পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জমি থেকে ধানের খড় কাটায় বাঁধা দেয়ায় ইউপি সদস্য ও তার পিতাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় উপজেলার গজালিয়ার জাহাঙ্গীর মাষ্টারের জমিতে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে ইউপি সদস্যকে জখমের নিন্দা জানিয়ে চাঁদখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন সরদারসহ ইউপি সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চাঁদখালী’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এস্নেয়ারা বেগম জানান, ঘটনার দিন আমার পিতা লিয়াকত সরদার শিক্ষক জাহাঙ্গীরের কথা মতো গজালিয়াতে তার জমিতে নাড়া( খড়) কাটতে যায়। কিন্তু এর পুর্বে কোন কিছু না জানিয়ে স্থানীয় রফিকুল মিস্ত্রীর স্ত্রী আকলিমা ও ছেলে রুবেল এ জমিতে ( খড়) নাড়া কাটতে থাকে। লিয়াকত সরদার নিশেধ করায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে আমার পিতাকে মারপিট করে বাম হাতে কাঁচির টান দিয়ে জখম করেন। তিনি অভিযোগ করেন খবর পেয়ে আমি ঠেকাতে গেলে আকলিমা আমার উপর হামলা করে তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে আমার কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে আকলিমার ছেলে রুবেল আমার শ্লীলতাহানী ঘটায়। খবর পেয়ে স্থানীয় আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইউপি সদস্যের স্বামী লস্করের আলমতলা গ্রামের আবুল হোসেন জমাদ্দার বাদি হয়ে মা ও ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মহিলা ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।











































