স্পোর্টস ডেস্ক
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে ম্যাচ বাংলাদেশের দিকেই অনেকটা হেলে পড়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রেভস মনে করেন, ম্যাচে এখনও যথেষ্ট ভারসাম্য রয়েছে। যেখানে চতুর্থ দিনে তাদের লক্ষ্য ভালো বোলিং করে লক্ষটাকে নাগালে রাখা।
প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হওয়া টাইগাররা নাহিদ রানার আগুনে বোলিংয়ে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেয় ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তাতে লিড দাঁড়িয়েছে ২১১ রানের।
জ্যামাইকার এই মাঠে সর্বোচ্চ ২১২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০০৩ সালে শ্রীলংকার বিপক্ষে এই রেকর্ড গড়েছিল স্বাগতিক উইন্ডিজ। তবে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে নিশ্চয়ই আরও রান যোগ করবে বাংলাদেশ। তাই টাইগারদের স্বপ্ন উজ্জ্বল হয়েছে।
ফলে স্বাগতিকরা চাপে আছে বলেই মনে হওয়ার কথা। তবে গ্রেভসের বিশ্বাস, শেষ ইনিংসে দারুণ ব্যাট করে তারা পুষিয়ে দিতে পারবেন। গ্রেভস বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি, ম্যাচ এখনও ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। অবশ্যই আমরা প্রথম ইনিংসে ব্যাটিং ভালো করিনি। তার পরও মনে করি, ম্যাচে ভারসাম্য আছে এখনও।’
তিনি আরও বলেন, ‘(উইকেটে) চ্যালেঞ্জ খুব বেশি আছে বলে মনে হয় না। আমাদের আউটগুলোর দিকে যদি তাকান, বেশ কয়েকটি আউটকে ‘আলগা’ বলতে পারি আমরা। আমি মোটামুটি নিশ্চিত, দ্বিতীয় ইনিংসে আমরা অনেক ভালো ব্যাট করব।’
শেষ ইনিংসে সম্ভাব্য লক্ষ্যের একটি ছবিও এঁকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তিনি বলেন, ‘ওরা যত রানই করুক, সেটিকে খুব বেশি মনে করা যাবে না আমাদের। অবশ্যই আমাদের চাওয়া থাকবে ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যেই রাখতে (লক্ষ্য)। এটা বেশ ভালো ব্যাটিং উইকেট, আচরণ খুব একটা বাজে নয় এখনও। আমাদের ব্যাটসম্যানরা যদি থিতু হতে পারে, ২৫০ থেকে ২৭৫ হতে পারে ভালো একটি স্কোর (রান তাড়ার জন্য)।’











































