Home জাতীয় চিরনিদ্রায় শায়িত হলেন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ

চিরনিদ্রায় শায়িত হলেন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ

22


খুলনাঞ্চল রিপোর্ট
রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল দরজার বাঁ পাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা এবং দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরীবাগের সুপার হোম নামে হোস্টেলের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এ কবিকে। পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বহু কালজয়ী কবিতার স্রষ্টা হেলাল হাফিজ। তার লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পংক্তি মানুষের মুখে মুখে ফেরে এখনো। কবিতাটির প্রথম দুই পঙ্ক্তি, ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ প্রেরণা জুগিয়েছে উনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধীসহ প্রগতিশীল সব আন্দোলনে।
হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। হেলাল হাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু, কবি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম। ১৯৬৫ সালে নেত্রকোণা দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোণা কলেজ থেকে তিনি এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
পরে ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন হেলাল হাফিজ। পূর্বদেশ ও দৈনিক দেশ পত্রিকায় তিনি সাহিত্য সম্পাদক ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক যুগান্তর। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে।
এরপর বইটির ৩৩টির বেশি সংস্করণ বেরিয়েছে। এর ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র দুটি পঙ্ক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।
হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।