Home খেলাধুলা ৪২ রানে অলআউট হয়ে যেসব লজ্জার রেকর্ড গড়ল শ্রীলংকা

৪২ রানে অলআউট হয়ে যেসব লজ্জার রেকর্ড গড়ল শ্রীলংকা

22


স্পোর্টস ডেস্ক

ডারবানে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে গতকাল বুধবার। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও কিছুটা সময় ব্যাট করে ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দিয়ে লিডের স্বপ্ন দেখেছিল শ্রীলংকা। তবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা।


মাত্র ১৩ ওভার ৫ বল খেলতে পেরেছে লংকানরা। সফরকারী ব্যাটারদের ওপর হিমস্রোত বইয়ে দিয়েছেন পেসার মার্কো জেনসেন। ৬ ওভার ৫ বল করে মাত্র ১৩ রানের বিনিমেয়ে নিয়েছেন ৭ উইকেট। বাকি ৩ উইকেটের দুইটি জেরাল্ড কোয়েটজি ও একটি কাগিসো রাবাদার। শ্রীলংকার হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল কামিন্দু মেন্ডিস (১৩) ও লাহিরু কুমারা (১০*)।

৪২ রানে অলআউট হয়ে লজ্জার একাধিক রেকর্ড গড়েছে শ্রীলংকা। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান। এর আগে ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হওয়া ছিল তাদের ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস। ডারবানে এটি কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন। এর আগে, ২০১৩ সালে কেপ টাউনে নিউজিল্যান্ডের ৪৫ রানে অলআউট ছিল প্রোটিয়াদের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন রান।

অন্যদিকে, বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের শেষ একশ বছরের ইতিহাসে সর্বনিম্ন। সবমিলিয়ে টেস্টের প্রায় ১৪৭ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন বল খেলার ঘটনা। টেস্ট ইতিহাসে কোনো একক ইনিংসে সবচেয়ে কম ইনিংস আবার খেলেছে এই দক্ষিণ আফ্রিকাই। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৫ বল টিকেছিল প্রোটিয়ারা।

নিজেরা ১৯১ রানে অলআউট হওয়ার পর লংকানদের ৪২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এরই মধ্যে প্রোটিয়াদের রান ত্রিশ ছাড়িয়েছে। বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।