Home খেলাধুলা টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে: লিটন

টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে: লিটন

42


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায় করছে বলে মনে করেন, বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক লিটন দাস।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ টি-টোয়েন্টিতে এ বছর ২১ ম্যাচ খেলে মাত্র ৯টিতে জয় পেয়েছে। সিরিজ হারতে হয়েছে শ্রীলংকা, যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পারফরম্যান্স ছিল না প্রত্যাশিত।

এই সিরিজের আগে অধিনায়ক লিটন বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলি আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘ঘাটতি নেই। কারণ, গতকালকে আমরা ফ্লাডলাইটে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে, টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যেই আছে অনেক দিন ধরে। দু-একজন ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা দু-এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।’

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে তিনটি ম্যাচ খেলেছেন লিটনরা। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ধরা দিয়েছিল এখানে, হারতে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের সময় উইকেট ছিল অনেকটাই বোলিং সহায়ক। ব্যাটসম্যানদের কাজটা ছিল ভীষণ কঠিন। তবে এবার উইকেট অন্যরকম মনে হচ্ছে লিটনের কাছে।

‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এবার যে উইকেট, একটু পার্থক্য দেখা গেছে, গতকাল যখন অনুশীলন করেছি, উইকেট একইরকম নয়। তারা হয়তো ভিন্নভাবে তৈরি করেছে। আমরা এখনও চিন্তাভাবনা করিনি। আমাদের দলীয় ভারসাম্য চিন্তাভাবনা করে এগোব। বাংলাদেশের জন্য সেরা দল যেটি হবে, সেভাবেই করব,’ যোগ করেন লিটন।