স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে সিরিজটা ভালো যায়নি বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছেন মিরাজরা। তবে ওয়ানডের হতাশা ভুলে এবার কুড়ি ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এরই মধ্যে সেন্ট ভিনসেন্টে অনুশীলন শুরু করে দিয়েছেন সফরকারীরা। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দুই দল।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই চোটের কারণে। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন লিটন দাস। কুড়ি ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে লাল-সবুজদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার আশাবাদ ব্যক্ত করে সৌম্য সরকার বলেছেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামব আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব।’
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোই ব্যাটিং করেছিলেন। ফিফটি করেছিলেন সৌম্য সরকার (৭৩), মেহেদী হাসান মিরাজ (৭৭), মাহমুদউল্লাহ (৮৪) ও জাকের আলী (৬২)। ব্যাটারদের কল্যাণেই ৫ উইকেটে ৩২১ রানের পুঁজি পেয়েছিলেন সফরকারীরা। ভালো পুঁজি নিয়েও ম্যাচটি জিততে পারেননি তারা। অভিষিক্ত আমির জঙ্গুর শতকে (১০৪*) ২৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আবার বোলাররাও ওয়ানডে সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
এদিকে, টি-টোয়েন্টি সিরিজের একদিন আগে গতিময় পেসার নাহিদ রানাকে স্কোয়াডে যুক্ত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ডাক পেলেন তিনি। ৫ দিন আগেই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডলও।











































