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইস্রাফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহরাব, দপ্তর সম্পাদক সুরত আলী, নির্বাহী সদস্য মোঃ হালিম, মোছাঃ জ্যোতি, মোছাঃ কাজল, মোছাঃ মুন্নী, হাসান, সাত্তার, নূর মোহাম্মদ লাভলু, অহিদ, ইলিয়াস, রাহুল, আবুবকর সিদ্দিক, শহিদ, জিয়া গাজী, লিটন মোল্লা, পারভেজ, লেবিও, গিলবার্ট, তোফাজ্জেল।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি খুলনা মহানগর এর ৩১ সদস্য বিশিষ্ট আাহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, খুলনা মহানগর এর আহ্বায়ক কমিটি গঠন কল্পে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির অন্যতম সহ-সভাপতি শেখ নাজমুল কবীর সাদী, নেতা শাহ লায়েক উল্লাহ, তৈমুর হোসেন শাহীন, তোবারেক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন মাজহার জোয়ার্দার পান, জাহিদ হোসেন, বাবুল হাসান রাজু, মাসুদ রানা, এস এম রিপন, স্বপন খান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মোঃ হিমেল, মোঃ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মন্টু, মহিলা নেত্রী সেলিনা আক্তার ইরানী, ইতি আক্তার, মোঃ ফারুক হোসেন, মোঃ রমজান আলী, মোঃ মাসুদুর রহমান নান্নু, রঞ্জন দাস, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আইজুল শেখ, মোঃ জামির হোসেন, মোঃ শান্ত, মোঃ ইমন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শেখ মনিরুজ্জামানকে আহ্বায়ক, দেশ আহম্মেদ রাজুকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মোঃ জাহিদ খান যুগ্ম আহ্বায়ক ও মোল্যা কামরুজ্জামান রজবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পাটির আহবায়ক কমিটি গঠন করা হয়।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারো মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে সড়কে পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারো মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন সড়কের পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অভিযোগে আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জাহিদুল ও মোবারক উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা। জানা যায়, গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বিড়াল হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার রাত ৯ টার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছো বিড়াল মেরে ইজিবাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে তাৎক্ষনিক সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনা সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, মেছো বিড়াল হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পকেট ভারী করতে ব্যস্তদের তওবা করতে বললেন অতিরিক্ত আইজিপি
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশের পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, এত বড় একটা বিপ্লব হলো, কত মানুষ আত্মহুতি দিলো। তারপরও কিছু মানুষের স্বভাব পরিবর্তন হলো না। একটা দুটো ডেডবডি পড়লে একটা সমাজ বদলে যায়। সমাজ একটা ধাক্কা খায়, হাজারের ওপরে আমাদের তাজা প্রাণ ঝরে গেছে। আমরা বোধহয় সংখ্যাটা ভুলেই গেছি। সমাজ পরিবর্তন ও বৈষম্যকে পিষে ফেলার জন্য এই আন্দোলন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বৈষম্য মুক্ত, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আর বলেন, অমুক আজকে চেয়ারে বসে আছে, উনি চলে যাওয়ার পরে আমি বসব। আগে উনি চেয়ারে বসে অন্যায় করে সুবিধা নিত, এখন আমি সুবিধা নেব। সেটার জন্য এই আন্দোলন হয়নি। অনেকে মনে হয় ভুল ম্যাসেজ নিচ্ছেন, যারা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন, তারা সাবধান হয়ে যান, তওবা করেন। যারা মনে করছেন দিন বদল হয়ে গেছে, এখন পকেট ভারী করব। জঘন্য চিন্তা, এখনও এসব ভুলে যান বলে।

‘এত মূল্য দেওয়ার পরেও যদি আমরা সমাজকে পরিবর্তন করতে না পারি। সকল বৈষম্যকে পায়ের নিচে পদদলিত করে সামনের দিকে এগিয়ে নিতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীরা পেয়ে বসবে। এজন্য সবাইকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে খোলা ময়দানে কথা বলতে হবে।’
বাগেরহাট কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে আরও বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, মাধবকাঠি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাটের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জামাত নেতা মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন খান। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ইমামগণ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরায় ৪৪ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮৮ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি, ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১০০০ পিস ইয়াবা, ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি।

রবিবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বাধীন এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবি সুত্র জানায়, সাতক্ষীরার পদ্মশাখরা বিওপির সদস্যরা সাখারা হতে ফেলে রাখা ৪টি প্লাষ্টিকে বস্তা হতে ৯৮৮ বোতল ফেনসিডিল আটক করে। ভোমরা বিওপির লক্ষীদাড়ি হতে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার লক্ষীদাড়ি এলাকা থেকে দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি আটক করে। এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা তুজলপুর থেকে ১০০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার রেজারঘাট এবং কালিবাড়ি থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক উল্লেখিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সিনিয়র সাংবাদিক হারুনের মৃত্যুতে জাতীয় যুব সংহতি খুলনা মহানগরের শোক
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা ২টায় সিনিয়র সাংবাদিক হারুনার রশীদ নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি………..রাজিউন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবসংহতির নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা হলেন- মহানগর যুব সংহতির আহ্বায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সদস্য সচিব মোঃ রাসেল হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ রব, দেলোয়ার হোসেন লালু, আব্দুস সালাম, মোঃ জাকির হোসেন, শাকিল আহমেদ লাল, যুব নেতা মাসুদ রানা, মাসুদ আকুঞ্জী, মিলন খান, শেখ মাসুদ রানা, জি এম মিলন, মোঃ হায়দার আলী, মোঃ নওশাদ হাওলাদার, রেজা মহসিন, মোঃ বিল্লাল, খোকন হাওলাদার, মোঃ রাসেল, আক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, হিমেল রাজা, মোঃ পলাশ, শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার, নারায়ন সরকার, মোঃ হাবিব, মোঃ রুস্তম প্রমুখ।

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় থানা পুলিশশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন আটক। শনিবার সন্ধ্যায় কয়রা (চাঁদ আলী) সেতুর উপর থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কয়রা ১ নং আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামের কুদ্দুস সরদারের পুত্র আবু সুফিয়ান (২৪)ও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আহম্মদ আলী গাজীর পুত্র আবু হানিফ(৩০)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জি এম এমদাদুল হকের নির্দেশে এসআই প্রণয় মন্ডল ও এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপসায় যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া মিরাজ আটক
রূপসা প্রতিনিধি
রূপসায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সূত্রে জানা যায়, রহিম নগর মুজিবর উকিলের বাড়ির পাশে আফতাব শেখের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মিরাজ শেখ ওরফে ল্যাংড়া মিরাজ ( ৪৫) কে গত ২১ ডিসেম্বর ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। এ সময় উক্ত আসামির কাছ থেকে মাদক বিক্রয় করার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন এবং গাঁজা বিক্রয় লব্ধ ৩৪০ টাকা জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মিরাজ শেখের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানার মামলা নং ১৭ তারিখ ২১/১২-২০২৪ ইং ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ এর ১ এর সারণির ১৯ এর ক / দশের ক ধারায় এসআই ইমরান খান বাদী হয়ে মামলা করেন। পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকের উৎস অনুসন্ধান এবং আরো মাদক কারবারীদের গ্রেফতারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এই এলাকায় ইয়াবা’র গডফাদারদের ধরার চেষ্টা অব্যাহত আছে। রূপসা থানাধীন কিসমত খুলনা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।

সুন্দরবন থেকে অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে জনসচেতনতামূলক সভা
মোংলা প্রতিনিধি
মোংলায় সুন্দরবন থেকে অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ সভার আয়োজন করে ইউএসআইডি ইকোসিস্টেমস ও প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্প। সভায় তিন গ্রামের ভিসিএফ ও ভিসিজি সদস্যরা অংশ নেন। এ সভায় অবৈধ ভাবে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, কারেন্ট জাল ব্যবহার বন্ধ, বন্যপ্রাণী শিকার রোধসহ বিভিন্ন বন অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। আর এসব কাজ থেকে সকলকে বিরত থাকার জন্য আহবাণ জানানো হয় সভায় থেকে। এছাড়াও সুন্দরবন সংরক্ষণ কৌশল সম্পর্কে ও সুন্দরবন আইন সম্পর্কে অবহিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কাটাখালী ভিসিএফ’র সভাপতি মোঃ মারুফ হাওলাদার বাবু, অতিথি ছিলেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতাউর রহমান, ইউপি সদস্যা নুরজাহান বেগম, এনজিও প্রতিনিধি, সিএমসি সদস্য, পিপলস ফোরামের সদস্য ও কাটাখালী, হোগলাবুনিয়া, গোড়াবুড়বুড়িয়া গ্রামের ভিসিএফ এবং ভিসিজি সদস্যসহ মোট ১৬৮জন নেতৃবৃন্দ।

বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা কর্মশালা উদ্ভোধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৩দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকালে চিংড়ি গবেশনা গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে ৩ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্ভোধন করেন চিংড়ি গবেষনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এসময় চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন, নার্সারীকরণ, ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুত বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, চিংড়ির খাদ্য উপকরণ ও পুষ্টির গুণ বিষয়ে তুলেধরেন চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানি কর্মকর্তা ড. তায়েফা আহমেদ। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এস,এম তানবিরুল হক। ৩ দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।
কর্মশালা থেকে জানানো হয়, বর্তমানে এই চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষণাকে শুধু চিংড়ির উপর সীমাবদ্ধ রাখা যাবে না। চিংড়ির পাশাপাশি অন্যান্য মাছের উপর ও গবেষণা করতে হবে। এ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্নয়ের উপর কাজ করছে। অনেক ক্ষেত্রে রোগ নির্নয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে গবেষণা কেন্দ্রটি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।

নড়াইলে ৯ম শ্রেণির ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ; দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বিছালী গ্রামের হাবিবার শেখে (৪৫) এর বিরুদ্ধে ৯ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকার চেষ্টার ল অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রুবেল শেখ নামে এক জন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরজমিন, ঘুরে জানা যায়, নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়নের বিছালী গ্রামের হাবিবার শেখ স্থানীয় মাহফিল থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রকে ডেকে বাড়িতে নিয়ে যায়। তার পরিবারের সাথে তার সুসম্পর্ক রয়েছে দাবি করে তাকে বাড়িতে নিয়ে রাখে। রাত গভীর হলে তার গোপনাঙ্গে হাত দেয়। পরবর্তীতে তাকে বলাৎকারের চেষ্টা চালাই। তখন সে দ্রুত ঘর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারকে জানায়, তখন পরিবারের লোক একত্রিত হয়ে বিষয়টি শুনতে আসলে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়। বলাৎকার চেষ্টার শিকার হওয়া ওই ছাত্র বলেন, আমার বাড়ি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সীমানন্দপুরে এখানে মামা বাড়ি বেড়াতে এসেছি। মামা বাড়ি পাশে মাহফিলে গেলে হাবিবার শেখ তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার গোপনাঙ্গে হাত দেয়। আমি দৌড়ে বাড়ি এসে মামাকে জানাই৷ মামা ও তার পরিবারের লোক বিষয়টি শুনতে গেলে তারা মামার উপর চড়াও হয়। এক পর্যায়ে মামাকে মারপিট করে। এবিষয়ে আহত রুবেল শেখ বলেন, আমার ভাগ্নেকে বলাৎকার কেন করল জানতে গেলে আমাদের উপর চড়াও হয়ে ওঠে হাবিবার শেখসহ সায়েব আলী শেখ, সাইদুল শেখ, সৌহিদুল শেখ, জাকারিয়া মোল্যা, কামাল শেখসহ অনেকে। তাদের আঘাতে আমার এক হাত ভেঙ্গে গেছে। আমরা এ বিষয়ে মামলার করব। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাবিবার শেখ বলেন, আমি তাকে বলাৎকার করি নাই। শুধু তার গোপনাঙ্গে হাত দিয়েছি। তারা শুনতে আসার অজুহাতে আমদের অনেককে মারপিট করেছে। ওরা সব আওয়ামীলীগের দোসর। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা হচ্ছে এবং আসামি আটকে অভিযান চলছে।

পাইকগাছায় নারীর অধিকার ও অগ্রগতি প্রকল্পের তথ্য বুথ ক্যাম্প
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের তথ্য বুথ ক্যাম্প অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে সাড়ে ১০টায় উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউএসএআইডি এর অর্থায়নে, দ্যা কাটার সেন্টারের সহায়তা ও অগ্রগতি সংস্হার বাস্তবায়নে ওই তথ্য ক্যাম্প অনুষ্টিত হয়। অনুষ্টিত তথ্য ক্যাম্পে দলিত সম্প্রদায়ের ৬০নারীদের সম্মুখে উপজেলা পরিষদের ৫টি দপ্তরে প্রাপ্ত সেবা সমূহ তুলে ধরা হয়। এসময় ৫টি দপ্তরে প্রাপ্ত সেবা সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা এস এম মনিরুল হুদা,উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্কা বাবলুর রহমা ও উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রনধীর সরকার। উপস্হিত ছিলেন অগ্রগতি সংস্হার প্রোগ্রামার সেলিমুর রহমান,প্রকল্প মনিটরিং কর্মকর্তা আসমাউল হোসেন সোহানা ও প্রকল্প হিসাব রক্ষক আব্দুর রহিম প্রমুখ।

পাগল ভাই নিয়ে না খেয়ে দিন কাটে আশ্রয়হীন বিধবা ইছামতীর
কয়রা প্রতিনিধি
নেই দুবেলা দু’মুঠো আহারের বন্ধবস্ত। তার ওপরে নেই থাকার মতো আশ্রয়। রোগে শোকে বৃদ্ধ তাই অন্যেও বাড়িতে কাজ করার ও সুযোগ নেই। খুলনার কয়রা উপজেলা সদর থেকে সুন্দরবন ঘেঁষা সুতিয়া বাজারে যাওয়ার সময় সড়কের পাশেই ঝুপড়িটি চোখে পড়ে। বর্তমানে শুধু গোলপাতা, তালপাতা ও পলিথিনে মোড়ানো ভাঙাচোরা সেই ঝুপড়িতে বসবাস করেন ইছামতী বেগম (৬০)। তাঁর স্বামী মারা গেছেন প্রায় ৩০ বছর আগে। তাঁর কোনো সন্তান নেই। মানুষের বাড়িতে কোন রকম কাজ করে ও অন্যের দান-দক্ষিণায় যা পান, তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছেন তিনি।
শনিবার সকালে কয়রা সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের সড়কের পাশে ঝুপড়ির কাছে গিয়ে কথা বলতে চাইলে ইছামতী বেগম বললেন, ‘কী বুলতিছেন বাপু, কানে তো শুনিনে, একটু জোরে কন।’ বোঝা গেল, বয়সের তুলনায় শরীর একটু বেশি ভেঙে পড়েছে। কানেও কম শোনেন।
ঝুপড়িটির পাশে সম্প্রতি সরকারি অর্থে নতুন একটি পাকা শৌচাগার নির্মিত হয়েছে। সেই শৌচাগারের দিকে হাত ইশারা করে ইছামতী বললেন, ‘কদিন আগে পাকা টয়লেট বানাইদিছে সাহেবেরা। তবে ভাঙা ঘরে থাকি, আমি আর আমার পাগল ভাই মোজাফফর গাজী। ভাইয়ের মৃগীরোগ আছে, তার বউ-ছেলেমেয়ে নাই। পাগল বলে কেউ কাজকর্মেও নেয় না। আমি এই বয়সে মানুষের বাড়িতে কাজকাম করে যা আনি, তাই দুজনে খাই। এর মধ্যে খুব অসুস্থ হয়ে পড়ছি, ওষুধ কিইন্যা খাওয়া লাগে। কয়েক মাস পরপর সরকারিভাবে বয়স্ক ভাতার ১ হাজার ৫০০ করে টাকা পাই। আপনারা আইছেন, খুশি হইছি। এইবার একখান থাকার ঘরের ব্যবস্থা করি দেন।’
আর তার জীবনের দুঃখের বাস্তব কাহিনী শুনে যে কারোর চোখে পানি গড়িয়ে পড়ে। যা সিনেমার কাহিনীকেও হার মানায়। তবে সংক্ষেপে তিনি তার জীবন কাহিনী সাংবাদিকদের কাছে শোনালেন।
ঝুপড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। তিনি এসেছিলেন ইছামতীর পাকা শৌচাগার দেখতে। প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ বলেন, রাস্তার পাশে প্লাষ্টিকের বস্তাা দিয়ে ঘেরা ঝুলন্ত টয়লেট ছিল ইছামতী বেগমের। একদিন এই পথে যাওয়ার সময় সেই দৃশ্য দেখে তাঁর দপ্তর থেকে পাকা শৌচাগারটি নির্মাণ করে দিয়েছেন। মানুষটাকে ভালো রাখতে একটা বসতঘরও নির্মাণ করে দেওয়া প্রয়োজন। কিন্তু তাঁর দপ্তরে তো ঘরের বরাদ্দ হয় না।
স্থানীয় লোকজনের ভাষ্য, বহু বছর ধরে ঝুপড়িতে বসবাস করছেন ইছামতী। তাঁর স্বামী মাজেদ সরদার মারা যাওয়ার পর পড়েন বিপাকে। এখন বৃদ্ধ বয়সে বুদ্ধিপ্রতিবন্ধী এক ভাইকে সঙ্গে নিয়ে থাকেন তিনি। পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় ইছামতীর কষ্ট আরও বেড়েছে। আশপাশের বাসাবাড়িতে কাজ করে যা পান, তাই দিয়েই সংসার চলে। যেদিন কাজ করতে পারেন না, সেদিন অনাহারে–অর্ধাহারে থাকতে হয় দুই ভাই বোনকে।
৪ নম্বর কয়রা গ্রামের অধিকাংশ মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। দ্রব্য মূল্যের বাজারে তাঁদেরও টানাটানির মধ্যে দিন কাটছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘মন চাইলেও আমরা সব সময় অসহায় ইছামতীকে সহযোগিতা করতে পারি না।’
বৃষ্টি হলে বিছানার এক কোণে জড়োসড়ো হয়ে রাত কাটান ইছামতী। আর বৃষ্টির পানিতে ঘরের সবকিছু ভিজে যায়। এখন কনকনে ঠান্ডা বাতাস তাঁর ঝুপড়িতে ঢোকে। শীতবস্ত্রের অভাবে আছেন কষ্টে। প্রচণ্ড শীতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে তাঁকে। ইছামতী বলেন, ‘দুনিয়ায় আমার কেউ নেই। বয়স হইছে, শরীরেও বল পাইনে, আগের মতো কাজও করতি পারিনে। শুনিছি, সরকার গরিব মানষির অনেক কিছু দেয়। কই, আমি তো তেমন কিছু পাইনে। সবার ঘর আছে, কারেন্টের আলো জ্বলে, আর আমার ঝুপড়িতে এখনো পুরোনো কেরোসিন তেলের কুপি। দুবেলা দুমুঠো ভাতও খাতি পারিনে। শেষ জীবনে একখান ঘর পাই কি না, সেই জন্য জনপ্রতিনিধিদের কাছে বহুবার গেছি। সবাই খালি আশ্বাস দেয়, কেউ ঘর দেয় না।’
প্রতিবেশী রহিমা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে অসহায় মানুষটি (ইছামতী) বাড়ি বাড়ি কাজ করে চাল-ডাল সংগ্রহ করে দিনযাপন করেন। পাড়া-প্রতিবেশীদের দেওয়া দুমুঠো খাবারেই ক্ষুধা নিবারণ করেন। মাঝেমধ্যে চাল-ডাল যা পারেন, দেন। সরকারি কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাঁর পাশে দাঁড়ালে তিনি শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন।
কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমান মুঠোফোনে বলেন, ‘ইছামতী বেগমকে আমিও চিনি। বৃদ্ধ মহিলা তাঁর ভাইকে নিয়ে থাকেন। ঝুপড়িতে বৃষ্টি-বাদল আর শীতের দিনে খুব কষ্ট হয় তাঁদের। কয়েক দিন আগে সরকারিভাবে একটি শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছে। এখন মাথা গোঁজার ঠাঁই একটা ঘর নির্মাণ করে দিতে আমরা চেষ্টা করছি।’

কয়রায় ইয়াবা সহ ২ মাদককারবারী আটক
কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন মাদককারবারীকে আটক করেছে । এ সময় তাদের নিকট থেকে ৩৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গত শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে চাঁদআলী সেতুর উপর থেকে এ সকল ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সজিদকুড় গ্রামের আবু সুফিয়ান (২৪) ও মহারাজপুর গ্রামের আবু হানিফ (৩০)। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরন করা হয়েছে।

ডুমুরিয়ায় নারীর অগ্রগতি বাস্তবায়নে তথ্য বুথ ক্যাম্প
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প বাস্তবায়নের লক্ষে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ মাঠে বে-সরকারী উন্নয়ন সংস্থা অগ্রগতির আয়োজনে ইউএসএআইডি এর অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইউপি চেয়ারম্যান শেখ মোঃ রফিকুল ইসলাম হেলাল।অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন তুহিন, পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,প্রোগ্রাম অফিসার কামরুনাহার রেখা,প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।অনুষ্ঠানে অবহেলিত বঞ্চিত দলিত জনগোষ্ঠীর ৫০ জন নারী এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

কপিলমুনিতে কেকেএসপি’র আহবায়ক কমিটির সভা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি’র আহবায়ক কমিটির সভা শনিবার সন্ধ্যায় কপিলমুনি সিটি প্রেসক্লাব মিলনায়তনে আহবায়ক এম. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মহসিন খান, মোঃ মাসুম হাজরা, মোঃ জলিল বিশ্বাস প্রমূখ। সভায় ১ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা সিদ্ধান্ত গৃহিত হয়।

রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব
রামপাল প্রতিনিধি
রামপালে শিশুদের নিয়ে ব্যতিক্রমী উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিদ্যালয়ের প্রান্তিক শিশুদের উদ্ভাবনী মনোভাব সৃষ্টির লক্ষে এবং স্বাধীনভাবে তারা তাদের মেধা ভিত্তিক জ্ঞানকে কাজে লাগাতে পারে এ জন্যে স্বপ্নযাত্রা এস্টিম ফেস্ট নামের সংস্থা এমন উদ্ভাবনী ও সৃজনশীল আয়োজন করে। শিশুরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিত বিষয়ে যাতে প্রাথমিক ধারনা পায় সে জন্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নযাত্রা’র এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন স্বপ্ন যাত্রা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ মাহাবুবুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাট জেলা সভাপতি সাকির হোসেন, বাগেরহাট জেলা সুজন সম্পাদক এস, কে হাসিব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাট জেলা সমন্বয়কারী আবিদা সুলতানা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, কোডেকের উপজেলা কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ। উৎসব অনুষ্ঠানে সবুজ কুড়ি শিশু কেন্দ্র, সূর্যের আলো শিশু কেন্দ্র, স্বপ্ননীড় শিশু কেন্দ্র, স্বপ্ন তরী শিশু কেন্দ্র, স্বপ্নের ছোঁয়া শিশু কেন্দ্র ও সোনার তরী শিক্ষা সহায়তা কেন্দ্র অংশগ্রহণ করে। শিশুরা তাদের উদ্ভাবিত বিভিন্ন রোবটিক্স কার্যক্রম, পরিবেশ সুরক্ষায় করণীয়, কৃষি, নিরাপদ পানি ও ভবিষতের কর্মপরিকল্পনা প্রদর্শন করে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ বাচ্চাদের সৃজনশীল উদভাবনীর প্রশংসা করেন। এ সময় ডিবেটিং, বক্তৃতা, নৃত্য, গান পরিবেশন করে ও র্যালি করে শিশুরা।

কালীগঞ্জের কোলা হাইস্কুল মাঠে ফিরোজের সম্প্রীতি সভা
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের কোলা জামাল ইউনিয়নের যৌথ উদ্যোগে রবিবার বিকাল সাড়ে ৩ টায় কোলা হাইস্কুল মাঠে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আওয়ামীলীগ বিগত ১৭ বছর বিএনপিসহ বিরোধী মতের মানুষগুলোর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল। তারা বিএনপি ঘরোনার পরিবারগুলোতে হামলা করে-মিথ্যা মামলায় দিয়ে গোটা দেশটাকে এক রকমের কারাগারে পরিণত করেছিল। অথচ সে দিন যারা জুলুমবাজদের হাতে ফুলের তোড়া দিয়ে ফায়দা লুটেছে আজ তারাই আবার দলে ঢুকে বিএনপির শৃংখলা নষ্ট করতে পায়তারা চালাচ্ছে। কিন্ত তাদের মনে রাখতে হবে সব সময় মজা লুটার সুযোগ থাকে না। তিনি আরও বলেন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বিএনপি’র রাজনীতি মাটি মানুষকে নিয়ে। এ দলের নেতাকর্মিরা অত্যন্ত পরিক্ষীত ও ধৈর্য্যশীল। তার অর্থ দূর্বলতা নয়। অতীতের মত সন্ত্রাসী কর্মকান্ড চালালে ঠিকই জবাব পাবেন। সাবেক এই ছাত্রনেতা আরও বলেন,অনুপ্রবেশকারীরা যদি মনে করেন দলের সু সময়ে এখন সুযোগ নিবেন। তা কখনই বাস্তবে রুপ নিবে না।
বিকাল ৩ টার পর এ এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নারী পুরুষেরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে। সময় গড়িয়ে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হলে স্কুলের মাঠ লোকজনে কানায় কানায় ভরে যায়।
সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা গোলাম সরোয়ার হোসেন মোল্যা, আশরাফ মন্ডল, মোহম্মদ আলী ভূলু, শুকুর আলী, শাহাজান আলী, তৈয়বুর রহমান টিপু, আব্দুর রাজ্জাক মোল্যা, মোস্তফা কামাল টিটো, সিদ্দিকুর রহমান, জাফর ইকবাল, জামিরুল ইসলাম, জলিল রানা, আরিফ হোসেন, আতিয়ার রহমান প্রমূখ।

সাতক্ষীরায় সাদপন্থিদের বর্বরতার বিরুদ্ধে জনতার মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাদপন্থিদের কর্মকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলার নিউ মার্কেটের শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে উলামা পরিষদ এবং সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সাতক্ষীরা উলামা পরিষদ সদর থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে এতে বক্তব্য দেন- জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক, তাবলীগের শুরায়ী নিজামের সাথী ও মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আসলাম হুসাইন, সাতক্ষীরা জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুস্তাকুর রহমান দারা, শুরায়ী নিজামের সাথী মাওলানা মোখলেসুর রহমান, শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী, সাতক্ষীরা মারকাজের সাবেক জেলা আমির ও বর্তমান ফয়সাল প্রফেসর হাবিবুর রহমান, সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানসহ ইসলামিক ব্যক্তিত্ব ও তাবলীগ জামাতের শুরায়ী নিজামের নেতারা।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যেখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। কিন্তু সাদপন্থিরা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ধর্মের পবিত্রতা ক্ষুণ্ন করছে। সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদপন্থিদের নৃশংস হামলায় চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমরা এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি করছি।
বক্তারা আরও উল্লেখ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। ২০১৮ সালেও সাদপন্থীরা ইজতেমার ময়দানে নারকীয় তাণ্ডব চালিয়েছিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, বয়োবৃদ্ধ মুরুব্বি, এবং মাদ্রাসার ছাত্রদের ওপর নির্মম আক্রমণ চালিয়ে তারা ইজতেমা ময়দানকে রক্তাক্ত করেছিল। এসব কর্মকাণ্ড ইসলাম এবং তাবলীগের প্রকৃত বার্তার সম্পূর্ণ বিপরীত।

মানববন্ধনে দাবি করা হয়, সাবেক সরকারের মদদপুষ্ট এই গোষ্ঠী এখনো বিচারের বাইরে। তাদের এ ধরনের কর্মকাণ্ড দেশের শান্তিপ্রিয় মুসলমানদের জন্য হুমকি স্বরূপ এবং তাবলীগের সুনামকে ক্ষুণ্ন করছে। বক্তারা সরকারের কাছে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বাংলার মাটিতে সাদপন্থিদের উগ্রপন্থি কর্মকাণ্ড বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মহিলা কলেজ সংলগ্নের বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ শেখ সফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান ড. মনিরুজ্জামান মনি। এসময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সেক্রেটারী সলেমান কবীর, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, যুগ্ম আহবায়ক সামসুজ্জোহা টুটুল, যুগ্ম আহবায়ক মতলেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলতান শাহাহান, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আল মাহমুদ ছট্টু, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, দক্ষীন শ্রীপুর বিএনপির আহবায়ক জুলফিকার আলি সাঁপুই, সদস্য সচিব মোতাহার হোসেন, কুশুলিয়া বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর ডাবলু, সদস্য সচিব হাসান, মথুরেশপুর আহবায়ক বদরু, সদস সচিব সৈয়দ হেমায়েত বাবু, যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানাত আলী, ধলবাড়িয়া আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, রতনপুর আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব আব্দুস সবুর, মৌতলা আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী মোফাজ্জল হোসেন পলাশ প্রমুখ। এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকগন অংশগ্রহণ করেণ। দীর্ঘ বক্তব্যে ড. মনিরুজ্জামান মনি বলেন দ্বন্দ বিবাদ নিরসনের মাধ্যমে বিএনপিকে তৃনমুল পর্যায়ের মজবুত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র সংস্কারে ৩১দফা ঘোষনা করেছেন সেটি জনগনের দ্বারে দ্বারে পৌছাতে হবে। আগামীর রাষ্ট্র সংস্কারের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে দলকে সুসংগঠিত করতে চাই।

কালিগঞ্জে জামায়াতের ৯টি ইউনিয়নের জামায়াতের আমীর গনের শপথ
সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জে উপজেলা জামায়াত অফিসে ০৯ টি ইউনিয়নের নব নির্বাচিত আমীরগণ শফত গ্রহণ করেছেন। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় এ শফত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি জননেতা মাওঃ আজিজুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের পরিচালনায় নবনির্বাচিত আমীরদের শফত পাঠ কারণ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। নবনির্বাচিত আমীরগণ হলেন কৃষ্ণনগর ইউনিয়নে ইব্রাহিম বাহারি, চাম্পাফুল ইউনিয়নে মাহফিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে মাওলানা রওশন আলী, নলতা ইউনিয়নে মাস্টার আকবর আলী, তারালি ইউনিয়নে আব্দুল ওয়াজেদ আলী, ভাড়াশিমলা ইউনিয়নে মাওলানা আবুল ফারাহ সিদ্দিকী, মথুরেশপুর ইউনিয়নে মনজুর মোরশেদ, মৌতলা ইউনিয়নে নূরুল হক, ও রতনপুর ইউনিয়নে ক্বারী আফতাবুজ্জামান। এসময় উপজেলা জামায়াতের সকল শুরা ও কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
তীব্র শীতের রাতে যখন আমরা আরামের কম্বল জড়িয়ে থাকি তখন গৃহহীন বা দরিদ্র মানুষ গুলো সেই আরামের স্বপ্ন দেখতে পান না, শীত তাদের জন্য কষ্টের। কালিগঞ্জ উপজেলার মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাকার ৫০ জন নারী প্রধান পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে মিশন মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান সখিনা পারভিন, এ সময় তিনি বলেন আপনার একটুখানি সাহায্য তাদের জন্য হতে পারে বেঁচে থাকার আশীর্বাদ, একটি কম্বল একটি সোয়েটার বা শীতবস্ত্র তাদের জীবনে নিয়ে আসতে পারে উষ্ণতা। আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, তাদের হাতে তুলে দিন উষ্ণতার উপহার। অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতা করেন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ।

দেবহাটা উপজেলায় ছাত্র শিবিরের কর্মী শিক্ষা শিবির
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা ছাত্রশিবির অফিস কার্যালয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এ শিক্ষাশিবিরে উপজেলা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন’র সভাপতিত্বে সেক্রেটারী সাফায়েত হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম।
তিনি বলেন, ইসলামে বাইয়াত বা শপথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাইয়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। বাইয়াত মানুষের জীবনকে সুন্দর, জ্ঞানগত পরিপূর্ণতা, মানুষের কল্যাণকামী ও উন্নত আমলের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর কাছ থেকে সাহাবীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে বাইয়াত নিয়েছেন।
ইসলামের হুকুম আহকাম পালনের ব্যাপারে দৃঢ় থাকতে এবং তাকওয়া অর্জন করে মুত্তাকী হতে আমাদের সকলকে বাইয়াত গ্রহণ করা উচিত।
তিনি আরো বলেন, দেশে সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং কোরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা কায়েমে ইসলামী ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসের শুরা অন্যতম সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক ও উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রশিবিরের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
ঢাকার টঙ্গীতে ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত ভাবে হত্যার বিচারের দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা উলামা পরিষদ আশাশুনি থানা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মুনছুর আহমেদ। হাফেজ জায়েদ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ মুফতি জায়েদ আব্দুল্লাহ, আঃ আজীজ, ক্বারী মোঃ কাইকাউস, মানছুরুল হক, মুফতি শাহ জালাল, মাওঃ মারুফ বিল্লাহ, মাওঃ মাহদী হাসান, নাজমুল আহসান প্রমুখ। আশাশুনি থানা জিম্মাদার সাজ্জাদুল হক লাভলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মানববন্ধনে বক্তাগণ বলেন, টুঙ্গী ইজতেমা মাঠে আমাদের সামান্য সংখ্যক কর্মীরা যখন ঘুমের মধ্যে ছিল, তখন নোয়াখালী, সিলেটসহ কিছু এলাকার টোকাই সন্ত্রাসী নিয়ে হাজাররহাজার উগ্রবাদী সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে শহীদ করা হয়। বহুজনকে আহত করা হয়। জঘন্যভাবে হামলাকারী ও হত্যাকারীরা ইসলামে দাঈ হতে পারেনা। আমাদের এক দফা এক দাবী সাদ গ্রুপ দাওয়াতী তাবলীগের নাম নিয়ে দেশের কোন মসজিদে করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনসহ সকল তৌহিদী জনতার সহযোগিতা ও সজাগ থাকার আহবান জানান।

জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে উজিরপুর বাজার ও মৎস্য সেটসহ পার্শ্ববর্তী এলাকার শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে ব্যাংকের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী, জন প্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, প্রভাষক আঃ রহমান মোড়ল, শিক্ষক আঃ মান্নান, ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাজার কমিটির সাবেক সেক্রেটারী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক গাজী, মেম্বার ইব্রাহিম খলিল, মেম্বার আবুল কালাম আজাদ, মেম্বার অমল সরকার, মেম্বর আঃ সাত্তার মোড়ল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, ৪৪ বছর আগে আমাদের আন্তরিক সহযোগিতায় ব্যাংকটি চালুর পর থেকে সুন্দর অবস্থানে পৌছেছে। উজিরপুর একটি প্রসিদ্ধ বাজার, মৎস্য সেটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এটি সেফ জোনে অবস্থিত, বহু প্রতিষ্ঠান ও সকল মানুষের সহযোগিতায় ব্যাংকটি শান্তিপূর্ণ ভাবে ও নিরাপত্তার সাথে চলে এসেছে। ব্যাংকটিকে স্থানান্তরের চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কোন ভাবেই আমরা চক্রান্ত সফল করতে দেবনা। যত শীঘ্রই সম্ভব নতুন রুচি সম্মত বিল্ডিং নির্মান করে দেব। এরপরও স্থানান্তরের ষড়যন্ত্র করা হলে কঠোর প্রতিরোধের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন।
মানববন্ধনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কারুজ্জামান উপস্থিত হয়ে ঘোষণা করেন, অন্যত্র যাওয়ার চেষ্টা করতে আমরা বাধ্য হয়েছিলাম। আমরা যেমন আপনাদের দারা অসম্মানিত হয়নি, আমরাও আপনাদেরকে অসম্মানিত করিনি। আজকে বুঝলাম আপনারা ব্যাংকটিকে কতটা ভাল বাসেন। আমি ইতিমধ্যে নতুন স্থানে কাজ বন্ধ করতে জানিয়ে দিয়েছি। ডিজিএম মহোদয়কে আপনাদের কথা জানিয়েছি। এখানে চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন গ্রাহক ও লেনদেন বৃদ্ধিসহ আপনাদের সহযোগিতা আরও বৃদ্ধি করা হলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো আশা করি। ম্যানেজারের আশ্বাসে আশ্বস্থ হয়ে উপস্থিত জনতা হাততালি ও শ্লোগান দিয়ে স্বাগত জানান।

আশাশুনিতে সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনিতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অর্থের ব্যক্তিক অনুদানে ৩ জন ভিক্ষুক পুনর্বাসন ও ৪৩ জনের এককালীন অনুদান বিতরণ করা হযেছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৪৩ জনকে ১ লক্ষ ১০ হাজার টাকার এককালীন ব্যক্তি অনুদান এবং ভিক্ষুক বুধহাটার সখিনা খাতুনকে ৩৬ হাজার টাকা মূল্যের ৪টি ছাগল, শ্বেতপুর গ্রামেন ভিক্ষুক কোহিনুর বেগমকে ৩৬ হাজার টাকা মূল্যের ৪ টি ছাগল ও ভিক্ষুক যদুয়ারডাঙ্গা গ্রামের মানু সানাকে ৩৫ হাজার টাকা মূল্যের ৪টি ছাগল প্রদান করা হয় এবং একই সাথে তাদের ৩ জনকে ১ হাজার টাকা করে যাতয়াত খরচ প্রদান করা হয়।

ডুমুরিয়ায় পানি নিষ্কাশনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে গ্রামবাসী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আপার ভদ্রা নদীর উপর নির্মিত নরনিয়া স্লূইস গেটে শতাধিক গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করায় গেট দিয়ে দ্রুত গতিতে পানি নিষ্কাশন হচ্ছে। এতে গত দুই মাসে অবিরাম বর্ষণে তলিয়ে থাকা ৪৮টি গ্রামের বিলের পানি নিষ্কাশনের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে চলতি ইরি বোরো মৌসুমে ধান চাষে স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষক। শনিবার দুপুরে সরজমিনে নরনিয়া স্লূইস গেটে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এ ব্যাপারে বাংলাদেশ পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষক গত ২ মাস ধরে তারা ভাসমান স্কেভেটর দিয়ে আপার ভদ্রা নদী খনন করায় নদীর গভীরতা সৃষ্টি হয়েছে। এর ফলে খাল ও বিলের পানির তুলনায় নদীর পানির স্তর অনেক নিচে নেমেছে। কিন্তু নরনিয়া স্লূইস গেট দিয়ে পানি সরবরাহে বাঁধা ছিল। এ কারণে ৪৮টি গ্রামের অধিকাংশ বিলের পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেয়। বিষয়টি অনুভব করে গ্রামে গ্রামে গিয়ে লোকজনের সাথে কথা বলে প্রায় শতাধিক লোক নিয়ে স্লূইস গেট দিয়ে পানি সরানো ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে গেট দিয়ে বেশ পানি বের হচ্ছে। তাই পাউবো কর্তৃপক্ষ যদি নরনিয়া স্লূইস গেটে কিছুদিন শ্রমিক দিয়ে কাজ করায়, তাহলে স্বল্প সময়ের মধ্যে অধিকাংশ বিলের পানি নিষ্কাশন হয়ে ধান চাষে উপযুক্ত পরিবেশ হবে।
তবে নিমতলা এলাকায় মাটি কেটে নদীর উপর রাখা ও রোস্তমপুর এলাকায় একটি বাঁক থাকায় পানি সরতে সমস্যা হচ্ছে। এ দু’টি স্থান খনন করা হলে আরো দ্রুতগতিতে পানি নিষ্কাশন হবে।

লটারি নয়, পরীক্ষায় ভর্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটের শিক্ষার্থীরা।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হতো। এতে মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেত। কিন্তু, বিগত কয়েক বছর ধরে লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
ফলে, মেধাবী শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। লটারি পদ্ধতি অনেকটা জুয়ার মতো। এ পদ্ধতি বাতিল করে আগের মতো ভর্তি পরীক্ষা নিয়ে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ
যশোর অফিস
যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে যশোর সদর উপজেলায় ২০, অভয়নগর উপজেলার ১০৫ ও কেশবপুরের ৪২ জন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পৃথক তিন আদালতে তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১২৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিন আত্মসমর্পণ করতে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ সহ নানা স্লোগান দেন।
যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামিপক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের পক্ষ থেকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হবে।

দেশি-বিদেশি ফল উৎপাদনে সফল মেহেরপুরের চাষিরা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ধান, গম, আলু, ভুট্টা ও নানা রকম সবজি চাষের পাশাপাশি দেশি ও বিদেশি বিভিন্ন ফল বাগান করেও সফল হচ্ছেন চাষিরা। ফলের মধ্যে রয়েছে, চায়না কমলা, মাল্টা ও ড্রাগন ফল। ফল বাগান করে লাভবান হওয়ায় সবজি চাষের পাশাপাশি অনেকেই এখন ঝুঁকছেন বিদেশি বিভিন্ন ফলের বাগান করতে।
মেহেরপুর জেলায় বিভিন্ন চায়না কমলা, মাল্টা বাগান ঘুরে জানা গেছে, বাগান মালিকদের সফলতার গল্প। বাগানের প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে কমলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভা দিচ্ছে হলুদ ও সবুজ রংয়ের কমলা। কমলার ভারে নুইয়ে পড়েছে গাছের ডালপালা। বাতাসে ছড়াচ্ছে কমলার সুস্বাদু ঘ্রাণ। বাগান দেখতে ও কমলা কিনতে বিভিন্ন স্থান থেকে আসছেন ক্রেতারা।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাগান মালিক হাফিজুর রহমান বলেন, ২০২০ সালে চারা রোপণ করি। ২০২৩ সালে প্রথম ফল আসে গাছে। এ বছর প্রচুর ফল হয়েছে। আশা করি ২০ লাখ টাকার কমলা বিক্রি করতে পারব।
গাংনী উপজেলা কসবা গ্রামের নুরুজ্জামান রুবেল নামের এক যুবক প্রথমে দশ কাঠা জমিতে কমলা ও মাল্টা বাগান করেন। গাছে ভালো ফলন ও লাভজনক হওয়ায় পরে সাড়ে সাত বিঘা জমিতে কমলা ও আড়াই বিঘা জমিতে মাল্টা বাগান করেছেন। চারা রোপণের প্রায় চার বছরের মাথায় দেড় বিঘা জমির মাল্টা তিন লাখ টাকায় বিক্রি করেছেন। দুই বছরের মাথায় অল্প ফল ধরলেও এ বছর পুরোপুরি সফলতা আসে। বর্তমানে যে পরিমাণ কমলা আছে তা প্রায় ৫ থেকে ৭ লাখ টাকায় বিক্রি হবে বলে আশাবাদী এই তরুণ। তার বাগানে রয়েছে চায়না, দার্জিলিং ও মেন্ডারিং জাতের কমলা ও মাল্টা এবং পেয়ারা।
বাগান দেখতে আসা সজিব বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়া অনুকূল না হওয়ায় সাধারণত চায়না কমলার ফলন ভালো হয় না। কিন্তু আমাদের সে ধারণা পাল্টে দিয়েছে রুবেল ভাই। বাগানে প্রতিটি গাছে কমলার ফলন দেখে আমরা অভিভূত হয়েছি।
কসবা এলাকার মনিরুল ইসলাম বলেন, মেহেরপুরের মাটিতে কমলা হচ্ছে এটা অবাক করার মতো। নিজ দেশে নিজ হাতে কমলা ছিড়ে খাওয়া স্বপ্নের মতো।
বাগান মালিক নুরুজ্জামান রুবেল বলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগরে একটি বাগান দেখে নিজে বাগান করব সিদ্ধান্ত বলে নেই। জীবন নগরের ওমর ফারুক নামের এক নার্সারি মালিকের কাছ থেকে কমলা ও সাখাওয়াত ভাইয়ের কাছ থেকে মাল্টার চারা নিয়ে প্রথমে ১০ কাঠা শুরু করি। পরে ভালো ফলন ও লাভজনক হওয়ায় সাড়ে ৭ বিঘা জমিতে বাগান করি। বাগানে তিন জাতের সাড়ে ৭শ গাছ আছে। বাগানের বয়স প্রায় চার বছর হতে চলেছে। এবারই প্রতিটি গাছে প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি ফল এসেছে। বিঘা প্রতি আড়াই থেকে তিন লাখ টাকা বক্রি হবে আশা করছি। তবে জেলা বা উপজেলা পর্যায়ে কৃষি বিভাগের পক্ষ থেকে ফল বাগান করতে প্রণোদনা পাওয়া যায় তা দিয়ে আগ্রহীদের ফল চাষে উদ্বুদ্ধ করা হলে ফল বাগান আরও বাড়বে।
গাড়াডোব গ্রামের চায়না কমলার বাগান মালিক আকবর আলী বলেন, আমার বাগানের বয়স ৫ বছর। এখন নিয়মিত কমলা বিক্রি করছি। তবে এখানকার চায়না কমলা স্বাদ বেশি টক। আমরা চেষ্টা করছি টক কমিয়ে মিষ্টি করার। তাহলে চাহিদা বাড়বে। কৃষি বিভাগ আমাদের নানা ভাবে সহযোগিতা করছে।
ফল ব্যবসায়ী চুয়াডাঙ্গার ইমদাদুল হক,বাদামতলির সুমন পাটোয়ারি জবীননগরের শাহিন আলী বলেন, আমরা প্রায় ১৫ বছর ধরে ফলের পাইকারী ব্যবসা করি। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম থেকে বিদেশি ফলের ব্যবসা করি। দু বছর থেকে মেহেরপুর থেকে কমলা, চয়না, কমলা ও ড্রাগন ফল কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছি। তবে কমলার যে স্বাদ তাতে মিষ্টির পরিমাণ কম, টক বেশি। কৃষি প্রযুক্তির মাধ্যমে যদি টকের পরিমাণ কমিয়ে মিষ্টি করা যায় তাহলে মেহেরপুর জেলাও হবে ফল উৎপাদনের সম্ভাবনাময় জেলা।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ৭৬ হেক্টর জমিতে মাল্টার বাগান, ২৫ হেক্টর জমিতে চায়না কমলার বাগান ও ৪৫ হেক্টর জমিতে ড্রাগন বাগানে ফল বিক্রি শুরু হয়েছে। আস্তে আস্তে মেহেরপুর জেলায় ফলের বাগানের দিকে ঝুঁকছে কৃষকরা। আমরা বিভিন্ন কৃষকদের আগ্রহী করে তোলার চেষ্টা করছি। তবে মেহেরপুর শুধু সবজিতে নয়, ফল উৎপাদনেও বিপ্লব হবে।

মৌ হিজড়ার মৃতদেহের স্বর্ণালংকার-মালামাল আত্মসাতের অভিযোগ
যশোর অফিস
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া মৌ হিজড়ার রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রোববার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তৃতীয় লিঙ্গের সদস্যরা। নিহত মৌ হিজড়ার বাড়ি নড়াইলের বাওয়াই সোনা এলাকায়। তিনি দীর্ঘদিন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত গোলামের স্ত্রী ফতে বেগমের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।
সংবাদ সম্মেলনে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি (গুরুমা) ভাবনা হিজড়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পপি হিজড়া। লিখিত বক্তব্যে বলা হয়, মৌ হিজড়ার মৃত্যুর পর তার দেহ থেকে স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ২৩ হাজার টাকার বিকাশ, কম্বল, চাদর, মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় রেলগেট পশ্চিমপাড়ার কয়েকজন। তার মালামাল ফেরত না দিলে আমরা আন্দোলনে নামব। এমনকি তার মৃত্যুর পর কুলখানির জন্য চাঁদা তুলে গরুর মাংস কিনে খেয়েছে অভিযুক্তরা। এ বিষয়ে তৃতীয় লিঙ্গের সদস্যরা বিএনপির শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তৃতীয় লিঙ্গের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা ধরনের শোষণ ও অবিচারের শিকার। মৌ হিজড়ার মৃত্যু ও মালামাল আত্মসাতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা এই ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তৃতীয় লিঙ্গের সদস্যরা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌ হিজড়ার ভাইপো মো. আনিছ, মাহমুদুল হাসান, হিজড়া সম্প্রদায়ের সদস্য লতা, চুমকি, পূজা, শিমলা, পলক, আশা প্রমুখ।

বটিয়াঘাটায় টঙ্গী ইজতেমায় হত্যাকারীদের শাস্তির দাবিতে জুবায়ের পন্থীদের মানববন্ধন
বটিয়াঘাটা প্রতিনিধি
রবিবার সকাল দশটায় বটিয়াঘাটা থানার মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্ফুতী সালিমুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া , এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাসিম, মুফতি শহিদুর ইসলাম, মুফতি আরিফ বিল্লাহ,মুফতি ইমদাদুল্লাহ, শাহাদাত হোসাইন, মুবাল্লিগ সিদ্দিকুর রহমান, মুফতি আরিফ বিল্লাহ, জাকারিয়া, মাওলানা আব্দুল গফুর, এছাড়া তাবলীগ জামাতের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গত ১৮ সালের ১লা ডিসেম্বরে ন্যায় আবারো সাদপন্থী তাবলীগ জামাতের লোকজন গত ১৮-১২- ২০২৪ তারিখ রাত তিনটার সময় আমাদের ঘুমন্ত তাবলীগ সাথীদের উপর অতর্কিত হামলা করে চারজন ভাইকে শহীদ করে। আমরা হত্যাকারী সাদ পন্থীদের দৃষ্টান্তমূলকশাস্তি দাবি করে অবিলম্বে গ্রেপ্তারের করে ও বাংলাদেশের সকল মসজিদ থেকে সাত পন্থীদের কার্যক্রম নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি মানববন্ধন শেষে স্বরাষ্ট্রউপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে।

খুবিতে ডি-নথি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথি বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গবেষণাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
তিনি বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি-নথির বাস্তবায়ন প্রয়োজন। ডি-নথির মাধ্যমে যেকোনো স্থানে, যেকোনো সময় পেপারলেসভাবে ফাইল প্রক্রিয়াকরণ ও অনুমোদন সম্পন্ন করা যাবে। এতে সময়ের অপচয় রোধ এবং কাগজের সাশ্রয় হবে। পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটিও সুনিশ্চিত হবে। একই সাথে প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে অনেক আগে থেকেই ডি-নথির ব্যবহার হয়ে আসছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এটি চালু করা হয়েছে। ডি-নথি ব্যবহার করা প্রক্রিয়া। এর মাধ্যমে নোট শিটের কোনো অংশ কাটা-ছেঁড়া যাবে না, তবে কাজের ক্ষেত্রে ভুল হলে পরবর্তীতে তা সংশোধন করা যাবে। আমি মনে করি, এ প্রমিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ডি-নথি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। যা তাদের পেশাগত কাজে আসবে।
তিনি ডি-নথি বিষয়ে ধারাবাহিকভাবে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ডি-নথি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক ড. মোঃ সালাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ শামীম আহসান, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন ও ইঞ্জি. রাহুল দেব মহলদার। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়। নগরীর খালিশপুরের স্থায়ী কার্যালয়ে খালিশপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খালিশপুর থানা সভাপতি বদরুর রশিদ মিন্টু এর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খালিশপুর থানার প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আওয়াল, মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও বুলবুল কবির। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, গাজী দেলোয়ার হোসেন, নাসিরুদ্দিন, মুজাহিদুল ইসলাম বিল্লব, মোখলেছুর রহমান, মহিবুর রসুল, এইচ এম আসাদ, আব্দুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, মো. রফিকুল ইসলাম, শাহনেওয়াজ রুবেল, কামরুল ইসলাম, মজিবুর রহমান, আবু সাঈদ, মো. বেবি জামান, ফারুক হাওলাদার, রকিবুল ইসলাম, তানভীর হোসাইন, জাহাঙ্গীর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০২৫-২৬ সেশনের জন্য সম্মেলনে জাহিদুল ইসলামকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে খালিশপুর থানার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

খালিশপুরে জামায়াতে ইসলামীর সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ, বাণিজ্য, দুর্নীতি থাকবে না। সব মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। গত ১৫ বছর জনগণের অধিকার দেওয়া হয়নি জামায়াত ক্ষমতায় গেলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। খুলনা মহানগরী খালিশপুর থানার ১০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বঙ্গবাসী স্কুল মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
১০ নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. বিপ্লব হোসেন (বাবু) পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিশপুর থানা আমীর অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। এ সময় জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল জলিল হিমেল, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, হামিদুল ইসলাম, খালিশপুর থানা ছাত্র শিবিরের সভাপতি লিমন হোসেন জিহাদ, আবু হানিফ, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।