স্পোর্টস ডেস্ক
নাহিদ রানার আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। গতির ঝড় তুলে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ লণ্ডভণ্ড করেছেন রানা। আগের দিনের ১ উইকেটসহ তৃতীয় দিন তুলে নিয়েছেন আরও ৪ উইকেট। প্রথমবারের মতো ক্যারিয়ারে পেলেন ৫ উইকেটের দেখা। শুধু উইকেটই নয় তার বলে শরীরে আঘাত পেয়েছেন কেমার রোচসহ একাধিক উইন্ডিজ ব্যাটার।
তবে নাহিদ রানা যে এমনটা করতে পারেন, সেটা জানত টিম ম্যানেজমেন্ট। যেখানে বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদ রানার প্রশংসায় বলেছেন—ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট পাবেনই।
মেহেদী হাসান মিরাজের দল প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তাতে লিড দাঁড়িয়েছে ২১১ রানের। বলা যায় বেশ সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ। এর বড় কৃতিত্ব ফাস্ট বোলার নাহিদ রানার।
নাহিদ রানার প্রসঙ্গে দিন শেষে বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন, আপনি আসলে উইকেট পাবেনই। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে।’
এদিকে বিসিবি প্রকাশিত এক ভিডিওতে নিজের বোলিং নিয়ে কথা বলেছেন নাহিদ রানাও। কোন উপায়ে মিলছে সাফল্য, জানিয়েছেন তিনি, ‘ব্যাটসম্যানরা এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’
ম্যাচে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে এই ফাস্ট বোলার বলেন, ‘আমরা এখন ভালো জায়গায় আছি, এখান থেকে যদি ২৫০ রানের ওপরে যেতে পারি, চার নম্বর দিনে উইকেট কঠিন হবে, বাউন্স অসমান থাকবে, স্পিনাররা টার্ন পাবে, চার নম্বর দিন থেকে ভালো কিছু একটা বের করব ইনশা আল্লাহ।’











































