স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার শিবিরে সুখবর। চোট কাটিয়ে লা লিগায় আজ শনিবার লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ফিরতে যাচ্ছেন লামিন ইয়ামাল।
এর আগে এ মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান এই স্প্যানিশ উইঙ্গার। ফলে বার্সেলোনার সবশেষ তিন ম্যাচে রিয়াল সোসিয়েদাদ, সেল্তা ভিগো ও ব্রেস্তের বিপক্ষে খেলতে পারেননি।
১৭ বছর বয়সী এই ফুটবলারকে এই মাসে নেশন্স লিগে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ম্যাচেও বাইরে থাকতে হয়।
ইয়ামাল ছাড়া বার্সেলোনা লা লিগায় সবশেষ দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে। যেখানে সোসিয়েদাদের বিপক্ষে হারের পর ড্র করেছে সেল্তার বিপক্ষে। পরে চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছে কাতালান দলটি।
এদিকে সেল্তার বিপক্ষে লাল কার্ড পাওয়া মিডফিল্ডার মার্ক কাসাদো খেলতে পারবেন না এই ম্যাচে। তার জায়গায় গাভি শুরুর একাদশে ফিরবেন বলে জানিয়েছেন ফ্লিক। এসিএল চোটে এক বছর বাইরে থাকার পর গত মাসে মাঠে ফেরা এই মিডফিল্ডার এখনও কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেননি।
লিগে ১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।










































