Home জাতীয় ‘তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন’

‘তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন’

59


ঢাকা অফিস।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলীয় চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজনে সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ভারত কী চায়? এখনতো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না। তাহলে ভয় কীসের। সোমবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে, সেই আগরতলায় সহকারী হাইকমিশনারে হামলা করা হয়েছে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। শেখ হাসিনার ওপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছেন। সংবিধানকে তছনছ করে দিয়েছেন। বিচারপতির এজলাসে লাথি মেরেছেন। আয়নাঘর তৈরি করেছেন। ’

তিনি বলেন, ‘সেদিন এখন আর আপনাদের নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবেন। এক মাথা, এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।’

ভারতের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন— আমাদের লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার। ’

তিনি বলেন, ‘আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যিই আপনি গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন, আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে— তাকে এক মিনিটের জন্য না রেখে ড. ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম, আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন। ’

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।