মোঃ রাজু হাওলাদার
খুলনা শহর থেকে বটিয়াঘাটা সদর। সদর থেকে পাশ দিয়ে যেতে হবে এক সময়ের দুর্গম গ্রাম কাতিয়নাংলা। এখন সেই পাল্টে যাওয়া বাজারে শত শত মানুষের চলাচল। রয়েছে গ্রামাঞ্চলের হরেক রকম ব্যবসা। এ ব্যবসা করেই জীবিকা নির্বাহ করছেন সাধারণ মানুষ। তাদেরই একজন খেটে খাওয়া এক নারী উদ্যোক্তা জেসমিন খাতুন। জেসমিন যেন জীবনের যোদ্ধা, বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক। তার নামেই নামকরণ হয় জেসমিনের চায়ের দোকান। এক নামে, এক ডাকেই চেনেন স্থানীয়রা। যেখানে বিক্রয় হয় চা, পান, বিস্কুট, কেক। শুধু তাই নয় রয়েছে সুস্বাদু পেয়াজু, ছোলা, মুড়ি ইত্যাদি।
পথচারী তাইজুল দৈনিক খুলনাঞ্চলকে বলেন জেসমিনের হাতে মাখা ছোলা- মুড়ি যে খায়নি তিনি অনেক কিছুই মিস করেছে। এছাড়া দোকানটিতে রয়েছে স্বাস্থ্যসম্মত ফরমালিন মুক্ত দেশি কলা, দেশি হাসের সিদ্ধ ডিম।
ব্যবসায়ে সহযোগী হিসাবে আছে স্বামী রাসেল শেখ। দারুন চা বানায় রাসেল, জেসমিন-রাসেল জুটি হিসাবে তারা চমৎকার, হাসিখুশি দম্পতি। একসাথে তাদের এই চায়ের টং ঘরের ব্যবসা খুলনা থেকে দাকোপের পথে যেতেই আড্ডা, চা- পেয়াজু, ঝালমুড়ি খাওয়া, গ্রাম্য এই দম্পতির সহজ সরল আচরণ, কাস্টমারদের প্রতি কেয়ারিং, আন্তরিকতা সত্যিই অতুলনীয়।
জেসমিন এর সাথে কথা বলে জানা যায়, সংসারে অভাব অনটনে দিন কাটছিল তাদের। হঠাৎ জেসমিন সিদ্ধান্ত নিল ছোটখাটো কিছু করতে হবে জীবিকা নির্বাহ করার জন্য। তাই টংঘর বসিয়ে কাতিয়া নাংলা বাজারে চায়ের দোকান দেন স্বামী-স্ত্রী । তারপর আস্তে আস্তে শুরু করে ঝাল মুড়ির ব্যবসা। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তাদের ব্যবসা। প্রতিদিন দোকান থেকে ১ হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা আয় হয়। এখন তাদের জীবন ভালোই চলছে। তাই নিজেকে স্বাবলম্বী দাবি করেন জেসমিন।
জেসমিন আরো বলেন, সমাজে যেসব নারী অবহেলিত এবং ডিভোর্সি। তাদের ঘরে বসে না থেকে আমার মত নিজ উদ্যোগে ছোটখাটো কোন ব্যবসা করলে তার জীবন সুন্দর হবে। কোন মানুষের কাছে হাত পাততে হবে না। কারোর ঘরের বোঝা হয়ে কথাও শুনতে হবে না।
নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ঘরে বসে না থেকে ব্যবসার সাথে জড়িত হই।
জেসমিনের স্বামী রাসেল খুলনাঞ্চলকে বলেন, আমার স্ত্রীর জেসমিনের কারণেই আজ আমি ব্যবসায়ী। আমার জীবনে অনেক ব্যবসা করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। জেসমিনের ব্যবসায়িক উদ্যোগ ও ভালো আচরণ মূলত এই ব্যবসাটি জমজমাট হয়ে উঠেছে।











































