Home আঞ্চলিক সাগরে নিম্নচাপ, উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সাগরে নিম্নচাপ, উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

22


স্টাফ রিপোর্টার
পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় খুলনা ও আশপাশের এলাকায় গভীর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজ ও জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ। বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। খুলনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, রিকশাচালক মালেক ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, যাত্রীও কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না। ভ্যানচালক মজিদ মিয়া বলেন, বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। কিন্তু কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে। বাধ্য হয়েই কাজে বের হয়েছি। স্থানীয় কৃষক আবদুল গফুর বলেন, ধান শুকানোর সময় চলছে। এখন ধান ভেজা থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে। কিছু দিন রোদ না পেলে বড় ক্ষতি হয়ে যাবে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমকি ৮ ডিগ্রি সেলসিয়াস।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। শনিবার সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। সাতক্ষীরার স্থানীয় বাসিন্দা নাঈমুর রহমান বলেন, হঠাৎ এই বৃষ্টির কারণে অনেকেই শীতবস্ত্র নিয়ে ঘরের বাইরে বের হতে পারছে না। কৃষকদেরও কিছুটা সমস্যা হচ্ছে, কারণ ধান শুকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। জুলফিকার আলী বলেন, শনিবার সাতক্ষীরায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৯৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।