Home আলোচিত সংবাদ ভাস্কর অধ্যাপক শেখ সাদী ভূঁঞার ইন্তেকাল

ভাস্কর অধ্যাপক শেখ সাদী ভূঁঞার ইন্তেকাল

59


স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁঞা (৬২) মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম ও পরিবারের পক্ষে মরহুমের শ্যালক বক্তব্য রাখেন। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে বাদ আছর নগরীর ইকবালনগর বড় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁঞার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু এবং সদস্য সচিব কমরেড কোহিনুর আক্তার কনা এক যুক্ত বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার অন্যতম সংগঠক, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের শিক্ষক, ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা, লেখক গবেষক ভাস্কর শেখসাদী ভূঁঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।