আন্তর্জাতিক ডেস্ক
কৃষ্ণ সাগরে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে রাশিযার দুটি তেলবাহী ট্যাংকার। এখন পর্যন্ত একজন নিহতের খবর মিলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি তেলবাহী ট্যাংকারে ২৯ জন ক্রু ছিল। ঝড়ের কবলে পড়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাংকার দুটি। সমুদ্রে তেলও গড়িয়ে পড়েছে।
রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটরের দপ্তর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ট্যাংকার জাহাজ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর পানিতে তেল গড়িয়ে পড়ছে।
রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপের মধ্যবর্তী কার্চ প্রণালিতে এই ঘটনা ঘটে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ঘটনা খতিয়ে দেখতে একটি গ্রুপ কাজ করছে। দলটির নেতৃত্ব দিচ্ছে উপপ্রধানমন্ত্রী ভিতালি সাভেলিয়েভ।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কোনো অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এ ছাড়া হেলিকপ্টার ও টাগবোটে করে ৫০ জনের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধারে গিয়েছে।











































