মোঃ শামীম হোসেন, দাকোপ
খুলনার দাকোপে বীজ ও সারের দাম বেশি হওয়ায় আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। খরচের টাকা ওঠা নিয়ে সংশয় তাদের মধ্যে। এজন্য আলু রোপণে দেখা গেছে ধীরগতি। এ অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ না হলে আগামীতে আলুর সংকটসহ দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।চাষিদের অভিযোগ, গত বছর যে বীজের দাম ৩০-৩২ টাকা ছিল এবার সেটি দ্বিগুণেরও বেশি। এছাড়া ১৮০০ টাকার সারের বস্তার দাম এ বছর দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের চাঁদ পাড়া গ্রামের আলুচাষি সুপদ মন্ডল বলেন, এবার বেশি করে আলু রোপণের ইচ্ছা থাকলেও সব জিনিসের দাম বেশি থাকায় অল্প জমিতে আলু রোপণ করছি। কারণ, সার ও বীজের দাম খুব বেশি। একই উপজেলার কচা গ্রামের কৃষক জয়দেব মন্ডল বলেন, গতবার যে আলু আবাদ করেছিলাম, এবার পারবো না। কারণ সার-বীজ, কামলা খরচ সব বেশি। গত বছর বীজ কিনছি ২৮ থেকে ৩৫ টাকা আর এ বছর ৯০ টাকা কেজি। সার বস্তাপ্রতি এক থেকে দেড়শ টাকা বেশি। এ কারণে বেশি আলু লাগানো যাচ্ছে না। উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রামের সুকুমার রায় বলেন, গতবার সার ছিল ১৮০০ টাকা। এ বছর সে সার ২২৫০ টাকা প্রতি ব্যাগ। আমরা খেটেখুটে কষ্ট করে আলু চাষ করি আর বড়লোক ব্যবসায়ীরা সেই আলু আমাদের কাছ থেকে অল্প দামে কিনে নিয়ে পরে সিন্ডিকেট করে বেশি দামে বাজারে বিক্রি করেন। এ বিষয়ে সার ডিলার ইসা শেখ বলেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় সারের সংকট দেখা দিয়েছে। এছাড়া গতবারের তুলনায় একটু দামও বেশি। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলায় আসন্ন আলু রোপণ মৌসুমে আলুচাষের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক হয়রানি বন্ধ করাসহ সার ও বীজ সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর নিয়মিত মনিটরিং অব্যাহত আছে। কোথাও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।











































