বিনোদন ডেস্ক।।
মহান বিজয় দিবস আজ। এ উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুটের সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘জাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশিরা। যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেজ ইভেন্টের কর্ণধার আবদুল্লাহ মাহমুদ। তিনি জানান, নেক্সটস্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভ্যানুতে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোনো টিকিট। তবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সঙ্গে কোলাবোরেশান করবে চিরকুট। চিরকুটের ভোকাল সুমি বলেন, বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারো তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে। এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে করেন ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন। চিরকুট জানায়, কনসার্ট শেষেই ২১শে ডিসেম্বর তারা দেশে ফিরে আসছে। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।











































