অধ্যাপক ডা. মো. সেতাবুর রহমান।।
ক্যানসারের ক্ষেত্রে অনেক সময় সুস্পষ্ট কারণ চিহ্নিত করা যায় না। তবে স্বাস্থ্যকর জীবনযাপন অনেক ক্ষেত্রে ক্যানসার প্রতিরোধে সহায়ক। প্রাথমিক পর্যায়ে ৮০ শতাংশ ক্যানসার এ উপায়ে প্রতিরোধ করা যায়। এ জন্য প্রয়োজন সচেতনতা। ক্যানসারের কারণ ও ঝুঁকি সম্পর্কে সবার জানা থাকলে জটিল এ রোগ থেকে অনেক মানুষ মুক্ত থাকতে পারবে। গবেষকদের মতে, ৩০ শতাংশ ক্যানসারের জন্য দায়ী আমাদের খাদ্যাভ্যাস। এছাড়া ধূমপানজনিত কারণে মানুষের ক্যানসার হয় ৩০ শতাংশের মতো। তাই ক্যানসার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে উন্নত দেশগুলোয় নারীদের ফুসফুস ক্যানসার ছাড়া সব ধরনের ক্যানসারে মৃত্যুর হার কিছুটা কমে এসেছে বলেও বিভিন্ন গবেষণা থেকে জানা যায়। আর এটা সম্ভব হয়েছে রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের জ্ঞান ও চিকিৎসালব্ধ কাজের দক্ষতা এবং তা প্রয়োগ এবং রোগীর জীবনধারায় ইতিবাচক পরিবর্তনে।
প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ : খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্য দিয়ে নিজে নিজেই প্রাথমিক পর্যায়ে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের প্রয়োজন নেই। দেশে মুখ, ফুসফুস, কণ্ঠ, গলনালি ও খাদ্যনালির ক্যানসার বেশি হয়। মূলত এ জন্য দায়ী তামাকপাতা ও তামাকপাতা দিয়ে তৈরি দ্রব্য (জর্দা, গুল) সেবন ও ধূমপানের বদভ্যাস। শুধু তামাকপাতা চিবানোর কারণে দেশে ২০ শতাংশ মানুষ মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে থাকে। পৃথিবীর যেসব দেশে এ অভ্যাস নেই, সেখানে মুখের ক্যানসারে আক্রান্তের হার ১ থেকে ৩ শতাংশ। ফুসফুসের ক্যানসারের ৮০ শতাংশের বেশি হয় ধূমপানের কারণে। অধূমপায়ীর তুলনায় ধূমপায়ীর মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্তের হার ২০ গুণ বেশি। কাজেই ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন করা থেকে বিরত থাকলে দেশে ক্যানসারে আক্রান্তের হার অনেকাংশে কমানো সম্ভব। এ নিয়ে জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালসহ দেশের অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। আরও বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে, মদ্যপান শুধু যকৃতের ক্যানসারের জন্যই দায়ী, তা নয়, বরং এটি মুখ, গলনালি ও খাদ্যনালির ক্যানসারের জন্য বড় কারণ। বেশি বেশি চর্বিযুক্ত খাবার ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া বৃহদন্ত্র, স্তন ও প্রোস্টেট ক্যানসারের জন্য দায়ী। এর বিপরীতে বেশি বেশি ফাইবারযুক্ত খাবার (শাকসবজি, ফলমূল) বৃহদন্ত্রের ক্যানসার প্রতিরোধে সহায়ক হয়।
দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ : এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সার্জারি, রেডিওথেরাপি ও কেমোথেরাপি নিন। এতে ৩৫ শতাংশ ক্যানসার রোগীকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। আক্রান্ত হওয়ার শুরুর দিকে রোগ নির্ণয় করা সম্ভব হলে, রোগীকে চিকিৎসা দিতে পারলে এ হার বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা যাবে। তাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। তবে সবার আগে প্রয়োজন ক্যানসার নিয়ে সচেতন হওয়া, স্বাস্থ্যকর জীবনযাপন করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়মিত পরামর্শ গ্রহণ।
লেখক : সিনিয়র কনসালট্যান্ট, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ধানমন্ডি, ঢাকা
০১৭৪২৩০৪২৪৬; ০৯৬৬৬৭১০০০১











































