স্টাফ রিপোর্টার
নগরীর ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ কার্যক্রম চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বুধবার (৪ ডিসেম্বর) সদর থানা এলাকার খানজাহান আলী সড়কে এ অপসারণ কার্যক্রম চালানো হয়। অপসারণ কার্যক্রমের নেতৃত্ব দেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময় ৮জনকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ফুটপথের ওপর পাখির খাচা রাখার অপরাধে বিক্রেতা মো. মনির হোসেন ও মো. ইলিয়াস হোসেনকে ৫ হাজার, দরজা বিক্রেতা আবু মুসাকে ৩ হাজার, ফুটপথে বেসিন স্থাপন করার অপরাধে হোটেল ব্যবসায়ী মো. সোহেলকে ২ হাজার ৫শ, ফুটপাতের উপর গ্যাসের চুলা রাখার অপরাধে হোটেল ব্যবসায়ী মো. রবিউল আলম আরিফকে ৩ হাজার, ফুটপাতের ওপর ফলের ঝুড়ি রাখার অপরাধে ফল বিক্রেতা মানজুল মোল্লা ও হারুনকে ৫ হাজার টাকা এবং ফুটপাতের উপর স্যানিটারী সামগ্রী রাখার অপরাধে মো. আল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সড়ক ও ফুটপথে বিদ্যমান অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। কেসিসি’র এস্ট্রেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।











































