স্টাফ রিপোর্টার।।
খুলনায় স্বামী গৌতম মন্ডলকে অচেতন করে স্বর্ণের ‘দোকান লুট’ করার অভিযোগ উঠেছে স্ত্রী হৃদিকা পালের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের গৌতম জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জুয়েলার্স মালিক গৌতমকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘শুনেছি, স্ত্রী তার স্বামীকে অচেতন করে দোকান থেকে স্বর্ণ লুট করে নিয়ে চলে গেছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। জুয়েলার্সের মালিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
হাসপাতালে চিকিৎসাধীন জুয়েলার্সের মালিক গৌতম বলেন, ‘বনানীর একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হৃদিকা পাল নামে এক নারীর সঙ্গে আমার সম্পর্ক হয়। এরপর তাকে বিয়ে করি। বুধবার রাতে সে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে আমাকে খাওয়ায়। আমি ঘুমিয়ে পড়ি। পরে সকালে শুনি, আমার দোকানে থাকা স্বর্ণালঙ্কার লুট হয়েছে। আমার ধারণা, অচেতন করে বৃহস্পতিবার ভোরে আমার স্ত্রী চাবি নিয়ে জুয়েলার্সের দোকান লুট করে নিয়ে গেছে। প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে লুট করে পালিয়ে গেছে।’
গৌতমের বৌদি অর্চনা জানান, শুনেছি, গৌতমের স্ত্রী তার দোকান লুট করেছে।
গৌতম জুয়েলার্সের পাশের দোকানি সাথী জুয়েলার্সের মালিক স্বপন খান বলেন, সকালে দোকান খোলার পর ১১টার দিকে দোকানের সামনে দাঁড়ালে আরেক দোকানদার বলেন, গৌতমের দোকানে একটি তালা লাগানো রয়েছে। অথচ সবসময় একাধিক তালা লাগানো থাকে। সন্দেহ হলে জুয়েলার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, সবকিছু শুনেছে। ধারণা করা হচ্ছে, ভোর ৫টার দিকে নৈশপ্রহীররা চলে যাওয়ার পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, দুইদিন আগে জেনেছি, গৌতম আবার বিয়ে করেছে। শুনেছি, সেই স্ত্রী ও তার ভাই গৌতমের পূজাখোলার বাড়িতে তাকে খাবারের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করে। পরে চাবি নিয়ে দোকান লুট করেছে।
এদিকে খালিশপুর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।











































