নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে কয়েক বছর ধরে বেড়েছে পাখির আনাগোনা। শীতে শুধু অতিথি পাখিই নয়, বছরের বেশিরভাগ সময়ই দেশি-বিদেশি নানা জাতের পাখির দখলে থাকে গ্রামটি। এক কিলোমিটার দূর থেকেই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। পাখির কলকাকলিতে মুখরিত থাকে এলাকা। একটু কাছে গেলেই আওয়াজ বেড়ে যায়। দুই চোখ যেদিকে যায় শুধু পাখি আর পাখি। এ গাছ থেকে ও গাছে উড়ে বেড়াচ্ছে। পড়ছে লেকের পানিতেও।
পাখির রাজ্যকে ঘিরে পানিপাড়া গ্রামে ৫০ একর জমিতে গড়ে উঠেছে অরুণিমা রিসোর্ট (ইকোপার্ক)। মানুষের পাশাপাশি এই রিসোর্ট পাখিদেরও অভয়ারণ্য হয়ে উঠেছে। গ্রামের বাঁশঝাড়, গাছগাছালির পাশাপাশি রিসোর্টের ব্যালকনি, জানালা, ঘুলঘুলিতে নির্ভয়ে, নিঃসংকোচে উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে পাখি। এখানকার লেকে বসেছে বিভিন্ন জাতের দেশি-বিদেশি পাখির মেলা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ছায়া সুনিবিড় মনোমুগ্ধকর পরিবেশ থাকায় এখানে দেশি-বিদেশি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এছাড়া লেকের চারপাশে রয়েছে বিভিন্ন প্রকার ফলজ, বনজ, ও ঔষধি গাছ। আরো রয়েছে কৃষিভিত্তিক খামার।
সরেজমিন দেখা গেছে, লেক ভরা মাছ। লেকের পাড়ে শাক-সবজির চাষাবাদ এবং বনজ ও ভেষজ মিলিয়ে রিসোর্টের চারপাশে রয়েছে লক্ষাধিক গাছপালা। বিভিন্ন প্রজাতির বক, দোয়েল, কোয়েল, ঘুঘু, কোকিল, শালিক, চড়ুই, হাঁস, মদনটাক, পানকৌড়িসহ নানা জাতের দেশি-বিদেশি পাখি লেকের পানি ও বিভিন্ন গাছে বিচরণ করছে। কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের মো.শামীমুর রহমান বলেন, বছরের ৯ মাসই রিসোর্ট গলফ ক্লাবে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি বিচরণ করে থাকে। পাখির কিচিরমিচির শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। একঘেঁয়ে জীবন থেকে এখানকার প্রকৃতির কোলে এসে পর্যটকরা মুগ্ধ হন। তারা এখানে এসে হারিয়ে যান প্রকৃতির মাঝে। শিশু-কিশোররাও চিত্তবিনোদনের জন্য প্রতিদিন বিকেলে ছুটে আসেন এখানে।
ভোরের আলো ফুটতে না ফুটতেই বক, সারস, শ্যামা, দোয়েল, কোয়েল, ঘুঘু, কোকিল, শালিক, চড়ুই, হাঁস, মদনটাক, পানকৌড়িসহ নানা জাতের দেশি-বিদেশি চেনা-অচেনা অসংখ্য পাখি চলে যায় খাদ্যের সন্ধানে। খাবারের জন্য ভিন্ন ভিন্ন স্থানে গেলেও বেলা গড়াতেই আবার ফিরে আসে তাদের চিরচেনা অরুণিমার রিসোর্টের (ইকোপার্ক)আস্তানায়। পাখিদের কল্যাণে পানিপাড়া গ্রামে সৃষ্টি হয়েছে পর্যটনের ভরপুর সম্ভাবনা। পাখি দেখতে দূর-দূরান্ত থেকে পানিপাড়া গ্রামে আসছেন দর্শনার্থীরা। একসঙ্গে এত পাখি দেখার সুযোগ পাওয়া বিরল ঘটনা বলে মনে করেন তারা।
পাখি দেখতে ঢাকা থেকে আসা হুমায়ুন কবীর নামে এক ব্যক্তি বলেন, সকালে পাখিগুলা এখান থেকে চলে যায়। আবার বিকেলের দিকে ফিরে আসে। এ দৃশ্য ঢাকাতে বসে দেখা সম্ভব নয়, তাই এখানে দেখতে এসেছি। খুবই ভালো লাগছে। ডিসেম্বরের মাঝামাঝি এলে হয়তো পাখির সংখ্যা আরো বাড়বে। যারা বাইরে থাকেন তাদের অরুনিমা রিসোর্ট ও গলফ ক্লাবে পাখি দেখতে আসার আহ্বান জানান তিনি।
দর্শনার্থী সেকেন্দার জানান, প্রতিবছরই তিনি কখনো একা অথবা পরিবারের সদস্যদের নিয়ে পাখিদের এই অভয়ারণ্য দেখার জন্য এখানে আসেন। মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য, বিশেষ করে এখানকার পাখিদের এই অবাধ বিচরণের যে কোনো বিকল্প নেই, তা এখানে না এলে বোঝা যেত না। এখানে এলে শুধু পাখিই নয়, দেখা যায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ। যেগুলো পাখিরা তাদের বাসস্থান হিসেবে ব্যবহার করে। এছাড়া এখানে রয়েছে নয়নাভিরাম একটি প্রাকৃতিক লেক, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এদিকে, প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে শত শত বিনোদনপ্রিয় মানুষ ও পর্যটক আসছেন এ অরুনিমা ইকোপার্কে। উপভোগ করছেন প্রকৃতিকে, আবার ফিরে চলে যাচ্ছেন। দেশি-বিদেশি পর্যটকদের আবাসিক সুবিধার জন্য এখানে রয়েছে সুইমিং পুল, এসি, নন-এসি ৩৪টি কটেজ। এক রুমবিশিষ্ট ভাসমান কটেজ রয়েছে দুটি। এখানে আবাসিক বোটসহ প্রতিটি কটেজেই রয়েছে খাবারের সু-ব্যবস্থা। লেকের মাঝে রয়েছে দ্বীপ রেস্টুরেন্ট, চিত্রা কনভেনশন হল, এসএম সুলতান লাউন্স, দ্বীপ কটেজেস এবং সরকার অনুমোদিত টিপসি বার। ভাসমান ব্যাংককুয়েট। এ রেস্টুরেন্টে দেশি-বিদেশি খাবার, ফলের জুস, নিজস্ব খামারে উৎপাদিত সবজি ও মাছের ফ্রাইসহ আরো আছে বারবিকিউ। এখানে আছে ৪০০ জনের সেমিনার বা কনফারেন্সের ব্যবস্থা। এছাড়াও রয়েছে প্রায় একশ’ জনের আবাসিক সুবিধা। দর্শনার্থী লোহাগড়া প্রেসক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর বলেন, গাছে গাছে যেমন ফুল ধরে তেমনই মনে হচ্ছে গাছে গাছে পাখি ধরেছে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আসে। আর এত সুন্দর পরিবেশ দেখে যেকোনো মানুষের মন ভালো হয়ে যাবে। তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মহাজন বাজারে নবগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হলে দর্শনার্থীদের সংখ্যা দিনদিন আরো বৃদ্ধি পাবে। অরুনিমা রিসোর্ট ও গলফ ক্লাবের ম্যানেজার মুনিব খন্দকার বলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। দর্শনার্থীরা মুগ্ধ হন দেশি-বিদেশি বিভিন্ন জাতের পাখির কলতানে। তিনি দাবি করেন, এটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ পাখির অভয়াশ্রম। নিরাপদ স্থান মনে করে এখানে দেশ-বিদেশের নানা প্রজাতির পাখি অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত অবস্থান করে থাকে। তিনি আরো বলেন, পাখিগুলো দিনে খাবার সংগ্রহে বের হয় আর বিকেল ৪টা বাজলে নীড়ে আসতে শুরু করে। পাখি দেখতে দেশের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ এখানে আসেন। উপভোগ করেন দেশি-বিদেশি পাখিসহ এখানকার মনোমুগ্ধকর পরিবেশ।











































