মহানগরী খুলনায় সন্ত্রাসীর গুলিতে মো. আকাশ (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিক্যালে নেওয়া হয়। আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবাবর (১৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে মো. আকাশ মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। সেখানে ৭-৮ জনের সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পরপর দু’টি গুলি ছোড়ে। একটি গুলি তার পেছন কোমরে বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি ও তার বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ২০০১ সালে আকাশের বাবা হাফিজুল ইসলামকেও ক্যাসল সালাম হোটেলের ভেতর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।











































