ঢাকা অফিস।।
বিডিআর হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৫৮ জনের নাম রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ২০ জন সদস্য এ অভিযোগ জমা দেন।
নিহত সেনা পরিবারের সদস্যদের পক্ষে অভিযোগটি প্রস্তুত করেন অ্যাডভোকেট এসএম তাসমিরুল ইসলাম। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ জন কর্মকর্তার ওপর যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ, একই সঙ্গে গণহত্যার সঙ্গে সামঞ্জস্যতা রয়েছে বলে আমরা মনে করি।
এখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসররা রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি শক্তিশালী বাহিনীকে ধ্বংসের উদ্দেশে এ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন।
আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য দেশপ্রেমিক ও দক্ষ অফিসারদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে দাবি করে তাসমিরুল বলেন, সেখানে তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে দেহ ক্ষত-বিক্ষত করা হয়েছে। তাদের এবং তাদের পরিবারের সদস্যদের আটক করে, জিম্মি করে লুটপাট চালানো হয়েছে, তাদের ওপর আঘাত করা হয়েছেÑ এ সবকিছুই মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে উল্লেখ করে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। এতে শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা (অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক), তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী (প্রয়াত), তৎকালীন আইনমন্ত্রী (শফিক আহমেদ), তৎকালীন সেনাপ্রধান (মঈন ইউ আহমেদ), তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানও রয়েছেন। তিনি বলেন, অভিযোগে আরও অনেকের নাম রয়েছে, যারা এ হত্যাকাণ্ড এড়াতে পারতেন। কিন্তু তারা তা না করে আসামিদের পার পাওয়ার জন্য সহযোগিতা করেছেন।
ষড়যন্ত্রের মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অভিযোগ করে পিলখানায় নিহত বিডিআরের মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূইয়া বলেন, পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ অফিসারকে হত্যা করার জন্য। শুধু বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ধ্বংস করার জন্য নয়, দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন, আমার বাবা-মাকে কীভাবে মেরেছে, বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসাররা বলেছিলেনÑ ‘বাবা তুমি তোমার বাবা-মায়ের লাশ দেখ না, তুমি তা নিতে পারবে না। এমন নির্মমতা, বর্বরতা, আপনারা কল্পনাও করতে পারবেন না।
বাবা-মাসহ পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে রাকিন আহমেদ বলেন, আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক। গত ১৫ বছর একা একা বড় হয়েছি। কী যে কষ্ট বলে বোঝাতে পারব না।
পিলখানায় নিহত কর্নেল কুদরত এলাহীর ছেলে অ্যাডভোকেট সাবিক রহমান বলেন, আমি আইন পড়েছি একটা কারণেই যে, আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমরা এত দিন বিচার পাইনি, এখন আমরা অভিযোগ দায়ের করেছি, আমরা আশাবাদী সঠিক বিচার পাব।
অভিযোগকারীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে সর্বপ্রথম বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার দুই শক্তিশালী প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর ধ্বংসের নীলনকশা প্রণয়ন করে। সেই লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বপ্রথম শিকারে পরিণত হয় বাংলাদেশ রাইফেলসে তৎকালে কর্মরত পেশাদার, সৎ-দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের একটি অংশ। শেখ হাসিনা সেনাবাহিনীর ওই সব দেশপ্রেমিক সেনা অফিসারদের নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে প্রথম ও প্রধানতম অন্তরায়-বিপত্তি হিসেবে চিহ্নিত করে উক্ত সেনা অফিসারদের এবং তাদের পরিবারের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা গ্রহণ করেন। এতে আরও বলা হয়Ñ শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের নেতৃত্ব, পরিকল্পনা ও নির্দেশনায় অন্যান্য আসামি আওয়ামী ফ্যাসিস্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার পরিকল্পনাধীন স্বৈরশাসন প্রতিষ্ঠার পথ সহজ ও চিরস্থায়ী করতে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দপ্তরে তৎকালীন বিডিআরে কর্মরত নিরস্ত্র সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশে তাদের ওপর পরিকল্পিতভাবে পদ্ধতিগত উপায়ে নারকীয় হত্যাকাণ্ড চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা সেখানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে। এই ঘটনায় মোট ৭৪ জন প্রাণ হারান। এই মানবতাবিরোধী ও গণহত্যার মাধ্যমে সমগ্র সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতাদর্শ বাস্তবায়ন, লুটপাট, রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কোনো রকম প্রতিবাদ করার সাহস ও শক্তি হারিয়ে ফেলে। পিলখানা গণহত্যার তদন্ত ও বিচার সুষ্ঠুভাবে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে যেসব নিরীহ, নিরপরাধ ও নির্দোষ বিডিআর জওয়ানদের বছরের পর বছর কারাগারে আটক রাখা হয়েছে, তাদের মুক্তি দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা।











































